‘আমার বন্ধু রাশেদ’ ছবির প্রিমিয়ার শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ বাঁধা রাশেদ দাঁড়িয়ে আছে, পেছনে ছোট নদী, আর সামনে রাইফেল হাতে তিন রাজাকার। রাজাকার-সর্দার হুকুম দেন, ‘পাকিস্তান জিন্দাবাদ বল।’ জবাবে রাশেদ ইস্পাতকঠিন কণ্ঠে বলে, ‘জয় বাংলা।’ সঙ্গে সঙ্গে গর্জে ওঠে রাজাকারের রাইফেল, প্রথম গুলিটা লাগে হাঁটুতে, পরে বুকে। নদীর বুকে ছিটকে পড়ার আগে রাশেদের একটাই আকুতি—‘আপনারা আমার চোখটা খুলে দেন, এখন কি দিন না রাত! আমি একটু দেখব।’ মৃত্যুর আগে জল্লাদেরা তাঁকে দেখতে দেয়নি প্রিয় ‘জয়বাংলা’কে। তাতে কী, এ মৃত্যুতে যেন ধন্য হলো জন্ম রাশেদের। আমার বন্ধু রাশেদ ছবির শেষ দৃশ্যের সময় প্রায় সবার চোখ ছিল বেদনার জলে ভেজা। মিলনায়তন ছাড়ার সময় মিতা আজহার নামে এক দর্শকের মন্তব্য কানে এল—‘যখন রাশেদকে রাজাকারেরা গুলি করল, তখন মনে হচ্ছিল এ যেন আমারই ছেলে। কান্না আর ধরে রাখতে পারিনি।’ ২১ মে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) প্রদর্শিত হয় মোরশেদুল ইসলাম নির্মিত আমার বন্ধু রাশেদ চলচ্চিত্র। মুহম্মদ জাফর ইকবালের মক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে তৈরি এ ছবির চট্টগ্রাম প্রিমিয়ারের আয়োজন করে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মোরশেদুল ইসলাম। এ সময় তিনি উপস্থিত দর্শক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের সভাপতি শৈবাল চৌধুরী বলেন, ‘গত ডিসেম্বরে আমরা তারেক মাসুদের রানওয়ের প্রদর্শনী করেছি। আমার বন্ধু রাশেদ ছবিটির বাণিজ্যিক প্রদর্শনী হবে ২৬-২৮ জুন। ১৫ বছর আগেও আমরা ভালো ছবি দেখাতাম। কিন্তু পরে ওই ধরনের ছবি আর হয়নি, তাই দেখাতেও পারিনি। এখন হচ্ছে এটা ভালো বিষয়। আরও ভালো দিক হলো দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে।’ চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের সহসাধারণ সম্পাদক গিয়াস আহমেদ বলেন, সামনে আবু সাইয়িদের অপেক্ষা আর মনের মানুষ ছবির প্রদর্শনী করা হবে।