'আর য্যানো কেউর এই রুগ না অয়'

‘ব্যতা উটছিল এশার উয়াক্তে। দাইয়ে আইয়ে কইছে ফজর উয়াক্তে বাচ্চা অইবে। কিন্তু বাচ্চা আইতে পারে নাই। রাইত ১২টায় ডাক্তার আইয়ে ইনজাকশন দিছে। তাতে কিছু অইছে না। যে রকম কঠিন বেদনা, হে রকমই রইয়া গেছে।’
এভাবেই বাধাগ্রস্ত প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্ত সুনামগঞ্জের জাহেদা বেগম তাঁর সন্তান হওয়ার অভিজ্ঞতার বর্ণনা দিতে শুরু করেন। ১৯ বছর বয়সী জাহেদার সঙ্গে কথা হয় ফিস্টুলা রোগী পুনর্বাসন ও প্রশিক্ষণকেন্দ্রে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল ফিস্টুলা সেন্টারে চিকিত্সাধীন। একই সঙ্গে তিনি এখানে প্রশিক্ষণও নিচ্ছেন।
জাহেদা বলেন, ‘রাইতভর চেইষ্টা কইরে দাই কিছু কইরতে পারে নাই। পরে ফজর উয়াক্তে আমারে সুনামগঞ্জ হাসপাতালে নিয়া আইল। স্যালাইন দিল। রক্ত দিল। কিন্তু বাচ্চা আইতে পারে নাই। এরপর হাসপাতালের ম্যাডামে কইছে সিলেট হাসপাতালে নিইয়ে যাইতে। এরপর আমারে সিলেট হাসপাতালে নিইয়ে গেছে।’
এটুকু বলে থামেন জাহেদা। কিছুক্ষণ কাঁদেন। নাকে সোনার নাকফুল, হাতে পিতলের বালা পরা এই মেয়েটিকে তখন বড্ড অসহায় লাগে। কিছু না বলে চুপ করে থাকি। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করি, তারপর কী হলো?
তখনো জাহেদার চোখের কোণে পানি। বলেন, ‘আলটাসনো কইরে অপারেশন অইছে। কিন্তু বাচ্চা মরা অইছে। আর আমার ডায়রিয়া অইছে। হাসপাতালে ১২ দিন থাইকে বাপের বাড়ি গেছি। আমার বাচ্চাও মইরে গেল। আর আমারও পেশাব ঝরনের রুগ অইল।’
দুই বছর আগে জাহেদার বিয়ে হয় সুনামগঞ্জের দামপাড়ায়। তখন তার বয়স সতেরোর কোঠায়। ৩০ বছর বয়সী স্বামী নোয়াখালীর একটি ধান ভাঙানোর মিলে কাজ করেন। মাসে আয় ছয় হাজার টাকা। এই টাকার বেশির ভাগই খরচ হয় স্বামীর খাওয়া-থাকা বাবদ। তাই বাড়িতে টাকা পাঠাতে পারেন না তিনি। স্বামী সংসারের খরচ দিতে পারেন না বলে বাবার বাড়িতেই বেশি থাকতে হয় জাহেদাকে। মাঝেমধ্যে শ্বশুরবাড়ি যান। এর মধ্যেই বিয়ের মাস পাঁচেক পরে অন্তঃসত্ত্বা হন জাহেদা। গর্ভধারণের নয় মাস পেরিয়ে এক সন্ধ্যায় প্রসববেদনা ওঠে। হাসপাতালে না নিয়ে বাড়িতেই গ্রামের ধাই দিয়ে সারা রাত ধরে চেষ্টা চলে। কিন্তু সন্তান প্রসব করতে পারেননি জাহেদা। অবশেষে দুটি হাসপাতাল ঘুরে পরের দিন দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম হয় তাঁর। কিন্তু বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসবের কারণে বাচ্চাটি মারা যায়। আর নিজেও আক্রান্ত হন বাধাগ্রস্ত প্রসবজনিত ফিস্টুলায়। আর এতে মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রস্রাব ঝরতে থাকে তাঁর।
ঘিয়ে রঙা ওড়নায় আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে লজ্জায় ভর করে বলেন, ‘পেশাবের চাপ আইয়ে না। দেআ যায় বিছানা ভিইজে গেছে। কোথাও বসলে পেশাব পড়ে। কাপড় নষ্ট অইয়ে যায়। ঘর নোংরা অইয়ে যায়। অপবিত্র অয়। পায়খানায়ও অসুবিদা অয়। এই জইন্যে শ্বশুরবাড়ি যাই না। বাপের বাড়ি থাহি আর খালি কান্দি। কিতা করমু, বুঝি না। আর য্যানো কেউর এই রুগ না অয়।’
হাসপাতাল থেকে স্বামীর বাড়ি না গিয়ে বাবার বাড়ি যাওয়ার কারণ হিসেবে জাহেদা বলেন, ‘আমি অসুস্থ, কে আমার সেবা-যইত্ন কইরবে। আর স্বামীর বাড়ি কাম করন লাগব। সারা দিন পেশাব ঝইরে। আমি কাম কইবারও পারি না। তাই বাপের বাড়ি গেছি। আর স্বামীও তো আইতে কয় না।’
ফিস্টুলায় আক্রান্ত হওয়ার পরে একপর্যায়ে কৃষক বাবাই জাহেদাকে আবার সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিত্সা শুরু হয়। চিকিত্সাধীন অবস্থায় তাঁর সঙ্গে ওই হাসপাতালের চিকিত্সকের মাধ্যমে পরিচয় হয় সিনা সাঈদার। দরিদ্র ফিস্টুলা রোগীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন প্রকল্পে সিনা সাঈদা সুনামগঞ্জে কর্মরত আছেন অফিসার ফিল্ড অপারেশন্স হিসেবে। এরপর জাহেদাকে এখানে নিয়ে আসা হয়। শুরু হয় ফিস্টুলার চিকিত্সা। এর আওতায় মাস দেড়েক আগে একটি অপারেশন হলেও এখনো পুরোপুরি সুস্থ হননি জাহেদা। আরও চিকিত্সা নিতে হবে। আরও একটি অপারেশন লাগবে তাঁর।
সুস্থ হয়ে গ্রামে ফিরে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন জাহেদার চোখেমুখে। হয়তো সংসারের সচ্ছলতার কথা ভেবেই মুখে আনন্দ খেলে যায় তাঁর। তিনি বলেন, ‘মেশিন কিনতে পারলে সেলাইয়ের কাম করমু।’
স্বামী এখানে এসে মাঝেমধ্যে দেখে যান। এসএসসি ফেল স্বামী নিশ্চুপ থাকেন, কিছুই বলেন না। কিন্তু আর দশজন বাঙালি নারীর মতো স্বামীর বাড়িকেই শেষ আশ্রয় মনে করেন জাহেদা। তাই সুস্থ হয়ে স্বামীর বাড়িই ফিরে যেতে চান। তাই চাপা স্বরে বলেন, ‘স্বামীর ঘরে যাইমু। না গেইলে গ্রামের মানুষ কী কইবে। আর বেডি মানুষ না যাইয়ে কী করমু।’