বয়স হলে লোকে একটু আরাম-আয়েশ করে। কিন্তু রইচ উদ্দিন ব্যতিক্রম। ৫৬ বছর বয়সেও নিষ্ঠাবান ছাত্রের মতো রাত জেগে বইয়ের পাতা ওল্টান। নিজের ছাত্রদের সঙ্গে বসে পরীক্ষা দেন। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় করে এবার এইচএসসি পাস করেছেন তিনি

পরীক্ষায় প্রত্যাশিত ফল পেয়েছেন?
না। ৪০ বছর পর এইচএসসি দিলাম। অনিয়মিত ছাত্র হিসেবে চতুর্থ বিষয় পাইনি। পেলে জিপিএ-৫ পেতাম। মানবিক থেকে জিপিএ-৪.৬ পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।
আপনি নিজেই তো একজন শিক্ষক...
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে আছি।
এই বয়সেও এত পরিশ্রম করছেন কেন?
দুটি কারণে। সনদপত্র দরকার ছিল। এই সনদের অভাবে ভালো শিক্ষক হয়েও পিছিয়ে পড়েছি। মনোনীত হয়েও শ্রেষ্ঠ শিক্ষক হতে পারিনি। আর আমার দুই ছেলে, দুই পুত্রবধূ তারা সবাই উচ্চশিক্ষিত। শুধু আমিই পিছিয়ে।
প্রথম দিনের পরীক্ষার অভিজ্ঞতা কেমন ছিল?
অম্লমধুর অভিজ্ঞতা। আমি চুপিচুপি পরীক্ষার হলে ঢুকতে চেয়েছিলাম। গেটে ওরা আমাকে আটকে দেয়। বলে, অভিভাবকেরা ভেতরে যেতে পারবেন না। যেই প্রবেশপত্র দেখালাম, অমনি ওদের চোখ কপালে উঠল। হলে আমারই একসময়ের ছাত্রদের সঙ্গে বসে পরীক্ষা দিয়েছি।
আপনার পড়াশোনাকে অন্যরা কী দৃষ্টিতে দেখেন?
পরীক্ষার আগে দুই মাস কঠোর পরিশ্রম করেছি। সন্ধ্যা ছয়টায় পড়তে বসে উঠেছি রাত ১২টায়। আমার স্ত্রী আমাকে সহায়তা করেছেন। এখন রেজাল্টের পর সবাই বিষয়টি ভালোভাবেই নিয়েছে। বিশেষ করে যাদের পড়াশোনা থমকে গিয়েছিল, তারা আমাকে দেখে নতুন উদ্যোমে পড়তে শুরু করেছে।
আপনার চাওয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলুন।
প্রবল ইচ্ছাশক্তি আর একাগ্রতা থাকলে যেকোনো কাজে সফল হওয়া যায়। ছেলেমেয়েরা যেন মুখস্থবিদ্যার ওপর ভরসা না করে। কারণ, এখন সৃজনশীলতার যুগ।
আরও পড়ার ইচ্ছা আছে আমার। বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে ভর্তি হব ভাবছি। এগিয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার।
সাক্ষাৎকার: আবুল হাসনাত