'আমি জলপরি...'

মেয়েটি প্রচণ্ড জেদি। একবার মাথায় যা ঢোকে, তা সহজে বেরোতে চায় না। শেষ দেখেই ছাড়ে। ছোটখাটো অনেক ঘটনায় এর প্রমাণ মিলেছে বারবার। তাই বলে এমন জেদ—সাগরের তলে ঘুরে বেড়ানো! শুনেই একটু ভিরমি খাওয়ার মতো। পরিবারের সবার চোখ উঠল কপালে—এ কীভাবে সম্ভব? কিন্তু নাছোড় মেয়েটি। ওই যে জেদ! ‘কে তারে রুখিবে’। শেষে জয় হলো তাঁর। এখন ‘জলপরি’ হয়েই ঘুরে বেড়ান সাগরতলে। সেই মেয়েটির নাম সাঈদা ওয়ার্দা।
বছর পঁচিশের সাঈদা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ২০০৯ সাল থেকেই করছেন স্কুবা ডাইভিং (সাগরতলে ঘুরে বেড়ানো)। সময় পেলেই বাক্সপেটরা নিয়ে ছোটেন সেন্ট মার্টিন কিংবা ছেড়া দ্বীপে। সাগরের প্রতি এমন টানের কাছে যেন সবকিছুই তুচ্ছ। বারবার ছুটে যান। বাংলাদেশে মেয়েদের মধ্যে সাঈদাই বর্তমানে নিয়মিতভাবে স্কুবা ডাইভিং করছেন। অথচ এই সাঈদা ছোটবেলায় সাঁতারই জানতেন না। কারণ, পৈতৃক বাড়ি চট্টগ্রাম হলেও তাঁর জন্ম মরুর দেশ লিবিয়ায়। প্রকৌশলী বাবার চাকরিসূত্রেই জন্মের পর তাঁর ১৪ বছর কেটেছে লিবিয়ায়। এরপর দেশে আসা। এসেই লেগে গেলেন স্বপ্নপূরণের কাজে। একচুলও নড়চড় হলো না ইচ্ছাশক্তির। তবে পরিবারের সমর্থন পেয়েও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। তার পরও দমে যাননি। এগিয়েই গেছেন। কীভাবে কী হলো?
শুনুন এবার সাঈদার মুখেই: ‘ছোটবেলা থেকেই আমার মধ্যে সমুদ্র একটা আলাদা জায়গা করে নিয়েছে। টেলিভিশনেও আমাকে টানত ডিসকভারি ও ন্যাশনাল জিওগ্রাফির চ্যানেল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডানা মেলল ইচ্ছাটাও। দেশে আসার পর ইন্টারনেট ঘেঁটে জেনে নিলাম স্কুবা ডাইভিংয়ের আদ্যপান্ত। কিন্তু এ তো সব পুঁথিগত বিদ্যা। সরাসরি সমুদ্রে নামা তো আরেক ব্যাপার। এর মধ্যে কার্যক্রম বলতে সাঁতারটা শিখলাম, পুলে অনুশীলন করলাম টুকটাক। আরও খোঁজাখুঁজির পর জানলাম, বাংলাদেশে সামান্য কয়েকজন স্কুবা ডাইভিং নিয়ে কাজ করেন। ওই দলের প্রধান আতিকুর রহমান। আমি যোগাযোগ করলাম তাঁর সঙ্গে। সময়টা ২০০৭ সালের এপ্রিল মাস। কিন্তু এত দূর এসে আবার বাধার মুখে পড়লাম। আমি ফোন করলেই আতিক ভাই বলেন, “আপনি কি আসলেই করতে চান?” তাঁর কাছেও ইচ্ছাশক্তির পরীক্ষা দিতে হলো। শেষে তিনি বুঝলেন আমি সাগরতলে নামবই। এরপর এল সেই কাঙ্ক্ষিত দিন, ২০০৯ সালের ২৭ নভেম্বর। সেন্ট মর্টিনে নামলাম সাগরে। প্রথম দিনেই ভালো করলাম। দ্বিতীয় দিনে আরও উতরে গেলাম। এভাবেই পথচলা শুরু। এখন সাগরের নিচে যখন ঘুরে বেড়াই, তখন নিজেকে মনে হয়, আমি এক জলপরি।’

সাগরে নামার আগে উত্তেজনা ছিল স্বপ্নপূরণের। তবে নেমে পানির নিচের আলাদা সেই জগৎ দেখে অভিভূত হলেন সাঈদা। সে এক রোমাঞ্চকর অনুভূতি। ঘটতে থাকল মজার সব কাণ্ড। একবার পানির নিচে দেখা পেলেন হাজার খানেক মাছের এক বিশাল ঝাঁক। তারা আগন্তুককে চারপাশ থেকে ঘিরে ধরল। কয়েক সেকেন্ড পর আবার ছেড়ে চলে গেল তারা। কিছুটা ভয় কাজ করলেও বিষয়টা বেশ মজা পেয়েছেন।
মজার অভিজ্ঞতার সঙ্গে আছে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ঘটনাও। ‘আমি ছিলাম তখন প্রায় ৩৫ মিটার নিচে। আমার মাস্কটা ঠিকমতো আটকানো হয়নি। ব্রিদিং পাইপে লোনা পানি ঢুকে গেছে। ফলে অক্সিজেন নিতেও সমস্যা হচ্ছিল। আর আমি এত নিচে ছিলাম, যেখান থেকে উঠে আসাও কঠিন। তাই নিজে ঠান্ডা মাথায় সমস্যা সমাধানের চেষ্টা করলাম। প্রথম ও দ্বিতীয়বার হলো না। তবে আমি ভয় পাইনি। শেষে তৃতীয়বার চেষ্টা করলাম, এবার হলো। হাঁফ ছেড়ে বাঁচলাম।’ বললেন সাঈদা।
অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে মেয়েরা স্কুবা ডাইভিংয়ে এগিয়ে এলেও বাংলাদেশে খুব একটা নেই। তবে সাঈদার পরামর্শ, স্কুবা ডাইভিংয়ে আসার আগে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে আসতে হবে। প্রশিক্ষণ ছাড়া কোনোভাবেই সাগরতলে নামা যাবে না। এ জন্য বাংলাদেশে একমাত্র প্রশিক্ষণকেন্দ্র ওশানিক স্কুবা ডাইভিং সেন্টার ([email protected])। শুধু প্রশিক্ষণ নয়, এই সংগঠনের সদস্যরা বছরে একবার সাগরতলের ময়লাও পরিষ্কার করেন।
শেষে সাঈদার কাছে প্রশ্ন, কত দিন চলবে এভাবে? দৃঢ়কণ্ঠে উত্তর, ‘জীবনের শেষ দিন পর্যন্ত।’