'আমার বলবার কথা বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী সোহাগ পারভেজ l ছবি: জুয়েল শীল
শিল্পী সোহাগ পারভেজ l ছবি: জুয়েল শীল

১৯৮১ সালে কুষ্টিয়ায় জন্ম শিল্পী সোহাগ পারভেজের। জলরঙে ছবি এঁকে পরিচিতি পেয়েছেন সারা দেশে। এ পর্যন্ত আট শতাধিক ছোটদের বইয়ের প্রচ্ছদ করেছেন। পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার। সম্প্রতি জলরঙের একটি কর্মশালা পরিচালনা করতে চট্টগ্রাম এলে প্রথম আলোর মুখোমুখি হন।
কেন জলরং?
আসলে জলরঙে দ্রুত কাজ করা যায়। তা ছাড়া কোনো একটি মুহূর্তকে অবিকল ধরেও রাখা যায়। জলের ধারা নামের সংগঠনও করেছি আমরা। লক্ষ্য জলরংকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া।
কীভাবে শিল্পের পথে?
ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় আমাকে ভর্তি করিয়ে দেওয়া হয় কুষ্টিয়ার ধিয়েল আর্ট স্কুলে। সেখানে শিল্পী মির জাহেদের কাছে হাতেখড়ি। তিনি জয়নুল, কামরুল, ভ্যানগঘ, পিকাসোর বড় শিল্পীদের চেনালেন। তখনই ঠিক করি শিল্পী হব।
ঢাকায় আসার গল্প
এইচএসসি পাস করার পর ঢাকায় চলে আসি। চারুকলায় ভর্তির জন্য কেচিং শুরু করি। টিউশনের টাকায় খরচ চালাতাম। ছয় মাস কোচিং করার পরও প্রথমবার টিকিনি। তবে হাল না ছেড়ে পরের বার পরীক্ষা দিই এবং টিকে যাই। হাশেম খান, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী ও শিশির ভট্টাচার্যে্যর মতো শিল্পীকে শিক্ষক হিসেবে পাই।
পড়াশোনায় ছেদ পড়েছিল কেন?
ক্লাস শুরুর কয়েক দিন পরেই শিল্পী হাসেম খানকে স্কেচ খাতাটি দেখালাম। তাঁর অনুপ্রেরণায় শুরু ছবি আঁকা। ঢাকার রাস্তাঘাটে ঘুরে ঘুরে ছবি আঁকতাম। তখন খাওয়া-দাওয়ায় খুব অনিয়ম হয়েছিল। ফলে জন্ডিস বঁাধিয়ে তিন বছর অসুস্থ ছিলাম। এরপর আবার ক্লাস শুরু করে ২০১২ সালে মাস্টার্স পাস করি। সে বছরই শিল্পাঙ্গনে আমার একক প্রদর্শনী হলো। মূলত এই প্রদর্শনী আমাকে দর্শকের কাছাকাছি নিয়ে যায়।
কেমন লেগেছে চট্টগ্রাম?
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি আমাকে খুব উদ্বুদ্ধ করে ছবি আঁকতে। জলরঙের জন্য আমি এখানে বারবার আসতে চাই।
শিল্পের বিষয়-আসয়
আমার শিল্পের বিষয় বাংলাদেশের মানুষ ও প্রকৃতি। আর আমি যা বলতে চাই, তাও বাংলাদেশ। অন্য কিছু এখনো বলার সময় আসেনি।
সাক্ষাৎকার: আহমেদ মুনির