'আর যাব না সেন্ট মার্টিন'
‘প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের কথা অনেক শুনেছি। কিন্তু কখনোই দ্বীপটি দেখা হয়নি। তাই ঈদের পর বরকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে ছুটে এলাম টেকনাফ। তারপর জাহাজে করে নাফ নদী আর বঙ্গোপসাগর পাড়ি দিয়ে গেলাম সেই দ্বীপে। কিন্তু এরপর টানা তিন দিন দ্বীপে আটকা পড়ে যে অভিজ্ঞতা হলো, তাতে এটা নিশ্চিত আর কখনো যাবো না সেন্ট মার্টিন।’
৬ আগস্ট বিকেলে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের কাছে এসব কথা বলেন ঢাকা থেকে আসা পর্যটক সাবিনা ইয়াসমিন (২৭)। পাশে ছিলেন স্বামী সাব্বির আহমেদ (৩২) । তাঁর চোখে–মুখেও তিন দিনের ধকলের ছাপ। এই দম্পতি বেড়াতে গিয়ে আটকা পড়েন সেন্ট মর্টিনে। শুধু এই দম্পতি নয়, বিরূপ আবহাওয়ার কারণে আটকা পড়েন তিন শতাধিক পর্যটক।
জানা যায়, ২ আগস্ট সকাল সাড়ে নয়টায় দেড় হাজারের বেশি পর্যটক তিনটি জাহাজ ও ১৭টি ইঞ্জিন নৌকায় করে টেকনাফ থেকে ৩৪ কিলোমিটার দূরের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যান। ওই দিন বিকেলে এক হাজার ২০০ পর্যটক টেকনাফ ফিরে এলেও অবশিষ্ট তিন শতাধিক পর্যটক থেকে যান। কিন্তু পরদিন ৩ আগস্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হলে প্রশাসন টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখে। ফলে সেখানে ভ্রমণে যাওয়া তিন শতাধিক পর্যটক টানা তিন দিন আটকা পড়েন। হোটেল থাকলেও অনেকে রাত কাটিয়েছেন চরম আতঙ্কে। ভয়ে কান্নাকাটিও করেন কেউ কেউ।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, সর্বশেষ গত ৬ আগস্ট বেলা দেড়টার দিকে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ ‘এলসিটি কুতুবদিয়া’ সেন্ট মার্টিন পৌঁছে দ্বীপে আটকে পড়া ২৬৪ পর্যটককে নিয়ে যায়। আগের দিন ৫ আগস্ট অন্য পর্যটকেরা কয়েকটি মাছ ধরার ট্রলারে করে টেকনাফ ফিরে আসেন।
ঢাকার রমনা থেকে ভ্রমণে আসা কলেজছাত্র সাইফুল বলেন, ‘এ জীবনে আর সেন্ট মার্টিন যাব না। ৫ আগস্ট ট্রলার নিয়ে যখন আমরা সেন্ট মার্টিন দ্বীপ থেকে টেকনাফের উদ্দেশে রওয়ানা দিলাম, দেখলাম সাগরে বিশাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যাওয়ার উপক্রম হচ্ছিল। বলতে গেলে সেদিন মরতে মরতে বেঁচে গেলাম।’
রাজশাহী শহর থেকে আসা আরেক গৃহবধূ বলেন, ‘আমরা সাগরের আবস্থা বুঝি না। ফলে সেন্ট মার্টিনে গিয়ে বিপদে পড়লাম। বর্ষার সময় উত্তাল সাগরে জাহাজ চলাচল বন্ধ রাখা উচিত। তাহলে পর্যটকেরা সেন্ট মার্টিন যাবে না।’
চট্টগ্রামের তামাকুমন্ডি লেনের ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, টাকা শেষ হওয়ায় অনেকে সমস্যায় পড়েছেন। এ ক্ষেত্রে জাহাজ মালিক বা হোটেল কর্তৃপক্ষ সাহায৵ করেনি।
কোস্টগার্ড সেন্ট মার্টিন স্টেশনের দায়িত্বে থাকা কমান্ডার লেফটেন্যান্ট কাজী হারুন অর রশিদ বলেন, ‘৬ আগস্ট থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সাগর শান্ত না হওয়া পর্যন্ত এই অবস্থা বজায় রাখা হবে। কারণ আমরা কোনো পর্যটককে ভ্রমণের নামে ঝঁুকিতে ঠেলে দিতে পারি না।’