‘আমার আর পেট পুরি পুরি থা ন পরিবো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীর অরুণা চাকমা ও হূদয় চাকমাসহ গোলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী উচ্ছ্বসিত, খুবই খুশি। কেন? প্রশ্ন করতেই সবার উত্তর ‘ইচ্চ্যাত্তুন ধরি আমারে স্কুলোত খেবার দিবাক, আমার আর পেট পুরি পুরি থা ন পরিবো’ (আজ থেকে আমাদের বিদ্যালয়ে খাবার দেওয়া হবে, আমাদের আর ক্ষুধা নিয়ে থাকতে হবে না)। গত মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গোলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এমন উচ্ছ্বাস দেখা গেছে। শতভাগ ভর্তি, নিয়মিত উপস্থিতি, ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ বিদ্যালয়ে শুরু হয়েছে ‘মিড ডে মিল’ কর্মসূচি। শিক্ষার্থীদের মিষ্টি খাইয়ে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজিয়া শিরিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা ও অভিভাবকেরা।জেলা প্রশাসক বলেন, ‘কোনো শিশু যেন শিক্ষা কার্যক্রমের বাইরে না থাকে, বিদ্যালয় থেকে ঝরে না পড়ে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত হয় সেটা শিক্ষক, শিক্ষা কর্মকর্তা এবং অভিভাবকদের দেখতে হবে।’ বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি চালু থাকবে এবং শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসবে এ নিশ্চয়তা পেলে এ কর্মসূচিতে অনেক দানশীল ব্যক্তি সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিদ্যালয়ের মিড ডে কর্মসূচিতে খরচের ২৫ ভাগ জেলা প্রশাসন বহন করবে বলে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, দুর্গম এলাকাগুলোতে পর্যায়ক্রমে এ কর্মসূচি চালু করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুস্তাফিজুর রহমান সমাপনী পরীক্ষায় যেন শতভাগ পাস করতে পারে সেদিকে দৃষ্টি দিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।