‘আমাদের জামাই মুসা ইব্রাহীম’
‘আম্মা দেশ তোলপাড় হয়ে গেল আর আপনি কোথায় পড়ে আছেন।’ আমার ছেলে ফোনে কথাটা আমাকে বলল। আসলে মুসার খবরে যখন দেশ তোলপাড় আমি তখন পাবনার একটা গ্রামে। আমি ওই মুহূর্তেই আসতে পারছিলাম না। আমার ঘনিষ্ঠ একজন আত্মীয় মারা গেছেন, তাই। আমার একটা অভিমানও হচ্ছিল, সাংবাদিকেরা আমাকে বা আমার ছেলেমেয়েকে খুঁজল না, আমাদের অনুভূতি জানতে চাইল না। মুসা যখন এভারেস্টে যায় আমি তো রিমির (উম্মে সরাবন তহুরা) কষ্টের সবচেয়ে কাছের একজন মানুষ, আমি ওর কষ্টগুলো দেখতাম আর নিজেও কষ্ট পেতাম। আমার স্বামী, ছোট বোন, মা আমাকে বলতেন, এই মুহূর্তে রিমির কাছ থেকে আমার কোথাও যাওয়া উচিত নয়। কিন্তু আমার শাশুড়ির অসুস্থতার কারণে রিমিই আমাকে পাঠাল ঘুরে আসতে। আর এই মুহূর্তেই দেশ তোলপাড় হলো মুসার খবরে। ওখানে খবরের কাগজ পৌঁছাতে সময় লাগে। তাই সারা দিন অপেক্ষায় থাকি খবরের কাগজের জন্য। ওদিকে ডিস লাইন না থাকায় খবর দেখতেও পারছিলাম না। মাত্র একদিন বিটিভির খবর দেখেছি। আমার দম বন্ধ বন্ধ ভাব। মনে হচ্ছিল, তখনই ছুটে আমি রিমির সঙ্গে ভাগাভাগি করি এই আনন্দ, কিন্তু ঘনিষ্ঠ একজন মানুষকে হারিয়ে আটকে যাই। তবে সবাই যখন জানল, এভারেস্ট যে জয় করেছে সে ছেলে আমাদের জামাই, দলে দলে ছুটে আসতে লাগল বাজারে পত্রিকায় ছবি দেখতে। সবাই তো আর পত্রিকা রাখে না। দুই-একজন যা রাখে তার ওপরই হুমড়ি খেয়ে পড়ে সবাই। আমাদের আপন মানুষ এভাবে এভারেস্টে পায়ের চিহ্ন রেখে এল, পত্রিকা পড়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে সবার। সবারই এখন এই ছেলেকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে। মুসাকে আর আমি কী বলব। ও তো অভিনন্দনের ভেলায় ভাসছে। ওর মা যেমন ভয় পেত, কষ্ট পেত; আমিও ভয় পেতাম, কষ্ট পেতাম। ওর মা আমাকে বলত, আপনি ‘না’ করতে পারেন না? আমি বলতাম, আপনার ‘না’ শোনে না, আমারটা শুনবে কেন? খুব ভয়ে থাকতাম, কষ্টে থাকতাম। মুসা আমাকে ভয় দেখায় পর্বতে উঠে উঠে। আর ওর ছেলে আমাকে ভয় দেখায় বই থেকে জোঁক, শুয়ো পোকা আর বিছা দেখিয়ে। উহু, উহু, উহু বলে। আমি আর ভয় পেতে চাই না। ভয় পাই না। আমার দোয়া বাকি জীবন মুসা আর রিমি ওর ছেলেকে নিয়ে সুখে থাক।