‘আওয়ামী লীগকে সমর্থন করি, কিন্তুক ভোট দিছিলাম মন্জুর আলমকে। আনারস মার্কায়। ভাবছিলাম মহিউদ্দিন তো অনেক দিন ছিল। মন্জুর শহরটারে নতুন ভাবে সাজাইবার কথা কইল। তাই তারেই দিলাম। যারে ভোট দিছি, সে যখন হইছে, ভালাই লাগছিল।’ গত বছরের ১৭ জুন অনুষ্ঠিত মেয়র নির্বাচনের স্মৃতিচারণা করলেন রিকশাচালক আবদুল আজিম। চাঁদপুরে বাড়ি হলেও ৩০ বছর ধরে চট্টগ্রাম শহরেই আছেন তিনি। দেওয়ানহাট এলাকার সুপারিপাড়ায় তাঁর বাসা। তো ভোট দেওয়ার পর তো এক বছর হয়ে গেল। যে আশায় ভোট দিয়েছেন, তা কি পূরণ হয়েছে?উত্তরে আবদুল আজিম বললেন, ‘রাস্তাঘাটের তো অনেক উন্নতি করেছেন। তবে অহনো কোনো কোনো রাস্তায় রিকশা চালাইতে কষ্ট হয়। আরও অনেক কাজ করন লাগব। হইব। সবে তো মাত্র এক বছর হইল।’ রিকশাচালক আবদুল আজিমের মতো রিয়াজউদ্দিন বাজারের কাপড় বিক্রেতা মো. মুরাদ হাসানের একই কথা: ‘মেয়র হিসেবে মন্জুর আলম অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, বিশেষ করে, নগরের সৌন্দর্যবর্ধনের কাজে তিনি অনেকটাই এগিয়েছেন। রাস্তাঘাট এবং শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারেও কর্মকাণ্ড মোটামুটি ভালো দেখতে পাচ্ছি। মেয়র নির্বাচনের পর তাঁর একটি উল্লেখযোগ্য কাজ হলো, বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামের ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তিতে নিরুৎসাহিত করে তাদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের ব্যবস্থা করা।’