'আমি প্রকৃতির সন্তান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া এ বছর পেলেন একুশে পদক। তাঁর জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। শৈশব কেটেছে রাঙ্গুনিয়ার ইছামতী গ্রামে। ১৯৭৫ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস অচেনা, লেখালেখির শুরু তারও আগে—ষাটের দশকে। এ পর্যন্ত ১৬টি উপন্যাস ও ৪৪টি ছোটগল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। পাশাপাশি প্রবন্ধ, শিশুসাহিত্য ও ভ্রমণকাহিনি লিখে পেয়েছেন পাঠকপ্রিয়তা। ১৪১১ সালে পেয়েছেন শিশু একাডেমি ও ১৯৯২ সালে বাংলা একাডেমি পুরস্কার। একুশে পদক পাওয়ার পর টেলিফোনে প্রথম আলোকে অনুভূতি জানান তিনি। কথা বলেছেন আহমেদ মুনির

প্রথম আলো: একুশে পদক পেয়ে কেমন লাগছে?
বিপ্রদাশ বড়ুয়া: আমি টেলিভিশন দেখি না ১৯৯১ সাল থেকে। একজন ফোনে জানালেন খবরটা। প্রথমে খুব অবাক হয়েছি। পুরস্কার একটা ব্যাপার বটে। কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি অনেক বড় বিষয়। এটা অর্জন করা কঠিন। ভাবলাম এটা কীভাবে সম্ভব হলো। জীবনে বহু পথ পাড়ি দিলাম। প্রথমেই বলব আমার স্ত্রী রুবি বড়ুয়ার কথা। পুরস্কারের এই কৃতিত্ব অনেকটা তাঁরই প্রাপ্য। বেতনের পুরো টাকাটা তাঁর হাতে তুলে দিতাম। সংসারের আর কোনো কিছুই আমাকে দেখতে হয়নি। তিনি আমাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন লেখালেখির জন্য। যখন ইচ্ছে হয়েছে বেরিয়ে পড়েছি ঘুরতে। কখনো তিনি বাধা দেননি।
প্রথম আলো: ভ্রমণ, লেখালেখি দুটোতেই আগ্রহ। দিনে কয় ঘণ্টা লেখেন? আর ঘুরে বেড়ানো?
বিপ্রদাশ বড়ুয়া: লিখতে বসলে দিনে ১৬ ঘণ্টাও একটানা লিখি। এমনও দিন গেছে, আমি সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কেবল খাওয়া বাদে একটানা লিখেছি। আর যখন বেরিয়ে পড়ি তখনো টানা ঘুরে বেড়াই। বাংলাবন্ধ থেকে সুন্দরবন কোথায় না গেছি!
প্রথম আলো: লেখালেখির শুরুটা কীভাবে হলো?
বিপ্রদাশ বড়ুয়া: ১৯৫৮ সালে মেট্রিক পাস করার পর বাউণ্ডুলে হয়ে পড়েছিলাম। কমার্সে ভর্তি হয়ে তিন বছর পাস করতে পারিনি। শেষে এক বছর বিরতি দিয়ে চট্টগ্রাম কলেজে আর্টসে ভর্তি হই। জীবনের এই পর্বে একটা বড় সময় কেটেছে আমার নিজ গ্রাম রাঙ্গুনিয়ার ইছামতীতে। সে সময় গ্রামের জ্ঞানদায়িনী নামের একটা পাঠাগারের সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তখন সেই পাঠাগারের সব বই পড়া হয়ে যায়। ইছামতী গ্রামের অনেকে কলকাতায় পড়াশোনা করতেন। তাঁরা সবাই সেই পাঠাগারের জন্য বই পাঠাতেন। গ্রামে বিয়ে-শাদিতেও নতুন-পুরোনো উপহার দেওয়ার রেওয়াজ ছিল। তো সেসব বইও পাঠাগারে চলে আসত। আমি তখন গোগ্রাসে বই গিলছি। পড়ছি স্বপন কুমার রায়ের ছিন্ন মস্তার মন্দির, যখের ধন, আবার যখের ধন। তখন খড়ের গাদার ওপর শুয়ে বই পড়তাম। খসখস আওয়াজ হতো। চমকে উঠতাম, ভয় পেতাম। কিন্তু সে-কী আনন্দ! এরপর হাতে এল ম্যাক্সিম গোর্কির নবজাতক, রবীন্দ্রনাথের শেষের কবিতা, গল্পগুচ্ছ, বিভূতিভূষণের পথের পাঁচালি এসব। মোটকথা পাঠাগারের একটি বইও আর অবশিষ্ট ছিল না। তো এরপর চট্টগ্রাম কলেজে যখন আর্টসে ভর্তি হই তখন কলেজ ম্যাগাজিনে লেখা দিই, ছাপাও হয়। সেখানে পড়ার সময় দৈনিক পাকিস্তান ও সমকাল -এ লেখা পাঠাই। সিকান্দার আবু জাফর ছিলেন সমকাল-এর সাহিত্য সম্পাদক। খুব জাঁদরেল মানুষ। কিন্তু আমার লেখা ছাপলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিয়মিতই বিভিন্ন সাহিত্য পত্রিকা ও দৈনিকে লিখতে থাকলাম।
প্রথম আলো: আপনার লেখায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবন ও প্রকৃতি ঘুরে-ফিরে এসেছে। এই প্রেরণা কী করে তৈরি হলো?
বিপ্রদাশ বড়ুয়া: আমার জীবনের একটা বছর কেটেছে রাঙামাটিতে। সেখানকার স্কুলে দশম শ্রেণীটা পড়েছি। এই এক বছর আদিবাসীদের সহজ-সরল জীবন খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়। আমার লেখকজীবনে এই অভিজ্ঞতার ছাপ পড়েছে। লেখালেখির শুরুতে আমার বিষয় ছিল নিজ গ্রাম ইছামতী, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জীবন, কক্সবাজার ও সমুদ্র। আমি এক সময় উপলব্ধি করলাম বাংলা সাহিত্যে সমুদ্র নিয়ে তেমন কেউ লেখেননি। তো আমি ভাবলাম এটা নিয়ে কাজ করব। সে ভাবনা থেকেই লেখা হয়েছে সমুদ্রচর ও বিদ্রোহীরা উপন্যাস। এর পটভূমি কক্সবাজার, বাঁশখালী, উড়িরচর, চরজব্বার ও মনপুরা। ১৯৮৫ ও ১৯৯১ সালের সাইক্লোনের বিরুদ্ধে মানুষের টিকে থাকার সংগ্রাম চিত্রিত হয়েছে বইটিতে। আসলে চট্টগ্রামে সাহিত্যের অনেক উপাদান ছড়িয়ে আছে। এসব নিয়ে খুব ভালো কাজ হতে পারে। আঞ্চলিকতাকে ছাপিয়ে সেসব সাহিত্যকর্মকে বৈশ্বিক করে তুলতে হবে।
প্রথম আলো: লেখকের জীবন কেমন হওয়া উচিত?
বিপ্রদাশ বড়ুয়া: লেখককে জীবনের মধ্যে ঢুকতে হবে। আবিষ্কার করতে হবে প্রকৃতিকে। আমি কীটপতঙ্গ, বৃক্ষ থেকে শুরু করে সব শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মিশেছি। আমি প্রকৃতি চিনি। ফুল-পাখি চিনি, মানুষ চিনি। আমি সবার কাছে গেছি। এককথায় আমি প্রকৃতির সন্তান। একজন লেখককেও তেমন হতে হবে।
প্রথম আলো: ভবিষ্যত্ পরিকল্পনা?
বিপ্রদাশ বড়ুয়া: কয়েক শ বছর বাঁচতে চাই। পাঁচ হাজার গল্পই যদি লিখতে না পারলাম লেখক হিসেবে জন্মই বৃথা। হা হা হা।