‘আমি কাস্টমস কর্মকর্তার পিয়ন...। চট্টগ্রাম বন্দর থেকে কম দামে নিলামে আপনাকে গাড়ি কিনে দিতে পারব। আমার সঙ্গে বন্দর শেডে চলেন। আপনি পছন্দ করে গাড়ি কিনে নেবেন।’ শুল্ক কর্মকর্তার পিয়ন পরিচয়ে এমন টোপ দিয়েই ঢাকার এক ব্যবসায়ীর কাছ থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রের এক সদস্য। চক্রটি এভাবে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে অনেককে প্রতারিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই চক্র অন্য দুই ব্যক্তির কাছ থেকেও প্রতারণার মাধ্যমে ২৮ লাখ টাকা নিয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে পুলিশ।শুল্ক কর্মকর্তার পিয়ন পরিচয় দেওয়া ব্যক্তির নাম মো. নূর আলম সিদ্দিক ওরফে বাবু (২৩)। তাঁকে ঢাকার খিলগাঁও থেকে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। চক্রের অন্য দুই সদস্যও ঢাকা থেকে গ্রেপ্তার হন। তাঁদের মধ্যে মো. নুরুল হককে (৫৫) ঢাকার মালিবাগ থেকে এবং অন্যজন মো. শেখ আলমকে (৪২) খিলগাঁও থেকে গ্রেপ্তার করা হয়।নগর গোয়েন্দা পুলিশ তিন দিন অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ছাড়াও প্রতারক চক্রের কাছ থেকে সাড়ে আট লাখ টাকা উদ্ধার করে। গত মঙ্গলবার তাঁদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তাঁদের মধ্যে নুরুল হক ভুয়া শুল্ক কর্মকর্তা ও মো. শেখ আলম প্রতারণা চক্রের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি বলে জানা গেছে।নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভুয়া শুল্ক কর্মকর্তাসহ তিনজন গ্রেপ্তার হলেও এ ঘটনায় পাঁচজন জড়িত। অন্য দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। চক্রটি তিন বছর ধরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ছাড়া আমরা আরও দুটি গুরুতর অভিযোগ পেয়েছি, যা তদন্তাধীন।’ অভিযোগে জানা যায়, প্রতারণা চক্রের সদস্যরা ঢাকার ব্যবসায়ী মো. রবিউল ইসলামের কাছ থেকে একটি অ্যালিয়ন গাড়ি কিনে দেওয়ার কথা বলে গত ১৩ সেপ্টেম্বর ১৪ লাখ টাকা হাতিয়ে নেয়। চট্টগ্রাম বন্দরের ১ নম্বর গেট দিয়ে রবিউলকে শেডে নিয়ে যাওয়া হয়। যদিও শেডের ভেতর বাইরের লোকজনের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। সেখানে একটি অ্যালিয়ন গাড়ি চালিয়ে দেখানো হয়, যার বাজারদর ৩০ লাখ টাকা। প্রতারকেরা গাড়িটি ২৫ লাখ টাকায় দরদাম করে রবিউলের কাছ থেকে ১৪ লাখ টাকা নিয়ে গা ঢাকা দেয়।রবিউল এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘বাবু (নূর আলম) নিজেকে কাস্টমস কর্মকর্তার পিয়ন দাবি করেন। তাঁর মাধ্যমে আমি চট্টগ্রাম বন্দর শেডে যাই। শেডে থাকা একটি অ্যালিয়ন গাড়ি পছন্দ করি। এর দাম নির্ধারণ হয় ২৫ লাখ টাকা। আমার কাছ থেকে ওরা ১৪ লাখ টাকা নেয়। কিন্তু এরপর বাবুসহ কাউকে আর দেখছিলাম না। তাই পুলিশকে ঘটনাটি জানাই।’ গোয়েন্দা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) আজিজ আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘এ মামলার তদন্ত করার প্রয়োজনে আমরা বন্দরে যাই। শেডের ভেতর প্রবেশের সময়ে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা হয়ে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পরও আমাকে শেডে যেতে বাধা দেওয়া হচ্ছিল। অথচ কম দামে গাড়ি কিনে দেবে বলে বাইরের একজন লোককে কীভাবে শেডে ঢোকানো হলো এবং গাড়ি চালিয়ে দেখানো হলো—তা এখন জানতে হবে।’তিনি আরও বলেন, ‘প্রতারক চক্রের সদস্যদের সঙ্গে বন্দরের নিরাপত্তারক্ষীদের যোগাযোগ আছে। বন্দরের জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। কিছু নামও আমরা পেয়েছি। তাঁদের গ্রেপ্তার করা হলে প্রকৃত চিত্র সম্পর্কে ধারণা পাওয়া যাবে।’