‘আমি রাতকে দিন, দিনকে রাত করব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি রাতকে দিন, দিনকে রাত করব। তোদের কিছু হবে না। পুলিশকে আমি দেখব। আমি নিজে পুলিশ। আমি থাকব লিগ্যাল। কাজ করব আনলিগ্যাল (শুদ্ধ উচ্চারণ ইলিগ্যাল, অর্থাৎ বেআইনি।) মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা ও চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশে কর্মরত কনস্টেবল শাহজালাল রিপন যুবক-কিশোরদের চুরির কাজে অংশ নিতে এসব বলেই উদ্বুদ্ধ করতেন। শাহজালালের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে অপরাধে জড়িয়ে পড়া মোটরসাইকেলের কারিগর মোহাম্মদ আরিফ গত রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।গত শুক্রবার রাতভর নগরে অভিযান চালিয়ে কনস্টেবল শাহজালাল রিপনসহ সাতজনকে পুলিশ গ্রেপ্তার করে। প্রথম দিনের অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়। পরে শাহজালালের স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকা ও চট্টগ্রাম থেকে আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।অভিযানে গ্রেপ্তার হওয়া আরও চারজন ছাত্র গত রোববার একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা হলেন: মো. রাকিব উদ্দিন ওরফে রাকিব, মো. সাহেদুল ইসলাম, আফতাব আইয়ুব ওরফে তুহিন ও মেহরাজ উদ্দিন ওরফে আরিফ। কনস্টেবল শাহজালালের প্ররোচনায় তাঁরা চোরাই মোটরসাইকেল কেনাবেচায় অংশ নেন বলে জানা গেছে।মোটরসাইকেলের কারিগর আরিফ জবানবন্দিতে বলেন, ‘কনস্টেবল শাহজালাল আমাকেসহ জাহেদ, রাকিব ও আবেদকে মোটরসাইকেল চুরি করতে প্ররোচিত করেন। তাঁর প্ররোচনায় গত ২১ সেপ্টেম্বর দেওয়ানহাট মোড়ের আরমান হোটেলের সামনে থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি করি। এ সময় কনস্টেবল শাহজালাল আমাকে ক্ষমতার দাপট দেখিয়ে দিনকে রাত, রাতকে দিন করতে পারেন বলে দম্ভোক্তি করেন।’কলেজছাত্র আফতাব উদ্দিন স্বীকারোক্তি জবানবন্দিতে বলেন, ‘চুরি হওয়া পালসার মোটরসাইকেলটি আমি আরিফের কথামতো আরমান হোটেলের সামনে নিয়ে যাই। এ মোটরসাইকেলের মালিক আমার বন্ধু ইমরান। হোটেলের সামনে গাড়িটি রেখে আমরা চা খেতে যাই। বের হয়ে দেখি, মোটরসাইকেল উধাও হয়ে গেছে।’এদিকে মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা পুলিশ কনস্টেবল শাহজালাল রিপনকে দুই দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি পুলিশের কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁর তথ্যের ভিত্তিতে আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন প্রথম আলোকে জানান, কনস্টেবল শাহজালাল একেক সময় একেকটি মোটরসাইকেল ব্যবহার করে আসছিলেন। কুমিল্লার সীমান্তবর্তী ভারত থেকে চোরাই পথে বেশির ভাগ মোটর সাইকেল চট্টগ্রামে আসে। ওই গাড়ির রমরমা ব্যবসা করতেন তিনি। ঢাকাসহ দেশের অনেক জায়গায় শাহজালাল চোরাই মোটরসাইকেল পাচার করে আসছিলেন। এসআই নেজাম আরও বলেন, চট্টগ্রামের মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবারের কলেজপড়ুয়া কিছু ছেলেকে শাহজালাল মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িয়ে ফেলেন। তদন্তে যাদের নাম এসেছে, তাদের কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি। প্রসঙ্গত, কনস্টেবল শাহজালাল রিপনের গ্রামের বাড়ি ভোলা জেলায়। নগরের লালখান বাজার এলাকায় তাঁর বাসা। এলাকায় তাঁর ব্যাপক প্রভাব ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। কারণে-অকারণে তিনি ক্ষমতার দাপট দেখাতেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। তাঁর আরও কিছু সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করেনি, যাঁরা এখনো চোরাই মোটরসাইকেলের ব্যবসা করছেন। বিগত চারদলীয় জোট সরকারের আমলে শাহজালাল পুলিশ বাহিনীতে যোগ দেন।