পানছড়ি উপজেলার সীমান্তবর্তী সাতটি গ্রামের হাজারো মানুষের দিন কাটে প্রকৃতির দয়ায়। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, বিশুদ্ধ খাবার পানিসহ জীবনের মৌলিক অধিকারগুলো থেকে তারা বঞ্চিত। কোনো যোগাযোগব্যবস্থাও নেই। পানছড়ি উপজেলার ১৪ কিলোমিটার দূরে দুধুকছড়া। দুধুকছড়া থেকে আরও ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে দুর্গম এই গ্রামগুলো যুগ যুগ ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত।উপজেলার সবচেয়ে উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ছোটবড় অসংখ্য পাহাড়ের মধ্যে অবস্থিত গ্রামগুলো। চারদিকে গভীর জঙ্গল আর অসংখ্য ছোটবড় পাহাড়। আর এসব পাহাড়ের মাঝে লোগাং ইউনিয়নের শান্তিবিকাশপাড়া, পানছড়ি ইউনিয়নের শম্বুকরায়পাড়া, চেংগী ইউনিয়নের খরানশিংপাড়া, তক্কীরায়পাড়া, শনখোলাপাড়া, শ্রীকুন্তিমা ছড়া, দুর্গমুনিপাড়ায় তিন শতাধিক ত্রিপুরা ও চাকমা পরিবারের বাস। গভীর জঙ্গল, উঁচু-নিচু টিলার মেঠোপথ বেয়ে তাঁদের আসা-যাওয়া করতে হয়। পাহাড়ের চূড়ায় চূড়ায় কাঁচা ঘরবাড়ি, মাচাংঘর। ঝোপঝাড়ে পরিপূর্ণ রাস্তা। বনজঙ্গল ঠেলে যেতে হয় এ বাড়ি-থেকে ও বাড়ি। এ গ্রামগুলো থেকে দুই বা আড়াই কিলোমিটার গেলেই ভারতের কাঁটাতারের বেড়া।সম্প্র্রতি কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, এলাকায় নেই বিদ্যুৎ, হাসপাতাল, ক্লিনিক। বিশুদ্ধ পানীয় জলের জন্য নেই কোনো নলকূপ-রিংওয়েল। তাই কুয়া বা ঝরনার পানি তাদের একমাত্র ভরসা। রাস্তায় ইট বিছানো নেই। সেই রাস্তায় যন্ত্রচালিত কোনো যান চলে না। গ্রামে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। যেখানে-সেখানে মলমূত্র ত্যাগের ফলে চারিদিকে দুর্গন্ধ। দূষিত পানি পান করে প্রতিনিয়ত ম্যালেরিয়া, ডায়রিয়া, টাইফয়েড, আমাশয়, পেটের পীড়াসহ নানা রোগের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় তাদের। লোগাং ইউনিয়নের শান্তি কার্বারিপাড়ার টুতটুবি চাকমা, স্নেহ রঞ্জন চাকমা বলেন, ‘৪১টি পরিবারের জন্য রয়েছে একটি নলকূপ। পানি আনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সে জন্য কুয়ার বা ছড়ার পানি একমাত্র ভরসা। নলকূপের জন্য ইউপি চেয়ারম্যানের কাছে অনেকবার আবেদন করা হয়েছে। তবুও পাওয়া যায়নি। আমাদের আশপাশে সরকারি-বেসরকারি কোনো স্কুল নেই। ছেলেমেয়েরা শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।’ খরানশিংপাড়ার মেম্বার খগেন্দ্র ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ‘আমরা সীমান্তবর্তী মানুষ। আমাদের কেউ খোঁজ নেয় না। আমাদের আজীবন অবহেলিত থাকতে হবে। গ্রামের অধিকাংশ লোকজন স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে না। খুব বেশি অসুখ হলে স্থানীয় বিজিবি ক্যাম্পের সহযোগিতা নিই। তাঁরা আমাদের কিছু ওষুধ দেয়।’শম্বুকরায়পাড়ার হলিন্দ্র ত্রিপুরা বলেন, ‘চিকিৎসাসেবা প্রদানের জন্য নেই কোনো কমিউনিটি ক্লিনিক। সামান্য অসুখ হলেই একমাত্র ভরসা স্থানীয় বৈদ্য ও কবিরাজ। জটিল রোগে আক্রান্ত রোগীকে গভীর বনজঙ্গলের উঁচু-নিচু পাহাড়ের মেঠোপথ বেয়ে উপজেলা সদরে নিয়ে যেতে হয়। অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে যেতে যেতেই অনেকে মারা যায়।’ চেংগী ইউপি চেয়ারম্যান অনিলচন্দ্র চাকমা ও লোগাং ইউনিয়নের চেয়ারম্যান সমর বিকাশ চাকমা বলেন, যোগাযোগ, শিক্ষা, পানীয় জলের সুব্যবস্থা, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।এ প্রসঙ্গে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘এখানকার প্রত্যন্ত এলাকার আদিবাসীরা অত্যন্ত গরিব। অর্থের অভাবে অনেক ছেলেমেয়ে লেখাপড়া করতে পারে না। দুর্গম এলাকাবাসীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য যোগাযোগ, শিক্ষা, পানীয় জলের সুব্যবস্থা, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণসহ, স্বাস্থ্য সচেতনতার জন্য উদ্যোগ নেওয়া হবে।’