আসকার দীঘিকে ঐতিহ্য হিসেবে সংরক্ষণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মহাপরিকল্পনা রয়েছে। কিন্তু বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। এ বিষয়ে সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খানের সঙ্গে কথা বলেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক আসকার দীঘি নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে?মো. শাহীনুল ইসলাম খান: সিডিএর মহাপরিকল্পনায় দীঘিটিকে উন্মুক্ত বিনোদনকেন্দ্র ও পার্ক করার কথা বলা আছে। দীঘি সংরক্ষণের জন্যই এ পরিকল্পনা নেওয়া হয়।কবে নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়িত হবে?মো. শাহীনুল ইসলাম খান: সেটা বলা যাচ্ছে না। কারণ, এখনো প্রকল্প গ্রহণ করা হয়নি। তবে যেকোনো সময় সরকার চাইলে সেটা করা যাবে। কিন্তু যত দিন যাচ্ছে দীঘি দখল হয়ে যাচ্ছে। এ ব্যাপারে কী করণীয়?মো. শাহীনুল ইসলাম খান: সেটা ঠিক। দীঘির পাড়গুলো দখল হয়ে গেছে। বিএস জরিপ করার সময় দীঘির কিছু জায়গা ব্যক্তির মালিকানাধীন হিসেবে জরিপ করা হয়। এক ব্যক্তি কৌশলে সেটা করেছিলেন। সেটা এখনো সেভাবে রয়েছে। যার কারণে পাড়গুলোতে আসবাবপত্রের দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ঘরবাড়ি গড়ে উঠেছে। তাহলে কীভাবে সিডিএর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে?মো. শাহীনুল ইসলাম খান: সরকার ও সিডিএ চাইলে যেকোনো মুহূর্তে সেগুলো উচ্ছেদ কিংবা যেকোনো আইনি পদক্ষেপ নিতে পারবে।দীঘিটি তো ব্যক্তির মালিকানাধীন। সে ক্ষেত্রে সিডিএ পার্ক করতে গেলে কোনো সমস্যা হবে কি না?মো. শাহীনুল ইসলাম খান: আসকার দীঘি একটি ঐতিহ্য। এই ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব সিডিএর। তাই সিডিএ দীঘি অধিগ্রহণ করতে পারবে। এখন তো দীঘিটি কৌশলে ময়লা-আবর্জনা ও কচুরিপানা ফেলে ভরাট করা হচ্ছে। এ ক্ষেত্রে কি সিডিএর কিছুই করণীয় নেই?মো. শাহীনুল ইসলাম খান: অবশ্যই আছে। বিষয়টা আমাদের সেভাবে জানা ছিল না। আমরা সরেজমিনে দেখে ব্যবস্থা নেব। পাশাপাশি প্রতিনিয়ত তদারকিতে রাখতে হবে।