‘আমার মেয়ে বলে তুমি ভালো না, নতুন আব্বু ভালো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমীর হোসেন (ছদ্মনাম) চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁর স্ত্রী জেসিন পারভিন (ছদ্মনাম)। সংসারজীবনে বনিবনা না হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনে চিঠি পাঠিয়ে তাঁরা বিবাহবিচ্ছেদ ঘটান। মহানগর হাকিম ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বিশেষ মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান সালিসি পরিষদের বৈঠকে বিচ্ছেদের ব্যাপারে এক আদেশ দেন। এর চুম্বক অংশ তুলে ধরা হলো:সালিসি পরিষদের আদেশ: আমীর হোসেন বলেন, ‘আমি বাচ্চাদের কথা ভেবে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। তাঁরা (শ্বশুরপক্ষ) আমার সঙ্গে যে আচরণ করেছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। দরখাস্তে সব বর্ণনা করেছি। আমার স্ত্রীর সঙ্গে হয়তো নতুন কোনো সম্পর্ক (অন্য ছেলের সঙ্গে) তৈরি হয়েছে। আমার মেয়ে বলে, “তুমি ভালো না, নতুন আব্বু ভালো।” আমি তাঁদের কাছে নতুন আব্বুর বিষয়টি জানতে চেয়ে সদুত্তর পাইনি।’ সালিসি পরিষদের আদেশে বলা হয়, ‘আমীর অনেকটা কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমার একটা সামাজিক মর্যাদা ও অবস্থান আছে। অথচ তাঁরা আমাকে অপদস্থ করতে কোনো চেষ্টা বাদ রাখেনি। এমনকি আমার কর্মস্থল বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত নিয়ে গেছে আমার পারিবারিক বিষয়াবলি।’ আমীরের সঙ্গে আসা একজন এ সময় বলে ওঠেন, ‘আমীরের শ্বশুরের কাছে আমরা নতুন আব্বুর বিষয়ে জানতে চেয়েছিলাম। জবাবে বলেন, তিনি (আমীরের শ্বশুর) নিজেই নাকি তাঁর নাতনিকে এভাবে বলতে শিখিয়েছেন।’এ সময় আমীর বলেন, ‘আমারও তো জীবন আছে। আমি বাঁচতে চাই। ...সালিসি পরিষদের কাছে আমার নিবেদন আমার তালাক যেন কার্যকর করা হয়।’ সালিসি পরিষদের আদেশে আরও বলা হয়, জেসিনের পক্ষে কেউ সালিসি মীমাংসার জন্য সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসেনি। গত ২৫ জানুয়ারি জেসিন সর্বশেষ চিঠি পান। দ্বিতীয় বাচ্চা জন্মের বেশ কিছুদিন অতিক্রান্ত হয়েছে। তালাক কার্যকর করার আবেদন এবং সম্পূরক আবেদন গভীরভাবে পর্যালোচনা হয়েছে। উভয় আবেদনে মনে হয়েছে, দুজন উচ্চশিক্ষিত মানুষ চমৎকারভাবে সংসার শুরু করেছিলেন। পারিবারিক ভুল বোঝাবুঝির কারণে এই সম্পর্ক করুণ পরিণতির দিকে এগিয়ে গেছে। সালিসি পরিষদের আদেশে আরও বলা হয়, এই দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে। একটির বয়স প্রায় সাড়ে তিন বছর। অন্যটির বয়স এক মাসের কিছু বেশি। মা-বাবার এই বিচ্ছেদ তাদের ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে, তা বিধাতা ছাড়া কেউ জানে না। নদীভাঙনে বিলীন হয় ভূমি, ভাঙে ঘর। কিন্তু সংসার ভেঙে গেলে ভাঙে হূদয়, কাঁদে মন, বয়ে চলে অশ্রুসাগর, পড়ে দীর্ঘশ্বাস অবিরত সারা জীবন। ভাঙা পরিবারের সন্তানেরা চরম মনোবেদনা নিয়ে বড় হয়। মা-বাবার দুঃখজনক বিচ্ছেদ তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে। এ নিষ্পাপ শিশু দুটি এখনো জানে না তারা কতবড় দুর্ভাগ্যের শিকার। আদেশে আরও বলা হয়, ...পারিবারিক বন্ধনের আদর্শস্থানীয় দেশে নীরবে-নিভৃতে বেজে চলেছে ভাঙনের সুর। ওপরে ওপরে সুখের মুখোশ পরা সমাজ ভেঙে পড়ছে, ধসে পড়ছে মূল্যবোধের পৃথিবী। এই ধস, এই ভাঙন যেন প্রতিনিয়ত, যেন অমোঘ। চরম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে থাকা এ দম্পতির অপরূপ স্বর্গীয় পুষ্প দুটি জানে না কি ঘটে যাচ্ছে তাদের পৃথিবীজুড়ে। হাকিম শিশুদের ব্যাপারেই রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ছোট ছোট হাসি মুখ/ জানে না ধরার দুঃখ, হেসে আসে তোমাদের দ্বারে।/ নবীন নয়ন তুলে/ কৌতুকেতে দুলি দুলি/ চেয়ে চেয়ে দেখে চারিধারে।’ পরিশেষে হাকিম বলেন, ‘নথি পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, বিধিবদ্ধ ৯০ দিন পার হয়ে গেছে। ফলে মুসলিম পারিবারিক অধ্যাদেশের ১৯৬১-এর ৭(৩) ধারায় তালাক কার্যকর।