
আমাদের প্রচলিত উচ্চশিক্ষাব্যবস্থা সনদনির্ভর। পড়ালেখা শেষ করে সবার উদ্দেশ্য থাকে একটি চাকরি পাওয়া। অথচ মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা কোরিয়ার ছেলেমেয়েরা চাকরির পেছনে না ছুটে নিজেরাই এখন চাকরি দিচ্ছেন। কারণ, তাঁদের শিক্ষাব্যবস্থা একজন তরুণকে সেভাবে গড়ে তুলছে।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ) আয়োজিত পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) অফিস অব প্রমোশন অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক এস এম আবদুল কুদ্দুস। গত শনিবার সকালে নগরের প্রবর্তক মোড়ে ইডিইউর প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্পিকারের বক্তব্য দেন। ২০১৭ সালের স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এস এম আবদুল কুদ্দুস আরও বলেন, উন্নয়নশীল বেশির ভাগ দেশ তাদের মেধাবী তরুণদের কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। অথচ সেখান থেকে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। আমাদের তরুণেরাও সমাজ পরিবর্তনে একজন ম্যাজিশিয়ান হতে পারেন। যদি তঁাদের নিয়ে সেভাবে চিন্তা করা হয়। সরকারের উচিত এসব মেধাবীদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া।
ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান তাঁর বক্তব্যে বলেন, গুণগত শিক্ষা নিশ্চিতের মাধ্যমে আমরা এমন একধরনের প্রজন্ম তৈরি করার চেষ্টা করছি, যারা বাংলাদেশকে বহু দূর নিয়ে যাবে। ইডিইউর কোর্স কারিকুলামও কর্মমুখী শিক্ষাকে অনেক বেশি উৎসাহিত করে।
ইডিইউর অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকার মোহাম্মদ রোসানগীর, ট্রেজারার শামস-উদ-দোহা, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট পরিচালক শাফায়েত চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, প্রক্টর শাহ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি