‘আশা আছিল ব্যাংকে চাকরি করুম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যাই পিচ্চি, তাড়াতাড়ি পানি দে’—এক কোণের টেবিল থেকে হাঁক দিল একজন ক্রেতা। মুহূর্তেই যেন মাটি ফুঁড়ে বেরোল ছেলেটি। বয়স কত হবে? এই ১০ কিংবা ১২। পাবলিক লাইব্রেরির ভেতরের এই হোটেলে ওর মতো আরও কয়েকজন আছে, যারা ক্রেতাদের চাহিদা মেটাতে সারাক্ষণই ছোটাছুটি করছে। কারও হাতে ভাতের প্লেট। কেউ নির্দেশ পেয়ে তরকারির জন্য ছুটছে। এই মুহূর্তে যাকে নির্দেশ দেওয়া হয়েছে, সে হাজির হলো দুই হাতে আটটি পানির গ্লাস নিয়ে। টুংটাং শব্দ করে রাখল গ্লাসগুলো টেবিলের ওপর। তারপর আবার দে ছুট, পরবর্তী নির্দেশ পালনের জন্য। ঘণ্টা খানেক পর একটু অবসর মিলল। এই সুযোগে ওকে কাছে ডেকে কথা বললাম।নাম কী তোমার? প্রশ্ন শুনে মাথা তুলে তাকাল। পূর্ণ দৃষ্টিতে। তারপর বলে, ‘ফারুক মিয়া।’গ্রামের বাড়ি কোথায়?ঝটপট উত্তর দেয়, ‘আমাগো বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মলাইশা গ্রামে।’ আরও জানায়, ফারুকের বাবা গ্রামেই রিকশা চালান। সাত ভাইবোনের মধ্যে ফারুক মেজো।প্রশ্ন করি, তুমি একাই ঢাকায় থাকো? ‘না, বড় ভাই এই হোটেলে বাবুর্চির কাম করে। হের লগে থাকি। অন্য ভাই-বইনে পড়ালেখা করে। হেরা বাপ-মার লগেই থাকে।’‘তুমি পড়ালেখা করোনি?’এবার শুকনো ঠোঁটে হাসি ফোটে। ‘পড়ছি, অল্প কয় দিন। তারপর আর ইশকুলে যাই নাই।’কেন স্কুলে যাওনি? বাবা আর পড়ায়নি?‘বাবার ইচ্ছা আছিল আমি পড়ালেখা করুম। সেই কারণে ক্লাস ওয়ানে ভর্তিও হইছিলাম। আমাগো গ্রামেই আছিল ইশকুলটা। সেইখানে মাত্র দুইজন মাস্টার ছিল। এক মাস্টারে দুইটা ক্লাস নিত। ওয়ান আর টু। আমাগোরে একটা কবিতা মুখস্থ করতে দিয়া ক্লাস টুয়ের ক্লাসে যাইত। আবার আসত এক ঘণ্টা পরে। তখন মুখস্থ না হইলে মাইর। তারপর আবার বড় একটা গল্প মুখস্থ করতে দিত। আর কইত দুই ঘণ্টার মধ্যে মুখস্থ করবি। নাইলে খবর আছে।’ফারুক এবার মাথা চুলকাতে শুরু করে, ‘কী আর কমু। একটা লাইনও মুখস্থ হইত না। এত পড়া ক্যামনে মুখস্থ হইব! সব উল্টা-পাল্টা লাগত।স্যার ক্লাসে আইসা জিগাইত, কার কার পড়া হয় নাই হাত তোল! আমরা হাত তুলতাম। স্যারে মজার মানুষ আছিল। যাগো মুখস্থ হইয়া যাইত, তাগোরে দিয়া জালি বেত আনাইত। একজন গিয়া বেত বানাইয়া আনত।’ এতটুকু বলে ফিক করে হাসে ফারুক। তারপর বলে, ‘যে বেত আনত, তারে আগে মাইর লাগাইত। তারপর আমাগো। পড়া পারো আর না পারো, কোনো মাফ নাই।’ক্লাস ওয়ান মানে তো বয়স ছয় বা সাত। অতটুকু বয়সে পড়ার জন্য মার খেত! ভাবনাটা জমাট বাঁধার আগেই ফারুক আবার সরব হয়, ‘খুব মারত স্যারে।’ তারপর কচি হাতটা বাড়িয়ে দেয়, ‘এই যে হাতের তালুতে মারত। মাইর‌্যা লাল কইরা ফালাইত। মাইরের ডরে লাস্ট বেঞ্চে গিয়া বসতাম। তবু মারত। পরের দিন আর ইশকুলে যাইতাম না।’তুমি কত দিন স্কুলে গিয়েছ?‘এই ধরেন দুই মাস! তারপরে ইশকুল বাদ দিছি।’এই হোটেলে কত দিন ধরে কাজ করো?‘এক বছর হইছে। এহানে আমি গেলাশ ধুই। টেবিলে টেবিলে পানি দেই। সকাল আটটার থাইক্যা রাত নয়টা আমার ডিউটি।’এখন আবার পড়ালেখা করতে ইচ্ছা করে?‘ইচ্ছা তো করেই। গেরামে আমার সব বন্ধুরা এই মাইর খাইয়াও পড়ছে। হেরা এহন ক্লাস সিক্সে পড়ে। ওরা ইশকুলে যাইতাসে, দেখলে খুব দুঃখ লাগে। বাবায় রিকশা চালায়। আমার আশা আছিল, সরকারি ব্যাংকে চাকরি করুম। অনেক বড় হমু। এখন মনে হয়, সুযোগ পাইলে আবার পড়ুম। পইড়া ব্যাংকে চাকরি করুম।’তারপর একরাশ দীর্ঘশ্বাস বেরিয়ে পড়ে। কণ্ঠও যেন খানিকটা বেদনাতুর। নিজেই বলে, ‘এখন কি আর সেই সুযোগ পামু! এহন আর কোনো আশা নাই। গ্লাস ধুমু। প্লেট ধুমু। তারপর ভাগ্যে যা আছে, তাই হমু।’