‘আমি বারী বাশুরিয়া...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তুরে হাওয়া বইছে শিরশির। মাঘের সন্ধ্যায় হাড় কাঁপছে মানুষের। তবুও ঘরমুখী হওয়ার লক্ষণ নেই, বরং ডিসি হিলে ভিড় বাড়ছে, শ্রোতার চাপ বাড়ছে। কারণ ‘শুয়া চান পাখি’। হ্যাঁ, বারী সিদ্দিকী আসবেন, গাইবেন সেই জনপ্রিয় গান, তাই উপচে পড়ছে দর্শক। দুই দিনের লোকসংস্কৃতি উৎসবের শেষ দিনের চিত্র এটি।রাত সাড়ে নয়টায় বারী সিদ্দিকী এলেন, হাতে বাঁশির থলে, মাথায় টুপি। বসলেন চেয়ারে, এবার হাতে নিলেন হলুদ বাঁশি। তুললেন হূদয়ছোঁয়া সুর। গাইলেন ‘ওরে অর্থসুখে সুখী যারা... পিরিতি সকলে বোঝে না’। এরপর শোনালেন ‘...আমি আশায় আশায় বাঁধলাম বাসা’ এবং নিজের লেখা ‘প্রেমের ঘুড়ি বিনবাতাসে ওড়ে’। এবার একটু থামলেন, বললেন, ‘যে গান-কালচার আমরা করছি, তা জাতির অবিচ্ছেদ্য অংশ। আমাদের গান মা, মাটি আর মানুষের। এটা একদিন বিশ্বসংগীতে পরিচিত হবে।’কথার পর একে একে শোনালেন ‘তুই আমারে পর ভাবিলে’, ‘আমি একটা জিন্দা লাশ’, ‘রজনী হইস না অবসান আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচান’। এবার তিনি তুলে নিলেন চায়ের পেয়ালা। বললেন ‘খুব বেশি গরম না। তার পরও মন্দের ভালো।’ এবার যন্ত্রীদের প্রশংসা করলেন, ‘১৫ বছর আগে চট্টগ্রামে এসেছিলাম। এখানে সংস্কৃতিচর্চা অনেক বেড়েছে, বিশেষ করে মিউজিশিয়ানরা। এখন চট্টগ্রামে এলে মিউজিশিয়ান নিয়ে আমাকে ভাবতে হয় না। তাঁরা বেশ ভালো বাজান।’ এবার সেই বিখ্যাত গান—‘শুয়া চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’। শিল্পীর চোখে জল। দর্শকের চোখ ছলছল। বললেন এ গানের পেছনের অজানা কাহিনি। গেয়ে শোনালেন রশীদ সরকারের ‘প্রেম আগুনের বর্ণটা কী’। এরপর আবার গান ‘মওলা আমার গাড়ি নিয়া নে...আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে’, ‘আমার অনেক বাঁশের বাঁশি আছে’, ‘আমার হাউশের পিরিত করিস না ছারখার’, ‘প্রেম করিতে পয়সা লাগে’ ও ‘আমার মন্দ স্বভাব জেনেও তুমি’।এবার আসন ছেড়ে উঠলেন শিল্পী। কিন্তু দর্শকের মনের খিদে তো মেটেনি। উন্মাতাল দর্শকের অনুরোধে আবার বসে পড়লেন শিল্পী বারী সিদ্দিকী। আবার গেয়ে শোনান দুটি গান ‘সরলারে ও সরলা তুই আমারে করিস না পর’ ও ‘আমার গায়ে যত দুঃখ সয়’। ঘড়ির কাঁটা তখন ১১টার ঘর পেরিয়ে গেছে।