‘চার বছর ধরে সড়কের অবস্থা নাজুক। চলাচলে কষ্টের শেষ নেই। ভাঙতে ভাঙতে বিলীন হওয়ার পথে সড়কটি। আর কত ভাঙলে মেরামতের উদ্যোগ নেওয়া হবে!’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন কক্সবাজারের পেকুয়ার মটকা ভাঙার বাসিন্দা আবু তাহের (৫২)। িতনিসহ ২০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম মগনামা ইউনিয়নের মটকা ভাঙা-কাজীর মার্কেট সড়কটির এখন বেহাল দশা।
সরেজমিনে দেখা যায়, আড়াই কিলোমিটারের সড়কটির শুরুর দিকের ২০ থেকে ২৫ মিটার পর্যন্ত ঠিকঠাক আছে। এর পর থেকে ভাঙন শুরু। সড়কের ইট ভেঙে এবড়োখেবড়ো হয়ে আছে। কিছু ইটের খোয়া গিয়ে পড়েছে পাশের লবণের মাঠে। কোনো গাড়ি চলাচল করতে পারে না। হাঁটা ছাড়া কোনো গতি নেই।
পেকুয়া উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০০৫ সালে মগনামার মটকা ভাঙা থেকে কাজির মার্কেট পর্যন্ত সড়কটিতে ইট বিছানো হয়। এর পর থেকে আর সংস্কারকাজ করা হয়নি। অতিরিক্ত লবণবোঝাই ট্রাক চলাচলের কারণে সড়কটি বেহাল হয়ে পড়েছে। ২০১২ সাল থেকে সড়কের অবস্থা বেশি নাজুক হয়ে যায়।
স্থানীয় লোকজনের অভিযোগ, মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া, পশ্চিম মটকা ভাঙা, দরদরি ঘোনা, মগঘোনা, পূর্বকুল, কাজির মার্কেট, বেদেরবিলপাড়া ও মৌলভীরদিয়া গ্রামের অন্তত ২০ হাজার মানুষ নিয়মিত মটকা ভাঙা-কাজীর মার্কেট সড়ক দিয়ে চলাচল করেন। সপ্তাহে দুই দিন সোম ও শুক্রবার সোনালি বাজারে হাট বসে। এসব গ্রামের মানুষ সোনালি বাজারেই সওদা করতে যান। এ ছাড়া পেকুয়া উপজেলা সদর ও জেলা শহরে যেতে এ সড়কটিই তাঁদের ভরসা।
কোদাইল্যাদিয়ার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪২) বলেন, সড়ক দিয়ে তিন বছর ধরে কোনো ধরনের যানবাহন চলছে না। এমনকি রিকশা পর্যন্ত চলে না। সড়কটি নিচু হওয়ায় প্রতি বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে তলিয়ে যায়। আবার শুষ্ক মৌসুমে ধুলাবালুর অত্যাচারে প্রাণ যায়। সড়ক দিয়ে হাসপাতালে নেওয়ার পথে রোগীদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে।
এলজিইডির সূত্র জানায়, মটকাভাঙা-কাজির মার্কেট সড়কের ২২৩ মিটার কার্পেটিংয়ের জন্য গত ২৭ মার্চ প্রায় ২৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজির মার্কেট থেকে এ কাজ শুরু হবে। কাজ শেষ করতে হবে আগামী বছরের ২৭ জুলাইয়ের মধ্যে।
জানতে চাইলে মগনামা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরাফত উল্লাহ বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গিয়ে মটকাভাঙা-কাজির মার্কেট সড়কের বেহাল অবস্থা দেখেছি। পরিষদের দায়িত্ব নেওয়ার পর যেভাবেই পারি সড়কের পুরো অংশের মেরামত কাজ শুরু করব।’
এলজিইডির পেকুয়া উপজেলা সহকারী প্রকৌশলী হারু কুমার পাল বলেন, স্থানীয় সাংসদের যোগাযোগ খাতের বরাদ্দ থেকে মটকাভাঙা-কাজির মার্কেট সড়কের ২২৩ মিটার কার্পেটিং কাজ শুরু হচ্ছে। সড়কের বাকি অংশের মেরামতের জন্যও পরবর্তী সময়ে দরপত্র আহ্বান করা হবে।