‘আমার মুক্তি আলোয় আলোয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের বিদায়বেলা আসন্ন, মৃদু হিমেল হাওয়া যেন তা জানান দিচ্ছিল। বাইরের এই পরিবেশের সঙ্গে মিলনায়তনের ভেতরের পরিবেশেরও বেশ মিল খুঁজে পাওয়া গেল। শীতলতার মধ্যে সুরের উষ্ণতার আবেশ অন্য রকম এক আচ্ছন্নতা তৈরি করছিল। গত ৪ ফেব্রুয়ারি শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে রবীন্দ্র সংগীতের সুর-মূর্ছনা উপভোগ করার সুযোগ হয়েছিল দর্শকদের। সংগীত তীর্থের ষষ্ঠ বর্ষপূর্তি ও রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘আমার মুক্তি আলোয় আলোয়’। অনুষ্ঠানের আহ্বায়ক প্রতীক দেব এবং উদ্বোধক ছিলেন শিল্পী প্রমোদ দত্ত। প্রদীপ প্রজ্বালনের সঙ্গে সঙ্গেই সমবেত সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান দিয়ে সাজানো হয়েছিল পুরো আয়োজন। গান বাছাইয়ে বেশ ভিন্নতা লক্ষ করা গেছে। ‘ও আমার দেশের মাটি’ গানটি শুনতে শুনতে স্বদেশ ভাবনায় আকুল হয়ে উঠেছিল দর্শকের মন। স্বদেশ, প্রেম ও পূজা পর্বের বিভিন্ন গান পরিবেশন করেছিলেন শিল্পীরা। একঝাঁক শিশুশিল্পীর কণ্ঠে ‘হা রে রে রে রে, আমায় ছেড়ে দে রে’ গানটা বেশ শ্রুতিমধুর ছিল। এর মধ্যে সম্মাননা প্রদান করা হয় উদ্বোধক প্রমোদ দত্তকে। সংগীত তীর্থের পরিচালক শিল্পী শান্তা গুহ মানপত্র তুলে দেন উদ্বোধকের হাতে। শিল্পী প্রমোদ দত্ত বলেন, ‘রবীন্দ্রনাথকে পূর্ণাঙ্গভাবে জানতে হবে।’ সম্মাননা প্রদান শেষে শুরু হয় আবার গানের পর্ব। ‘ও আষাঢ়ের পূর্ণিমা আমার’ শিশুশিল্পী তানজিনা আলমের কণ্ঠে ছিল অসাধারণ। এ ছাড়া মৃত্তিকা দেওয়ানজীর ‘সংসারে কোনো ভয় নাহি’, সঞ্জয় বণিকের ‘পুব হাওয়াতে দেয় দোলা’ মনীষা রায়ের ‘দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি’, শ্রাবণী বিশ্বাসের ‘না চাহিলে যারে পাওয়া যায়’ মুগ্ধ করেছে দর্শকদের। গানের পাশাপাশি প্রতিটি গানের পেছনের পটভূমিও তুলে ধরা হয়েছে। ১৯৩২ সালে বঙ্গভঙ্গ রদের সময় কবি রচনা করেছিলেন ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা।’ তখনকার সেই পরিস্থিতি যেন শিল্পীদের কণ্ঠে দৃশ্যমান হয়ে উঠল।অনুষ্ঠানে বেহালা বাজিয়েছেন শ্যামলচন্দ্র দাশ, বাঁশি বিকাশ নন্দী, কি-বোর্ড অমিত সেনগুপ্ত, তবলা অনিক সেনগুপ্ত এবং তানপুরা বাজান মনীষা রায়।