'আমারও একটি ব্যক্তিগত জীবন আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: মাহাতাব রশীদ
আঁকা: মাহাতাব রশীদ

রস‍+আলো: কেমন আছেন?
টিভি: আমার মাধ্যমে কোন চ্যানেল চালানো হয়, সেটার ওপর ডিপেন্ড করে। যখন যে চ্যানেল চলে, আমিও তখন সেই মুডে চলে যাই।
র. আ.: বিষয়টা একটু খোলাসা করে বলুন।
টিভি: ধরুন, খবর চলছে। আমার তখন মাথা থাকে পুরোপুরি হট! যখন সিরিয়াল চলে, তখন আমার চোখে পানি টলমল করে। খেলা চললে কান থাকে ঝালাপালা, টক–শো চললে কনফিউজড থাকি, যা-ও জানি তা-ও তখন কেমন যেন ঘোলাটে হয়ে যায়...!
র. আ.: আপনি এত কিছু দেখান, নিজের কখনো কিছু দেখতে ইচ্ছা করে না?
টিভি: দেখি তো! আমি মানুষদের দেখি। সে জন্যই তো এত কিছু দেখাতে পারি।
র. আ.: দেখুন, মিস্টার টিভি, আপনি কোনো দর্শনের পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছেন না, রস+আলোর জন্য দিচ্ছেন, বিষয়টা মাথায় রাখবেন। এত সিরিয়াস হওয়ার কিছু নেই।

টিভি: না, মানে এই মুহূর্তে একটা হাসির নাটক চলছে তো, সে জন্যই একটু সিরিয়াস হয়ে গেছি আরকি!

র. আ.: ও আচ্ছা, তা হলে দাঁড়ান, একটা টক–শো চালাই।

টিভি: না, আপনি বরং তিন নম্বর চ্যানেলটা দেন। ওখানে একজন বিশিষ্ট ভদ্রলোক জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছেন।

র. আ.: কোন কথাটায় বেশি বিরক্ত হন?

টিভি: ওই যে, টিভি অন করতে হলে বলে, ‘এই, টিভিটা ছাড় তো।’ আচ্ছা, আপনিই বলুন, আমাদের ধরা-ছাড়ার কী আছে? আমরা গরু নাকি?

র. আ.: না, তা না! আপনি কেন গরু হবেন? আচ্ছা বলুন তো, টিভির ভেতরের মানুষ আর বাইরের মানুষের মধ্যে পার্থক্য কী?

টিভি: টিভির বাইরে মানুষ অনেক ভালো ভালো কাজ করে, তারপর একসময় ক্লান্ত হয়ে টিভির ভেতরে চলে আসে।

র. আ.: টিভিতে যখন সিনেমা দেখায়, তখন কী মনে হয়?

টিভি: বিশ্ব টিভি–সমাজ আজ ঐক্যবদ্ধ নয়। এ কারণেই টিভিতে সিনেমা দেখানো হলেও সিনেমা হলে টিভি দেখানো হয় না।

র. আ.: টিভি দেখার সবচেয়ে বড় উপকারিতা কী?

টিভি: রিমোট চাপতে চাপতে তর্জনীর ভালো ব্যায়াম হয়। এতে রক্ত চলাচল বাড়ে, ফলে তর্জনীতে হার্ট অ্যাটাক হয় না এবং ডায়াবেটিসের ঝুঁকি এড়ানো যায়।

র. আ.: হিন্দি সিরিয়াল নিয়ে কিছু বলবেন?

টিভি: দাঁড়ান, মেকআপ নিয়ে আসি।

র. আ.: থাক থাক, তার চেয়ে আপনি বরং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কিছু বলুন।

টিভি: তা তো বটেই, দুঃখজনক কি জানেন? মাঝে মাঝে মিউট বাটন চেপে আমার মত প্রকাশের স্বাধীনতাও হরণ করার প্রয়াস চালানো হয়! ভাবছি এর বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব।

র. আ.: আপনার সবচেয়ে দুঃখ লাগে কোন সময়টায়?

টিভি: ঈদের সময়, যখন মানুষ আমার সামনে বসে বিজ্ঞাপনের অত্যাচারে ঘটি-বাটি ছুড়ে মারতে উদ্যত হয়।

র. আ.: আচ্ছা, রস+আলোর পাঠকদের উদ্দেশে কিছু বলবেন?

টিভি: কী আর বলব! হে রস‍+আলোর পাঠক, প্রিয় মানব সম্প্রদায়, আমারও একটি ব্যক্তিগত জীবন আছে, সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলে ক্যামনে কী?