সা ক্ষা ৎ কা র: মোহাম্মদ মুরসি: মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সম্প্রতি টাইম সাময়িকীকে একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারের নির্বাচিত অংশ ছাপা হলো
‘আমার কাজ জনগণের বিপক্ষে নয়’
মুসলিম ব্রাদারহুড কি গণতান্ত্রিক সংগঠন?জবাবটা হচ্ছে, ‘হ্যাঁ’। অবশ্যই ব্রাদারহুড গণতান্ত্রিক। এটা ইসলাম ধর্মের বিশ্বাস থেকে আসে। সবার জন্য স্বাধীনতা: বিশ্বাসের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, সাম্য, স্থিতিশীলতা, মানবাধিকার ইত্যাদি। এগুলো আমাদের প্রত্যয় থেকেই আসে, যা হচ্ছে গণতন্ত্র। এগুলো আমাদের দায়িত্বও। সবার জন্য স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার নিশ্চিত না করা পর্যন্ত স্থিতিশীলতা আসবে না। সবার জন্য সমান অধিকার চাই—নারী-পুরুষ, মুসলমান-খ্রিষ্টান প্রত্যেকের জন্য। অভিন্ন বিষয়টি হচ্ছে জাতীয়তা, নাগরিকত্ব—সবাই মিসরীয়। সেটাই সবচেয়ে বড় কথা। মুসলিম ব্রাদারহুড বরাবর যে চেষ্টা করে যাচ্ছে তা হলো, একটি প্রাতিষ্ঠানিক ও সংবিধানসম্মত রাষ্ট্র প্রতিষ্ঠা। আমি সত্যিকারের মতপ্রকাশের স্বাধীনতার ব্যাপারে খুবই আগ্রহী। আমি ধর্ম ও অন্যান্য বিশ্বাসের স্বাধীনতার পক্ষে। আমি একজন নির্বাচিত প্রেসিডেন্ট। আমার মূল দায়িত্ব হচ্ছে, রাষ্ট্র-তরণিকে সুষ্ঠুভাবে এই অন্তর্বর্তী সময় অতিক্রম করতে সহায়তা করা। এ মুহূর্তে ব্যক্তিগতভাবে আমার আগ্রহ হচ্ছে, স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও সামাজিক ন্যায়বিচার সমুন্নত রাখা। মুসলিম ব্রাদারহুডের বক্তব্য এ থেকে ভিন্ন কিছু নয়।বিপ্লবের পর মিসর কি বিভেদের পথে যাচ্ছে?মোটেই না। আমার মনে হয় না পরিস্থিতি সে রকম। আমি যা বুঝি তা হলো, মিসরীয়রা এখন স্বাধীন। তারা প্রেসিডেন্টের কার্যকলাপ কিংবা আর যা চলছে তা পছন্দ না করলে ভিন্নমত প্রকাশ করছে। এ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। নিজেদের মত এবং অনুভূতি প্রকাশ করতে পারা তাদের অধিকার। আপনি হয়তো সাম্প্রতিকতম জনমত জরিপগুলোর ফল দেখেছেন। দেখবেন, ৮০ শতাংশের বেশি, প্রায় ৯০ শতাংশ মিসরীয় আমি যা করেছি তার পক্ষে। আমার কাজ জনগণের বিপক্ষে নয়। আমরা এখনো শিখছি। শিখছি কীভাবে স্বাধীনের আচরণ করতে হয়। শিখছি কীভাবে বিতর্ক আর ভিন্নমত প্রকাশ করতে হয়। মিসরের ইতিহাসে এ অভিজ্ঞতা প্রথম। আপনারা কি মনে করেন সবকিছু খুব নির্বিঘ্নে হয়ে যাবে? না। যাত্রাটা উত্তাল হতে বাধ্য। আশা করি, শিগগিরই নতুন সংবিধান পাব। কাজেই দেশ কিন্তু সামনের দিকে যাচ্ছে। এক নতুন মিসরকে দেখছি আমরা।মিসর এখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র, ধর্মভিত্তিক বা জঙ্গিবাদী দেশ নয়। অনেক সমস্যা, বাধাবিঘ্ন রয়েছে। কিন্তু মিসরীয়রা সফল হবেই, ইনশা আল্লাহ।আপনার বিরুদ্ধে যে প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে, তা কীভাবে দেখেন?শান্তিপূর্ণভাবে বিরোধিতা করায় কোনো দোষ নেই। তবে সহিংস বিরোধিতা অন্য ব্যাপার। ২০১২ সাল মিসরীয়দের জীবনে, তাদের ইতিহাসের শ্রেষ্ঠ সময়। আমরা দেশের ইতিহাসে প্রথম প্রকৃত প্রেসিডেন্ট নির্বাচন দেখেছি। এটা সহজ কাজ ছিল না। আমাদের কাজ এখনো সহজ নয়। তবে এটা তো জানা কথাই যে নতুন জন্ম কখনো সহজ হয় না। বিশেষ করে, তা যদি একটি দেশের জন্ম হয়। মিসরীয় জনগণ, এ অঞ্চল এবং গোটা বিশ্বকে বলতে চাই, আমরা শান্তির বারতা নিয়ে এসেছি। আমরা কোনো ব্যক্তি বা রাষ্ট্রের বিপক্ষে নই। আমরা অন্য সবার সঙ্গে শান্তিতে সহাবস্থান করতে চাই। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে কীভাবে দেখেন আপনি?আমি তো যতটা জানি, মার্কিন জনগণ বেশ বন্ধুভাবাপন্ন। তারা সভ্য। তারা অনেক সংগ্রাম করেছে। বিশ্বের জন্য তারা অনেক কিছু করেছেও। ...আমি মনে করি, মানুষ প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় মেয়াদে বিশ্বকে আরও ভালো দেখার প্রতীক্ষায় রয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে এ সুযোগটি কাজে লাগাতে চাই। আমি চাই আমাদের মধ্যে—প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে—খুব শক্ত একটি বন্ধন তৈরি হোক। আমরা একটি নতুন পর্বে প্রবেশ করেছি। শুধু মিসর বা আরব বসন্ত-সংশ্লিষ্টরাই নয়, সারা বিশ্বের মানুষকেই অতীতের ভুলভ্রান্তি চিহ্নিত করে তা সাধ্যমতো সংশোধনের উপায় খুঁজতে হবে। এ জন্য সময় লাগবে। ভাষান্তর: ইসরাত জাহান