উপমহাদেশের বিখ্যাত শিল্পী মান্না দে’র জন্মদিন পালন করা হয়েছে তাঁর গানে গানে।এ উপলক্ষে প্রাচীনতম সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান আর্য্য সংগীত চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় ‘আমি যে জলসা ঘরে’ শীর্ষক সংগীতানুষ্ঠানের আয়োজন করে।এতে মান্না দে’র গীত গান পরিবেশন করেন শিল্পী শাহরিয়ার খালেদ।স্বাগত বক্তব্যে আর্য্য সংগীত সমিতির সভাপতি ওস্তাদ মিহির লালা বলেন, ‘বর্তমান সময়ের অসুস্থধারায় অর্থহীন বাণী ও প্রাণহীন সুর-লয়ে যেসব গান হচ্ছে, তার মধ্যেই আর্য্য সংগীতের এই প্রয়াস। এ ধরনের আয়োজন সংগীতের ক্ষেত্রে নতুনধারা ও সুস্থ সংস্কৃতি বিকাশে সহায়ক।’শিল্পী শাহরিয়ার খালেদ গানের ফাঁকে ফাঁকে গানের সুরকার, গীতিকারসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি গেয়ে শোনান ‘জানি তোমার প্রেমের যোগ্য’, ‘আবার হবে তো দেখা’, ‘ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে’, ‘আমার না যদি থাকে সুর’, ‘তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়’, ‘যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ’, ‘জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে’, ‘কাজল লতা’, ‘আমি যে জলসা ঘরে’, ‘এইতো সেদিন তুমি’, ‘এই জীবনের বেশিটাই দুঃখ’, ‘ও চাঁদ সামলে রাখো’, ‘তুমি নয় নাই কাছে আসলে’, ‘খুব জানতে ইচ্ছে করে’, ‘আমার একদিকে শুধু তুমি’, ‘কী দেখলে তুমি আমাতে’, ‘সেইতো আবার কাছে এলে’, ‘ওগো বরষা তুমি ঝরো নাগো’ ও ‘কফি হাউসের সেই আড্ডাটা’সহ আরও বেশ কয়েকটি গান পরিবেশন করেন।গান শেষে কথা হয় বন্দরটিলার মিতা আজহারের সঙ্গে। তিনি বলেন, ‘আসলে পুরোনো দিনের গান শুনলে ভালো লাগে, অনেকটা নস্টালজিক হয়ে উঠি। তা ছাড়া শাহরিয়ার খালেদের কণ্ঠে মান্না দে ভালো ফোটে।’গান শুনতে আসেন কবি মুনিরুল মুনির। তিনি বলেন, ‘গানের জগতে এক ধরনের নৈরাজ্য চলছে। মান্না দে’র চিরজীবী গানগুলো আমাদের গৌরবময় ঐতিহ্যের ধারায় ফিরিয়ে নেবে বলে আমার বিশ্বাস।’