
সূর্যাস্তের আলোয় একজন কর্মরত, আরেকজন শুয়ে। আবার কেউ দাঁড়িয়ে ও অন্যজন মাথা নত ভঙ্গিতে। এভাবে পাঁচটি মানব ফিগারের অবয়ব পাহাড়ের কোলে। নিচে জলপ্রপাত। প্রকৃতি ও মানুষের মেলবন্ধন। হালকা নীল, কমলা ও গাঢ় রঙে এই ছবিটি এঁকেছেন শিল্পী মনসুর উল করিম। ‘আমার গন্তব্য আমার মাটি’ শিরোনামে প্রদর্শনীতে স্থান পেয়েছে চিত্রকর্মটি।
৮ ফেব্রুয়ারি চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে অ্যাক্রিলিক মাধ্যমে করা ৩৬টি চিত্রকর্ম নিয়ে শুরু হয় শিল্পী মনসুর উল করিমের ২১তম একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী উদ্বোধন করেন মনসুর উল করিমের দুমাস বয়সী নাতনি মাহ্নূর মাশরুর। অতিথি ছিলেন ওস্তাদ আজিজুল ইসলাম, আবৃত্তিশিল্পী রনজিত রক্ষিত, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার, চীনের য়ুনাল আর্টস ইউনিভার্সিটির শিক্ষক লচিং ও লেখক আলম খোরশেদ। প্রদর্শনী চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রদর্শনীতে ঢোকার পর চোখে পড়বে একজন মানুষ সামনের দিকে এগিয়ে যাওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার সামনের বাঁ দিকে কমলা রঙের প্রান্তর। ডানে নীল জলরাশির আবহ। সেখানে অগণিত লাইনের ছড়াছড়ি, জমিনে গাঢ় রঙের উপস্থিতি। কমলা, নীল, হলুদ ও বিপরীতমুখী রং নিয়ে এঁকেছেন শিল্পী।
পদ্মার পলিমাটির কোলে বেড়ে উঠেছিলেন শিল্পী। তাঁর শৈশবের স্মৃতি, মানুষের সুখ-দুঃখ, কাঠামোগত দিক বিবেচনা করে তাঁর শিল্পকর্মের মূল উপজীব্য। দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন ছবির সঙ্গে। কখনো রং নিয়ে ভাঙা–গড়া আবার কখনো ফর্মের নিরীক্ষায় মগ্ন হয়েছেন। এটা তাঁর কাজ দেখলেই বোঝা যায়। তিনি অনেকগুলো ছবিতে জমিনের বড় অংশ রেখা ও আকৃতিশূন্য রেখে চিত্রতল সাজিয়েছেন। উজ্জ্বল রঙের পরিমিত ব্যবহার একরকম স্থিরতার খোঁজ দেয়।
গ্যালারিতে স্থান পাওয়া সবগুলো কাজে একধরনের সরলীকরণ, স্পেস, রং আর রেখার দ্রুত লয় এনে দিয়েছে ছন্দ। তাঁর চিত্রপটের বৈশিষ্ট্য হলো রেখা ও উজ্জ্বল রঙের সংবেদনশীলতা। কিছু কিছু চিত্রপটের কেন্দ্র থেকে আশপাশ খালি। কখনো মোটা ব্রাশে রং চুবিয়ে ক্যানভাসে ছোপ, কখনো ছাপচিত্রের প্রিন্টের মতো ক্যানভাসে টেক্সচার। নানা নিরীক্ষায় দৃশ্য শিল্পের আবিষ্কার। যেন দেখা দৃশ্যের অনুভবে গড়া চিত্রপট। বিমূর্ত কিন্তু ছবিগুলো পর্যবেক্ষণ করলে চেনা সহজ। আমাদের চারপাশের মানুষ ও প্রকৃতির ঐক্য হাজির হয়েছে তঁার ছবিতে। প্রকৃতিতে লুকিয়ে থাকা স্নিগ্ধমায়া তুলে ধরেছেন সুনিপুণ কৌশলে। পদ্মা পুরাণ, মৃত্তিকায় অবগাহন, ফিরে দেখা, মাঠের গল্প চিত্রসম্ভারের মূর্ছনায় রঙের–রূপের মোহ ছবিতে স্পষ্ট হয়ে ধরা দেয়।
শিল্পী মনসুর উল করিম বলেন, ‘আমার শৈশব কাটে পদ্মা নদীর পাড়ে। পদ্মার পলিমাটি, তার সুখ-দুঃখ, মানুষের কাঠামোগত দিকগুলো বিবেচনা করে আমার ছবি আঁকা। আমার ছবিতে মানুষ ও প্রকৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। ছবিগুলো কেউ ভালোভাবে লক্ষ করলে স্বপ্নময় ছবি দেখবে। আমি আমার দেশের মাটি ও মানুষকে ভালোবাসি, তাঁরই স্বপ্নময় উপস্থাপন করেছি এবারের প্রদর্শনীতে।’