‘আমার মানবতাবোধ আরও বেড়েছে, বেড়েছে স্নেহ, মমতা ও ভালোবাসা। আমি অনেক বেশি মানবিক হয়ে উঠেছি।’ কথাটা বলেছেন, চিলির সান হোসে খনির গভীরে ৬৯ দিন আটকে থাকা শ্রমিক এডিসন পেনা। মৃত্যুর মতো অন্ধকার সেই গহ্বরে দিনের পর দিন জীবন-মৃত্যুর দোলাচলে থেকে ভেতরে এ রকমই পরিবর্তন হয়েছে তাঁর। এডিসন পেনা উদ্ধার পাওয়া ৩৩ শ্রমিকের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি অসুস্থ। খনিতে আটকে থাকা অবস্থায়ও বিশেষ ব্যবস্থায় বিবিসিকে সাক্ষাৎকার দেন তিনি। ওই সময়ের অভিজ্ঞতা থেকে ছবিও এঁকেছেন এডিসন।এডিসন বলেন, ‘আমি কেন মারা যাইনি? কারণ, এভাবে আমার মৃত্যু অন্যায় হতো। আমি কেন মারা যাব? ...আমি এখন বাঁচতে চাই। ...তবে মৃত্যুর কাছ থেকে ফিরে আসা সত্যিই কঠিন, খুব কঠিন।’ ৩৪ বছর বয়সী এডিসন জানান, খনিতে ৬৯ দিন আটকে থেকে তাঁরা সবাই বুঝেছেন ক্ষুধার জ্বালা কী। সঙ্গের সামান্য খাবার ফুরিয়ে যাওয়ার পর বিশেষ ব্যবস্থায় বহু কায়দা করে কিছু কিছু খাবার পাঠানো হয়েছে খনির গভীরে। ‘এখন আমি চিন্তা করি, আমার বাড়িতে একটি খাদ্যকণাও যেন অপচয় না হয়। আমি এর মাধ্যমে বিশ্বের কাছে ক্ষুধা সম্পর্কে একটি বার্তা পাঠাতে চাই।’এডিসন আরও বলেন, বাইরের আলো-হাওয়া ভরা দুনিয়া থেকে চিঠি পাওয়ার পর মনে হতো খনির এই অন্ধকারের বাইরেও পৃথিবী আছে। তিনি নিজেকে বলতেন, ‘বেঁচে থাকো, এর বাইরেও জীবন আছে।’গত ৫ আগস্ট খনির একটি সুড়ঙ্গ ধসে পড়লে ওই শ্রমিকেরা প্রায় দুই হাজার ফুট নিচে আটকা পড়েন। একটি সুড়ঙ্গ পথ খুঁড়ে ৬৯ দিন পর ১৩ অক্টোবর তাঁদের উদ্ধার করা হয়।