'আমি গানের ফেরিওয়ালা'
রাজীব ভট্টাচার্য। সংগীতশিল্পী। নগরে মঞ্চ মাতানো এই শিল্পী সম্প্রতি কণ্ঠ দিয়েছেন সংগীত পরিচালক বাসুদেব ঘোষের সুর ও সংগীতে সূর্যালোকে শাণিত প্রাণের গান অ্যালবামে। প্রকাশের আগেই সাড়া ফেলেছে এই অ্যালবাম। এ নিয়ে কথা বলেছেন তিনি

এখন ব্যস্ততা...
সম্প্রতি বড় একটি কাজ করেছি। বাসুদেব ঘোষের অ্যালবামে তিনটি গান রেকর্ডিং করেছি। অ্যালবামটি সম্ভবত গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে পারে। এতে ৩৬০টির বেশি গান থাকবে। ২৫টি অডিও সিডিতে তা বের হবে। দেশাত্ববোধক গান নিয়ে এত বড় কাজ আগে হয়নি। সেই অ্যালবামে গাইতে পেরে আমি আনন্দিত। প্রথমে আমাকে দিয়ে একটি গান করানোর কথা ছিল। বাসুদা আমার গান শুনে বললেন, ‘তোমাকে আরও দুটি গান করতে হবে।’ তাঁর মুখ থেকে এ কথা শুনে নিজের প্রতি আত্মবিশ্বাসটা আরও বেড়ে গেল। এ ছাড়া কোরবানির ঈদের জন্য কয়েকটি মিক্সড অ্যালবামে কাজ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রথম ভুল অ্যালবামটি। এটিতে গেয়েছেন সুবীর নন্দী, সামিনা চৌধুরী, পান্থ কানাইসহ অন্যরা।
একক অ্যালবাম...
একক অ্যালবামের কাজ অনেক দূর এগিয়েছে। ইতিমধ্যে আটটি গান রেকর্ডিং করা হয়েছে। বাকি চারটি গান রেকর্ডিং হলেই বাজারে আসবে এটি। তবে এখনো অ্যালবামের নাম ঠিক করিনি। এখানে ভিন্ন ধঁাচের কিছু গান থাকবে। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।
গোড়ার কথা...
গানের সঙ্গে সখ্যটা মুখে বোল ফোটার সময় থেকেই। বাবা লোককবি কল্পতরু ভট্টাচার্যের কাছে গানে হাতেখড়ি। পরে শিখেছি ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার কাছে। এভাবেই এগিয়ে যাওয়া। বয়সের সঙ্গে পোক্ত হয়েছে নিজের অভিজ্ঞতার ঝুলি। একসময় রাইম রিদম নামের ব্যান্ড দল গঠন করি। মূলত তখন থেকে মঞ্চের সঙ্গে ভালোবাসা। তা দিনে দিনে ডালপালা মেলেছে। এখনো আমি মঞ্চেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে আমার মূল অনুপ্রেরণা উপমহাদেশের কিংবদন্তি শিল্পী মান্না দে। আমার সৌভাগ্য, আমি তঁার সান্নিধ্য পেয়েছি।
স্বপ্ন আমার...
আমি গানের ফেরিওয়ালা। গান আমার সব। মৃত্যুর আগ পর্যন্ত সুরেই থাকতে চাই।
সাক্ষাৎকার: আশরাফ উল্লাহ