‘আমি আর মামু জুতার ফ্যাক্টরি দিমু’
‘জুতা পালিশে ভালোই ওস্তাদ হয়েছো তো! আমাকে শেখাবে?’ প্রশ্নটা শুনে একটা বাঁকা হাসি দেয় ছেলেটি। তারপর বলে, ‘আফনেরা তো বড়লোক। আফনে শিইখ্যা কী করবেন?’ ছেলেটির নাম মিঠুন দাশ। তাগাদা দিতেই শুরু করে জুতা রং করার (পলিশ) ইতিবৃত্ত। ‘জুতা পালিশের তিনটা ব্রাশ আছে। একটা হইল সাইড ব্রাশ। এইটা দিয়া জুতার ধূলাবালি পরিষ্কার করি। আরেকটা হইল ক্রিম ব্রাশ, জুতাতে ক্রিম লাগাই। আর এইটা হইল গ্লিস ব্রাশ। এইটা দিয়া ব্রাশ করলে জুতা চকচক করে। প্রথমে সাইড ব্রাশ দিয়া জুতার ধূলাবালি পরিষ্কার করতে হয়। কালো রঙের জুতা হইলে জুতার সোলে ও চামড়ায় পাতলা কালি লাগাতে হয়, আর চকলেট কালারের হলে সাবান পানি দিয়া জুতা ধুইতে হয়। তারপর জুতার ক্রিম ও সাদা ক্রিম একসঙ্গে মিশাইয়া ক্রিম ব্রাশ দিয়া জুতা ব্রাশ করতে হয়।’সাদা ক্রিম কেন? ‘সাদা ক্রিম দিলে জুতা গ্লিস মারে বেশি, কিন্তু সাদা ক্রিমে চামড়ার ক্ষতি হয়। ক্রিম ব্রাশ দিয়া ব্রাশ করার পর গ্লিস ব্রাশ দিয়া ঘষা দিলে জুতা আয়নার মতো চকচক করবে।’ অলংকার মোড়ে বসে জুতা ব্রাশ করতে করতে কথাগুলো বলছিল ১০ বছরের মিঠুনচন্দ্র দাশ। সে আরও জানায়, ‘জুতা পালিশের অনেক নিয়ম আছে। এটি হইল প্র্যাকটিসের ব্যাপার, কাম করতে করতে এইটা হাতে চলে আসে। যেমন আমি প্রথমে ব্রাশ ধরতাম শক্ত মুঠি কইরা। কিন্তু ব্রাশ ধরতে হয় তিন আঙুল দিয়া হালকাভাবে। এইভাবে ধরলে ব্রাশ তাড়াতাড়ি চালানো যায়।’ ব্রাশ চালানোতেও আছে রকমফের। ব্রাশ সোজাসুজি না চালিয়ে চালাতে হয় আড়াআড়ি। জুতায় ক্রিম দেওয়ার সময় ভর দিয়ে ব্রাশ চালাতে হয়, আর গ্লিস দেওয়ার সময় হালকাভাবে। জানাল মিঠুন।মিঠুনের মতো আরও অনেক শিশু আছে যারা জুতা রাঙিয়ে জীবিকা নির্বাহ করে। নগরের নিউমার্কেট, বিআরটিসি, চকবাজার, আগ্রাবাদ, বহদ্দারহাট বাসটার্মিনালসহ বিভিন্ন জনাকীর্ণ স্থানে ও আবাসিক এলাকাতে এদের দেখা যায় ঘুরে ঘুরে কাজ করছে। নিমতলী বিআরটিসি বাসটার্মিনালের সামনে বসে জুতায় রং করছিল মো. সুজন। তার স্বপ্ন বড় হয়ে মামার সঙ্গে জুতার কারখানা দেবে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। চার বছর আগে মামার সঙ্গে শহরে আসে জীবিকার সন্ধানে। দিনে সে জুতা রাঙানোর কাজ করে আর রাতে নতুন জুতা বিক্রি করে নিউমার্কেটে। জুতা সেলাই করতে কত নাও? ‘এইটা জুতা কতটুকু ছিঁড়ছে সেইটার ওপর নির্ভর করে। যেমন জুতার সেলাই অল্প খুলে গেলে দুই-পাঁচ টাকা। আবার চামড়া, গাম, পেরেক দিয়ে মেরামত করলে টাকা বেশি নিতে হয়।’ বেশি কত? ‘ধরেন কেউ জুতায় সোল লাগালে ৭০-৮০ টাকা পর্যন্ত নেই।’ বিপণিবিতানের সামনে রং আর ব্রাশের ছোট্ট বাক্স নিয়ে বসেছিল রফিক ও কামাল। কথা হলো তাদের সঙ্গে। জুতা রং করতে কেমন লাগে? বিজ্ঞের মতো উত্তর দেয় রফিক—‘কাম বলতেই তো কষ্ট। বইসা কাম করতে কষ্ট একটু কম হয়। রইদে ঘুইরা ঘুইরা কাম করতে কষ্ট বেশি হয়।’ দিনে কতক্ষণ কাজ কর? একটু ভেবে উত্তর দেয় কামাল, ‘সারা দিনই করি সকাল আটটায় কামে বাইর হই, রাত নয়টা পর্যন্ত কাম করি।’ লেখাপড়া কর না কেন—জানতে চাইলে সুজন বলে, ‘‘লেখাপড়া তো করতাম—মামায় কইল আমার লগে শহরে চল কাম শিখবি। মা-বাবায়ও কইল ‘যা’। আমিও আইসা পড়লাম।’’ মিঠুন স্বপ্ন দেখে অনেক পড়ালেখা করার। সে খোঁজ নিয়ে জেনেছে, ইউসেপ স্কুলে টাকা ছাড়া পড়া যায়, আবার ইঞ্জিনিয়ারিং (হাতের কাজ) শেখা যায়। দিনে কত টাকা আয় হয়—জানতে চাইলে রফিক বলে ‘এই ধরেন দিনে ১৫০-২০০ টাকা পর্যন্ত।’ টাকা দিয়া কী কর? ‘পকেটে খরচাপাতি রাখি। কিছু টাকা বাড়িতে পাঠাই, কিছু টাকা জমাই—এই আর কি।’রফিক প্রায় দুই বছর ধরে জুতা সেলাই ও রাঙানোর কাজ করছে। সে জানায় ‘গ্যারেজের কাম শিখমু। হুনছি গ্যারেজের কাম শিখলে বিদেশ যাইয়া ভালা টাকা কামান যায়।’ সুজন বলে, ‘জুতার কাম তো শিখছি, দেখি আমি আর মামা মিইল্ল্যা একটা জুতার ফ্যাক্টরি দিমু।’