'আমি এখন ভালা আছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থানায় স্থাপিত উইমেন হেল্প ডেস্কে নির্যাতিত নারীদের সহায়তা দেওয়া হয়
থানায় স্থাপিত উইমেন হেল্প ডেস্কে নির্যাতিত নারীদের সহায়তা দেওয়া হয়

খারাপ ছেলেরা আমার যে অবস্থা করছিল, আশা করিনি যে আমি আবার সুস্থ হমু। কিন্তু থানার আপারা আমার অনেক উপকার করছে। তারা আমারে সুস্থ করছে। আমি এখন ভালা আছি’
কথাগুলো বলছিল পটুয়াখালীর বাউফল থানার চরকালাইয়া গ্রামের কিশোরী শেফালি খাতুন (ছদ্মনাম)। স্থানীয় একটি কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়ালেখা করত শেফালি। প্রতিদিন কলেজে যাওয়া-আসার পথে এলাকার বখাটে যুবক হাসান চৌধুরীসহ ৮-১০ জন যুবক তাকে উত্ত্যক্ত করত। ভয়ে সে কোনো প্রতিবাদ করত না। পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে বাড়িতেও কিছু বলত না।  একপর্যায়ে এই যুবকেরাই তাকে ধরে নিয়ে তার ওপর যৌন নির্যাতন চালায়।
৩ মার্চ কথা হয় শেফালির সঙ্গে। তার কাছ থেকে জানা যায়, গত বছরের  ১৮ আগস্টে তার জীবনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার কথা।  ওই দিন শেফালির বাবা বাড়িতে ছিলেন না। রাত ১১টার সময় হঠাৎ তাদের বাড়ির দরজায় টোকা পড়ে। দরজা খুলে দিতেই হাসান চৌধুরীসহ ১০-১২ জন ছেলে ঘরে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে শেফালিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারা প্রথমে তাকে পাশের একটি গ্রামের একটি বাড়িতে আটকে রাখে। সারা রাত তার ওপর চালায় পাশবিক নির্যাতন । এরপর  তাকে নিয়ে  যায়  নারায়ণগঞ্জে। জেলার ফতুল্লা থানায় হাসান চৌধুরীর মামার বাড়িতে নিয়ে আটকে রাখে।  সেখানে ২২ দিন শেফালির ওপর ক্রমাগতভাবে চলতে থাকে যৌন নির্যাতন ।
এর মধ্যে শেফালির বাবা বাউফল থানায় ইউএনএফপিএ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত পিডব্লিউআর প্রকল্পের আওতাধীন উইমেন হেল্প ডেস্কে কর্মরত নারী কর্মকর্তাকে  ঘটনাটি অবহিত করেন। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাটি থানায় কর্মরত ডিউটি অফিসারের মাধ্যমে এফআইআর করেন।  পরে থানা থেকে পুলিশের একটি ফোর্স ফতুল্লা এলাকার ওই বাড়ি থেকে শেফালিকে উদ্ধার করে নিয়ে আসে। বখাটেদের নির্যাতনে শেফালি শারীরিক ও মানসিকভাবে একেবারে অসুস্থ হয়ে পড়ে।

এরপর বাউফল থানার উইমেন ডেস্কের সহায়তায় শেফালিকে প্রথমে মেডিকেল পরীক্ষাসহ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তার মানসিক অবস্থা স্বাভাবিক রাখার জন্য থানায় এক দিন রেখে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। শেফালিকে আদালতে উপস্থাপন করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর শেফালিকে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়। এ ছাড়া দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। শেফালির  চলাফেরায় যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ ছাড়া শেফালিকে আশ্বাস দেওয়া হয় যে তার যেকোনো সমস্যায় পুলিশ তার পাশে থাকবে।

এভাবে উইমেন হেল্প ডেস্কের মাধ্যমে পুলিশ নিবিড়ভাবে সহায়তা দিচ্ছে নির্যাতন ও সহিংসতার শিকার নারী ও কিশোরীদের। উইমেন হেল্প ডেস্কের মাধ্যমে কমিউনিটি ও পুলিশের মধ্যে একটি বিশ্বাসযোগ্য সম্পর্কের সূচনা হয়েছে। নির্যাতন বা সহিংসতার শিকার নারীর ন্যায়বিচারপ্রাপ্তির ক্ষেত্রে এটি একটি প্রারম্ভিক পদক্ষেপ।

​ শেফালি এখন ভালো আছে। তবে এখনো তার আতঙ্ক কাটেনি। সে কলেজে যাওয়া–আসা শুরু করেনি। যদিও আগামী বছর প্রাইভেটে এইচএসসি পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে তার। নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় তার মামলাটি চলছে।  ঘটনার মূল আসা​িম গ্রেপ্তার হয়েছে। আশা করা যায়, প্রয়োজনীয় আইনি ব্যবস্থার মাধ্যমে শেফালি অতিসত্বর ন্যায়বিচার পাবে।  ফিরে পাবে তার স্বাভাবিক জীবন।