
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত গুগেনহাইম জাদুঘর নানা কারণেই বিখ্যাত। তবে সবকিছু ছাপিয়ে কিছুদিন হলো জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থীদের আগ্রহ যেন ওই একটি জিনিসের প্রতিই। আর তা হলো মাউরিৎসিও কাত্তেলানের ‘আমেরিকা’! ভাবছেন এই ‘আমেরিকা’টা আবার কী? আদতে তা খাঁটি সোনা দিয়ে তৈরি একটি টয়লেট! এই ব্যতিক্রমী টয়লেট সিটের নির্মাতা ইতালির চিত্রশিল্পী ও ভাস্কর মাউরিৎসিও কাত্তেলান। প্ররোচনামূলক ভাস্কর্যের জন্য খ্যাতিমান এই শিল্পী যা তৈরি করতে ব্যবহার করেছেন ১৮ ক্যারেট সোনা।
শিল্পী এই শিল্পকর্ম তৈরির উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছেন অর্থনৈতিক অসমতাকে। তাই হয়তো তিনি এই সোনার টয়লেটের নামকরণও করেছেন ‘আমেরিকা’। মাউরিৎসিও কাত্তেলান বলেছেন, ‘এই শিল্পকর্ম আমাদের মনে করিয়ে দেয়, মানবজীবনের কিছু বাস্তবতা থেকে কখনো চাইলেও পালানো যায় না।’
সোনার টয়লেট দেখার জন্যই যে শুধু মানুষ আগ্রহী এমন নয়। অনেকে ইতিমধ্যে বিখ্যাত হয়ে ওঠা এই টয়লেট ব্যবহার করার সুযোগও নিচ্ছেন। কারণ, গুগেনহাইম জাদুঘরের পাবলিক টয়লেটগুলোর ইউনি-সেক্স টয়লেট বা নারী-পুরুষ উভয়ই ব্যবহার করতে পারে এমন একটি শৌচাগারে রয়েছে এই খাঁটি সোনার টয়লেট সিট। আর তা এক পেনি খরচ করেই সুযোগ মিলছে ব্যবহারের!
সূত্র: মিরর