‘১৯৯৭ সালের কথা। আমি ঘুরে বেড়িয়েছি আফ্রিকার সিয়েরা লিওন, ঘানা, উগান্ডা প্রভৃতি দেশে। এসব জায়গায় তখন চলছিল ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ। ছবি তুলতে গিয়ে আমাকে একদিকে যেমন চরম ঝুঁকির মোকাবিলা করতে হয়েছে তেমনি দেখতে হয়েছে অভাবনীয় অমানবিকতা, নিষ্ঠুরতা। বিশেষ করে তরুণ প্রজন্ম যে এতটা উন্মত্ত হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। ধর্মীয় প্ররোচনায় তারা নির্বিচারে নিরীহ মানুষের ওপর হামলা চালিয়েছে, হত্যা করেছে। এতটুকু কুণ্ঠিত হয়নি।’ বলছিলেন বিশ্বখ্যাত আলোকচিত্রী স্টুয়ার্ট ফ্রিডম্যান—যিনি জীবনের ঝুঁকি নিয়ে খবরের খোঁজে আলবেনিয়া থেকে আফগানিস্তানের সংঘাতপূর্ণ এলাকা পাড়ি দিয়েছেন। ছুটে গেছেন সাবেক যুগোস্লাভিয়া থেকে হাইতি পর্যন্ত। লাইফ, জিয়ো, টাইম, নিউজউইক, প্যারিস ম্যাচ প্রভৃতি সাময়িকীতে ছাপা হয়েছে তাঁর সচিত্র প্রতিবেদন। ফ্রিডম্যান মনে করেন, এ পেশায় অনেক বাধা-বিপত্তি, বিপদের মুখোমুখি হতে হয়। যেখানে জীবনের ঝুঁকিও থাকে। এটাই বাস্তবতা। আর এভাবেই তো আমাদের বিশ্ববাসীর সামনে জীবনের বিপর্যয়, অমানবিকতা, দুঃখ-কষ্টের আসল চেহারা তুলে ধরতে হবে—যা থেকে তারা সমৃদ্ধ জীবনের ঠিকানা খুঁজে নিতে পারে। একজন আলোকচিত্রী ছবির মাধ্যমে বিশ্বকে আবিষ্কার করেন। পুরো ঘটনাকে ছবিতে ফুটিয়ে তোলেন। যা তিনি নিজের চোখে দেখেছেন সেই সত্যকে সঠিকভাবে ছবিতে তুলে আনাই হচ্ছে প্রকৃত আলোকচিত্রীর কাজ। এখানে অনৈতিকতা, অসততাকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। সম্প্রতি নগরে একটি কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যোগ দিতে আসেন ফ্রিডম্যান। ‘ওয়ার্কশপ অ্যান্ড রিপোর্টেজ প্রজেক্ট’ শিরোনামের এ কর্মশালার আয়োজন করে পাঠশালা, অসলো বিশ্ববিদ্যালয় কলেজ ও ফটোব্যাংক। এ দেশে এটাই তাঁর প্রথম সফর। এখানে এসে নগরের বিভিন্ন জায়গায় ছবি তুলতে বেরিয়েছেন। আর এরই মাঝে যেটুকু মেলামেশার সুযোগ ঘটে তাতেই ফ্রিডম্যানের ধারণা হয়েছে, চট্টগ্রামের মানুষ যথেষ্ট প্রাণবন্ত এবং উদার। তাঁদের আতিথিয়তা ও বন্ধুত্বপূর্ণ আচরণে তিনি সত্যিই মুগ্ধ বলে জানান। ফ্রিডম্যানের জন্ম লন্ডনে, ব্রিটিশ নাগরিক। আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ করছেন ১৯৯১ সাল থেকে। এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে তিনি কাজে নামেননি। রাজনীতি ও ইতিহাসবিষয়ে স্নাতক ডিগ্রিধারী ফ্রিডম্যানের অনুপ্রেরণার উত্স ছিল সমসাময়িক বিভিন্ন লেখক, সাংবাদিক, আলোকচিত্র সাংবাদিকের কর্মকাণ্ড। রাজনৈতিক সচেতনতাও তাঁকে এ কাজে উদ্বুদ্ধ করে। এ ছাড়া এ পেশায় আসার ক্ষেত্রে ‘এ বিশ্বকে জানাতে চাই বিশ্ব সম্পর্কে’ (আই ওয়ান্ট টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দি ওয়ার্ল্ড) এ নীতিকে প্রাধান্য দেওয়ার কথা বলেন। পেশাগত জীবনের দুটি ঘটনা ফ্রিডম্যানকে এখনো খুব নাড়া দেয়। উত্তর উগান্ডার গুলুতে একটি ১২-১৩ বছরের ছেলেকে সে দেশের বিছিন্নতাবাদীদের হাত থেকে উদ্ধার করে আনার সময়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছিলেন তিনি। দেখলেন একটি জীর্ণ ঘরে ছেলের জন্য মায়ের অপেক্ষা, সেই মা ছেলেকে ফিরে পাবেন আদৌ এমনটি কল্পনায়ও ছিল না। ঠিক এ অবস্থায় যখন ছেলেকে তার হাতে তুলে দেওয়া হলে মা তাকে বুকে জড়িয়ে প্রচণ্ড শব্দে কেঁদে ওঠেন। এ ঘটনা ফ্রিডম্যানকে যথেষ্ট আবেগপ্রবণ করে তোলে। আরেকবার ঘানায় তিনি এমন একটি কৃষক পরিবারের খোঁজ পান যেখানে স্বামী-স্ত্রী দুজনই অন্ধ। তাঁদের ১৩ বছরের সংসার। অথচ কোনো বিরোধ নেই। তিনি এ পরিবারের সঙ্গে ১০ দিন কাটিয়েছেন। দেখেছেন, তাঁরা নিজেরাই জায়গা জমি দেখাশোনা, মাঠের কাজ থেকে শুরু করে সাংসারিক সব কাজ করছেন। ফ্রিডম্যানের ভাষায়, এত স্বাভাবিকভাবে, দৃঢ় মনোবল নিয়ে তাঁরা জীবনযাপন করেছেন চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। জীবনের লক্ষ্য কী—প্রশ্নের জবাবে ফ্রিডম্যান বলেন, ‘একজন দায়িত্ববান সাংবাদিক হওয়া।’ স্বামী-স্ত্রী দুজনের সংসার তাঁর। সন্তান নেই। অবসর তেমন মেলে না। বাড়িতে থাকলে স্ত্রীকে বাগানের কাজে সাহায্য করেন। কয়েকদিন আগে তিনি গেছেন। বলে গেছেন, শিগগির চট্টগ্রামে আসার ইচ্ছে। কারণ এখানে তাঁর কাজের বেশ কিছু বিষয় আছে। তা ছাড়া আলোকচিত্র বিষয়ে এখানকার ছেলেমেয়েদের আগ্রহ তাঁকে মুগ্ধ করেছে। তাঁদের তিনি কারিগরি বিষয়গুলোর পাশাপাশি আলোকচিত্রীর সত্যিকারের লক্ষ্য ও উদ্দেশ্য শেখাতে চান। তাঁর মতে, পাহাড়-নদী-সমুদ্রের এ অঞ্চলটির তার প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য আলোকচিত্রীর কাছে এক আকর্ষণীয় ক্ষেত্র।চট্টগ্রামের কোনো তরুণ আলোকচিত্রের মাধ্যমে বিশ্বকে জানবেন, সারা বিশ্বের মানুষের কাছে তাঁর দেশের মানুষের প্রকৃত জীবন তুলে ধরবেন—এটাই তাঁর প্রত্যাশা।