'আমি এই এলাকার জন্য কিছুই করিনি!'
খবর: চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ৫ নম্বর রায়কালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ছিলেন হারেজ মণ্ডল। কিন্তু ভোট শেষে দেখা গেল, তিনি একটি ভোটও পাননি। এমনকি প্রার্থী নিজেও তাঁকে ভোট দেননি।
(সূত্র: প্রথম আলো, ১০ মে ২০১৬)

ফলোআপ: ভালো আছেন?
হারেজ মণ্ডল: আর ভালো থাকা! যা শুরু করেছেন আপনারা আমাকে নিয়ে! আপনাদের মাথা যে কবে থেকে খারাপ হলো, বুঝতে পারছি না!
ফ. আ.: একটু বুঝিয়ে বলবেন, কেন মনে হলো আমাদের মাথা খারাপ হয়েছে?
হা. ম.: দেখুন, নির্বাচনের ফল দিল; এখন আপনাদের সাক্ষাৎকার নেওয়া উচিত ছিল নির্বাচনে যে জয়লাভ করল তাঁর। কিন্তু সাক্ষাৎকার নিতে চলে এসেছেন আমার! তাহলে আপনাদের মাথা খারাপ নয় তো কী! জীবনে দেখেছেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্যের ছবি পত্রিকায় ছাপাতে?
ফ. আ.: তা বটে। তবে নির্বাচনের ফল নিয়ে কি আপনি হতাশ?
হা. ম.: কী বলেন এটা? তাজ্জব কথা! আমি নির্বাচন নিয়ে খুব খুশি! আমি আমার মনের মতো, যা চেয়েছিলাম তেমন ফল পেয়েছি নির্বাচনে! বলতে পারেন নির্বাচনে আমার একরকম জয়ই হয়েছে।
ফ. আ.: বলেন কী? তার মানে আপনি চেয়েছিলেন যাতে আপনি একটা ভোটও না পান?
হা. ম.: অবশ্যই!
ফ. আ.: কিন্তু কেন?
হা. ম.: চাইব না কেন বলেন? আমি কী করেছি এই এলাকার জন্য? কিছুই না। তারপরও কীভাবে আশা করি আমি নির্বাচনে জয়লাভ করব?
ফ. আ.: তাই বলে নিজেকে নিজের ভোটটা দিলেন না?
হা. ম.: দেখুন, আমি একজন সুনাগরিক এবং একজন বিবেকবান ভোটার। তাই আমি মনে করি, উপযুক্ত মানুষকেই ভোট দেওয়া উচিত। আর আমার ভোট নিয়ে আপনাদের এত প্রশ্ন কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না! আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আপনাদের এত মাথাব্যথার কারণটা কী?
ফ. আ.: না, ব্যাপারটা কেমন না যে, নির্বাচনে একজন প্রার্থী হয়েও আপনি আপনার ভোট নিজেকে দিলেন না? তাই বলছিলাম আর কি...!
হা. ম.: দেখুন, সুনাগরিক হয়ে একজন যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া আমার কর্তব্য। তাই আমি মনে করি, ঠিক কাজটাই করেছি।
ফ. আ.: তাহলে এই ছিল কারণ? আর কিছু নয়?
হা. ম.: না, এর পেছনে আরও কিছু কারণও ছিল। আগেই আঁচ করেছিলাম, আমি নির্বাচিত হব না। তাই ভাবলাম, শুধু শুধু কিছু ভোট পেয়ে নির্বাচন কমিশনকে ভোট গণনার কষ্ট দিয়ে লাভ কী? তারা একদিকে দাবি করে, নির্বাচন সুষ্ঠু হয়েছে; আবার আরেক দিকে দেখা যায়, একজন ভোটার একাধিক ভোট দিয়ে গেছে! তার মানে তারা নিশ্চয়ই গণনায় দুর্বল। তাই আমি বিশ্বাস করি, আমি তাদের ভোট গণনায়ও একপ্রকার সহযোগিতাই করেছি। আবার দেখা গেল, নির্বাচনে ভোট পাওয়ার আশায় মাঠে নামলে অনেক গন্ডগোলও হতো। আমি হাল ছেড়ে দিয়েছিলাম বলেই না নির্বাচনী সহিংসতা হয়নি!
ফ. আ.: ধন্যবাদ আপনাকে।
হা. ম.: আপনাদেরও ধন্যবাদ।
খবর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী গণিত পরীক্ষায় অংশ নেয়নি।
কিন্তু বরিশাল শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট শিটে তাকে পাস দেখানো হয়েছে। (সূত্র: প্রথম আলো, ১৩ মে ২০১৬)