রাত সাড়ে ১০টা। রাইফেলস স্কয়ারের পঞ্চম তলায় থান্ডারবোর্ডে দুজন। খেলছেন স্নুকারস। আলো-আঁধারির মাঝে মৃদুলয়ের গান বাজছে। খেলা বেশ জমে উঠেছে। একের পর এক বল পকেটে পড়ছে। তাঁদেরই একজনের সঙ্গে কথা হয়।কী নাম আপনার? ‘অনি।’থাকেন কোথায়?‘ধানমন্ডির জিগাতলা।’কী করেন?‘পড়াশোনা করছি।’এখন তো বিশ্বকাপ ক্রিকেটের মৌসুম। দেখবেন ক্রিকেট?‘মাঠে বসে তো দেখা যাবে না। দেখব টিভিতে। টিকেট পাইনি।’বাংলাদেশ দল নিয়ে আপনার কী ধারণা? কত দূর যাবে?‘আমি তো চাই বাংলাদেশ সব খেলায় জিতুক। দেখা যাক কত দূর যায়।’কোথায় পড়ছেন?‘পড়ছি একটা বিশ্ববিদ্যালয়ে। সাবজেক্ট এইচএনডি, বিবিএ।’ভাইবোন আছে?‘আমরা দুই ভাই এক বোন।’কীভাবে কাটে দিনটা?‘সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি। ভার্সিটি যাই। ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে আড্ডা মারি। ঘরে ফিরি।’এখন তো অনেক রাত। রাত করেই বাড়ি ফেরেন?‘না। আটটা-নয়টার দিকে বাড়ি ফিরে যাই। আজ একটু দেরি হয়ে গেছে।’বাড়িতে ভাববে না?‘আব্বুকে বলেছি ফোনে। আব্বু রাগ করেছে। এত দেরি হয় না সাধারণত।’দুপুরে কোথায় খাওয়া-দাওয়া করেন?‘দুপুরে মাঝে মাঝে ভার্সিটিতেই লাঞ্চ করি।’এখানে সব সময় আসেন?‘না। সপ্তাহে দুই-তিন দিন আসি।’দুপুরে বাড়িতে খান না, তাতে মা বকা দেয় না?‘আসলে দুপুরে বাড়ি যাওয়ার সুযোগ নাই। ফ্রেন্ডরা যখন একসাথে থাকি, তখন খাওয়াটা সেখানেই হয়।’আপনাদের হাতে তো এখন সেলফোন, কম্পিউটারে ফেসবুক। আপনাদের প্রজন্মটাই আমাদের চেয়ে আলাদা। মোবাইল ফোন, ফেসবুক সমস্যা করে না?একটু ভাবলেন অনি। তারপর বললেন, ‘আমি বলতে চাই, সবকিছুই নিয়ম অনুযায়ী করা উচিত। ডিসিপ্লিন থাকা দরকার। টেকনোলজির সাপোর্টটা ঠিকভাবে খাটালে সমস্যা নেই। ডিসিপ্লিন না থাকলে সবকিছু সমস্যা-আক্রান্ত হবে।’ভাইবোন দুজন কী করেন?‘যুক্তরাজ্যে আছেন বড় ভাই। নাম জনি। এলিস বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিসার। বোন এবার এইচএসসি দেবে।’এই তো কিছুদিন আগে বসন্ত উৎসব হলো। উৎসবে গেছেন?‘না, ওইভাবে যাইনি, তবে রাস্তাঘাটে উৎসব দেখেছি।’সেদিন কি পাঞ্জাবি পরেছিলেন?‘না। পরেছিলাম শার্ট-প্যান্ট। পাঞ্জাবি পরি শুক্রবারে।’আপনি কি দেশেই থাকবেন, নাকি বিদেশে চলে যাবেন?‘আমি বাংলাদেশকে ভালোবাসি। পড়াশোনার জন্য যদি বাইরে যেতে হয় যাব, কিন্তু পড়া শেষ করে আবার ফিরে আসব। আমার স্বপ্নই বাংলাদেশ নিয়ে।’এরপর আর কথা বাড়ে না। খেলা শেষ। এবার অনিরও বাড়ি যাওয়ার পালা। মা-বাবা চিন্তা করছেন ওর জন্য। অনির একটি কথা নিয়ে ভাবতে থাকি। সত্যিই তো, প্রযুক্তিকে এড়িয়ে কি আর এগিয়ে যাওয়া সম্ভব? রাতের ঘুম নষ্ট করে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলা কিংবা ফেসবুকে সারা রাত সময় কাটিয়ে পরদিনের ক্লাস মিস করার ঘটনা তো ঘটছেই এখন। কিন্তু এই প্রযুক্তিরই ব্যবহার যদি হয় নিয়মমতো, প্রয়োজনের চেয়ে বেশি নয়, তাহলেই তো সব দিক ঠিক থাকে।এই কথা তো জানেন সবাই, মানেন কজন?