>পেশাগত, শিক্ষাগত বা অন্য কোনো কারণে যাঁরা মায়ের কাছ থেকে দূরে থাকেন তাঁদের জন্যই ছিল মা দিবসের এ আয়োজন। অধুনায় ছাপা কুপনে মাকে নিয়ে পাঁচটি পঙ্ক্তি লিখতে বলা হয়েছিল সন্তানকে। সারা দেশ থেকে অসংখ্য সন্তান অংশ নিয়েছেন এই আয়োজনে। তাঁদের মধ্য থেকে লটারি করে বিজয়ী হয়েছেন ১২ জন। মা দিবসে সেই সন্তানদের পক্ষ থেকে প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার বন্ধুরা গিয়েছেন তাঁদের মায়ের কাছে। ফুল, মিষ্টি, শাড়ি আর নানা ধরনের উপহারের সঙ্গে নিয়ে গেছেন মাকে উদ্দেশ করে লেখা সন্তানের সেই ভালোবাসার পঙ্ক্তিমালা। মায়েদের জন্য এটা ছিল বিস্ময়। সেই ১২ মায়ের এবং সন্তানদের অনুভূতি নিয়েই এ আয়োজন।

‘বকুল আর বেলি ফুলের গন্ধ মায়ের অনেক পছন্দের। কত দিন হয়ে গেল বেলির সুবাস নিতে দেখি না মাকে...।’ মুঠোফোনে পাবনা থেকে মেয়ে নাইমা মাহবুবের মাকে নিয়ে গল্প যেন শেষ হয় না। ‘মা সবুজ আর নীল রং অনেক ভালোবাসে। ভালো লাগত সময় করে মায়ের হাত মেহেদিতে রাঙিয়ে দিতে। একবার আমার রান্না করা জর্দা খেয়ে মা খুব প্রশংসা করেছিল জানেন? মা থাকেন ঢাকায় ছোট ভাইয়ের সঙ্গে। বিয়ের পর তো মাকে কাছে পাই না। তাই বিশেষ দিনগুলোতে মাকে খুব কাছে পেতে ইচ্ছে হয়।’
চার ভাইবোনের মধ্যে বড় নাইমা মাহবুবকে জানানো হলো, ‘আপনার হয়ে আমরাই এবার যাব মায়ের কাছে।’ এরপর রোববার দুপুরে ঢাকার আদাবরে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে দোরঘণ্টি বাজানো। দরজা খুললেন নাইমার ছোট ভাই মাসুদুল আলম। বসার ঘরে ঢুকতেই ভেতর থেকে বেরিয়ে এলেন মা সুফিয়া আক্তার। কিছু বুঝে ওঠার আগেই বন্ধুসভার বন্ধুরা এগিয়ে গেলেন। ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মাকে। এরপর একটা প্যাকেট থেকে বকুল আর বেলি ফুলের মালা বের করে হাতে পেঁচিয়ে দিলেন বন্ধুসভার সদস্য হুর এ জান্নাত ও মৌসুমি।
অবাক মায়ের প্রশ্ন, ‘তোমরা আমরা পছন্দের ফুলই এনেছ। কিন্তু তোমাদের তো ঠিক চিনতে পারছি না।’ এবার বন্ধুরা খোলাসা করলেন। ‘আমরা এসেছি আপনার বড় সন্তান নাইমা মাহবুবের পক্ষ থেকে।’ মধুর একটা হাসি দিয়ে মায়ের সরল প্রশ্ন, ‘ও তোমরা বুঝি পাবনা থেকে এসেছ? ’ ‘না’ শুনে আবারও অবাক হলেন। এরপর মাকে জানানো হলো সবটা। মায়ের প্রিয় নীল আর সবুজ রঙের শাড়ি পরিয়ে দেওয়া হলো। বন্ধুরা হাতে পরিয়ে দিলেন মেহেদি। হাতে প্যাঁচানো বেলি ফুলের গন্ধ নাকে নিয়ে মা খুলে বসলেন সন্তানের গল্পের ডালি। শেষে মাকে পরিয়ে শোনানো হলো সন্তানের হাতে লেখা সেই বিশেষ চিঠিখানা।
‘মা, তুমি অসুস্থ। ইচ্ছে হয় তোমার পাশে থাকতে। বিশেষ দিনগুলোতে তোমাকে পাশে না পেলে কষ্ট হয়। যারা সারা বছর মায়ের কাছে থাকে, তাদের দেখে হিংসা হয়। বছরে মাত্র এক-দুই দিন দেখে মনে শান্তি হয় না। দোয়া করি ভালো থাকো, সুস্থ থাকো।’
শেষ করার আগেই আবেগ আর কান্নায় ভেঙে পড়লেন মা। বললেন, ‘আমারও মেয়েটাকে দেখতে ইচ্ছে করে। আমি অনেক খুশি হয়েছি। এমন আয়োজনের জন্য প্রথম আলোকে শুভেচ্ছা জানাই।’