
‘লেখাপড়ায় বেশি এগোতে পারে নাই, কিন্তু আমাদের ছেলে সিদ্দিক খেলাধুলায় অংশ নিয়ে দেশে ও বিদেশে চ্যাম্পিয়ন হয়ে সুনাম করছে। দেশের মুখ উজ্জ্বল করার জন্য প্রতিটি ঘরে এ রকম ছেলে যেন জন্ম নেয়, সে দোয়া করি।’ গলফার সিদ্দিকুর রহমানের মা ফিরোজা বেগম দেখা হওয়ার শুরুতেই এ কথাগুলো বললেন। তখন তাঁর মুখে হাসি আর চোখ চকচক করছে ছেলের সাফল্যে।
১০ নভেম্বর আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট ৫০তম দিল্লি ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর দেশের মানুষ যেমন আনন্দে ভাসছে, তেমনি খুশির বন্যা সিদ্দিকুরের পরিবারে। সিদ্দিকের মা-বাবা ও ভাইয়ের সঙ্গে কথা হয় মাদারীপুরে তাঁদের বাড়িতে।
১৫ নভেম্বর মাদারীপুরের টেনিস ক্লাবের শিক্ষক বিদ্যুৎ চক্রবর্তীকে ফোন করে গলফার সিদ্দিকের বাড়ির ঠিকানা চাই। তিনি নিজেই নিয়ে চলেন মাদারীপুর সদর থানার চরমুগুরিয়ার পাকদী গ্রামে সিদ্দিকুরের বাড়িতে। মোটরবাইকে ১০ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই নতুন বাসস্ট্যান্ডে। সেখানে সবাই চেনেন সিদ্দিকের বাড়ি। এখানে পাকদী মসজিদের পাশে গলির শেষ মাথায় একটি টিনের ঘর দেখিয়ে দেওয়া হলো আমাদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আশপাশের জায়গাগুলো সারা বছরই কর্দমাক্ত থাকে। এগিয়ে যেতেই দেখলাম আমাদের জন্য অপেক্ষা করছেন বয়স্ক এক ব্যক্তি। নিজেই এগিয়ে এসে বললেন, ‘আমি হাজি আফজাল হোসেন, সিদ্দিকের বাবা।’ আমাদের ঘরে নিয়ে বসালেন।

ঘরের চাল টিনের হলেও মেঝেটা মাটির। দরজার ওপরে কাঠের ঝোলানো ২০১২ সালে বিটিআই গলফ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কাপসহ গলফার সিদ্দিকের ছবি। বাবা ছাড়া বাড়িতে তখন সিদ্দিকের মা ফিরোজা বেগম ও ছোট ভাই সফিকুল। আফজাল হোসেন জানালেন, স্বাধীনতার আগে পাকদী গ্রামেই থাকতেন। স্বাধীনতার পরে বাঁচার তাগিদে সিদ্দিকসহ চার ছেলেকে নিয়ে ঢাকা সেনানিবাসের দামাল কোর্ট এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তিনি। পেশায় বেবিট্যাক্সিচালক।
নিম্নবিত্ত পরিবারের ছেলে সিদ্দিকের গলফার হয়ে ওঠার কাহিনি গত কয়েক বছরে অনেকেরই জানা। সিদ্দিকের কারণে গলফ বিশ্ব যেমন চিনেছে বাংলাদেশকে, তেমনি তাঁর তিন ভাইও হাঁটা শুরু করেছেন একই পথে। ফিরোজা বেগম বললেন, ‘সিদ্দিকের পাশাপাশি আমার তিন ছেলে কুর্মিটোলা ও আর্মি গলফ ক্লাবে কাজ শিখছে আবার গলফ খেলার প্রশিক্ষণও নিচ্ছে। বলতে পারেন, আমাদের পরিবার গলফার পরিবার।’