'আস্তে আস্তে ইতিবাচক চিন্তাশক্তি হারিয়ে ফেলছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা
আমি এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। পরিবারকে ঘিরেই আমার জীবন। তবে আমার মা–বাবা একটা বড় অন্যায় কাজ করেছিলেন, তাতে আমি প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছি। তাঁদের মধ্যে ওই অন্যায় নিয়ে কোনো অনুশোচনাও নেই! এটা আমি সহজে মেনে নিতে পারছি না। ফলে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি, আস্তে আস্তে ইতিবাচক চিন্তাশক্তি হারিয়ে ফেলছি। সারাক্ষণ পরিবারের মধ্যে থেকে ওই আঘাতটা ভুলতেও পারছি না। পড়াশোনায় মন দিয়ে এসব থেকে দূরে থাকার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি, ভুগছি সিদ্ধান্তহীনতায়। আমার দুই বোন অবশ্য সেটা সহজে মেনে নিয়েছে। তারা হয়তো মানসিকভাবে পরিপক্ব বলেই সেটা পেরেছে। তবে মানসিক অপরিপক্বতা ও ন্যায়বোধের কারণে হয়তো আমি তা মানতে পারছি না। একা থাকলেই শুধু কাঁদতে ইচ্ছা করে। এই পরিস্থিতি থেকে বের হতে পারছি না বলে স্বাভাবিক জীবন যাপন ভীষণ
বাধাগ্রস্ত হচ্ছে।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ
তোমার মা–বাবার কোন অন্যায় কাজটি তোমার মধ্যে এতটা মানসিক বিপর্যস্ততা তৈরি করেছে, তার সামান্য উল্লেখ থাকলে ভালো হতো। হয়তোবা তুমি গণমাধ্যমে সেটি লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করোনি। তোমার এত কষ্ট পাওয়ার পেছনে দুটি কারণ খুব স্পষ্ট। একটি হচ্ছে মা–বাবার জায়গায় যাঁরা থাকেন, তাঁদের আমরা ইতিবাচক ‘রোল মডেল’ হিসেবে দেখতে চাই। কিন্তু তাঁরা যদি সেই ভাবমূর্তির স্থান থেকে বিচ্যুত হন, তখন সন্তানদের কষ্টের মাত্রা খুব বেশি হয়। বিশেষ করে তোমার মতো স্পর্শকাতর, সংবেদনশীল ছেলেমেয়েদের পক্ষে সেটি গ্রহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। দ্বিতীয় বড় কারণটি হচ্ছে, তাঁরা অন্যায় কাজটির মোটেও দায়িত্ব নিচ্ছেন না এবং এ নিয়ে অনুতপ্তও হচ্ছেন না।

তোমার অন্য দুই বোন বিষয়টিতে অতটা আঘাতপ্রাপ্ত হয়নি। তুমি বলছ, সেটির কারণ তারা মানসিকভাবে পরিপক্ব। তবে এটা না-ও হতে পারে। তোমার নৈতিকতার মূল্যবোধটি বেশি শক্তিশালী বলেই এটি ঘটছে। তুমি বোন দুটির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছ কি না, জানি না। হয়তোবা শেয়ার করলে তোমার ভেতরটা কিছুটা হালকা হতে পারত। তুমি লিখেছ, পরিবারকে ঘিরেই তোমার জীবন। তাই যদি হয়, তাহলে বাবা ও মায়ের সঙ্গে তোমার সম্পর্কটি তো ভালো হওয়ার কথা ছিল। তুমি কি তাদের কারও সঙ্গে মন খুলে কথা বলতে পারো না? যদি তাঁদের কারও সঙ্গে একটু ঘনিষ্ঠতা থাকে, তাহলে কি প্রথমে তোমার বর্তমান মানসিক অবস্থাটি জানিয়ে তারপর প্রশ্ন করতে পারো যে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁদের এ ধরনের পদক্ষেপ নিতে হয়েছে? এমন তো হতে পারে যে, তাঁরা কোনো বিশেষ পরিস্থিতির শিকার হয়েছেন।

আমাদের দেশের বেশির ভাগ অভিভাবক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সন্তানদের পুরোপুরি অন্ধকারে রেখে দেন এবং প্রশ্ন করলে হয় এড়িয়ে যান অথবা এমন কোনো উত্তর দেন, যা পুরোপুরি সঠিক নয়। তাঁরাও যেহেতু তাঁদের মা–বাবাকে এই আচরণ করতে দেখেছেন, তাই এটি তাঁদের কাছে স্বাভাবিক বলে মনে হয়। ‘সন্তােনরা অনেক বিষয় বোঝে না, তাই তাদের সবকিছু জানানো প্রয়োজন নেই’—এই মনোভাবটি তাঁরা পোষণ করেন। অথচ তাঁরা জানেন না যে শিশুরাও অনেক কিছুই উপলব্ধি করতে পারে এবং বর্তমান প্রজন্ম অনেক কিছু দেখে ও শুনে বড় হচ্ছে বলে তাদের মনে অনেক প্রশ্ন ভিড় করে। কিন্তু অভিভাবকেরা তাদের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে না দিলে সন্তানেরা তাঁদের অবিশ্বাস করতে শুরু করে এবং অশ্রদ্ধাও করতে থাকে। খুব ভালো হতো যদি তোমার মা–বাবা এ ব্যাপারটি যথেষ্ট ব্যাখ্যা ও যুক্তি দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। নিঃসন্দেহে তুমি বিষণ্নতায় ভুগছ এবং সে জন্য নেতিবাচক চিন্তা ও সিদ্ধান্তহীনতার সৃষ্টি হচ্ছে। যদিও তুমি তাঁদের সন্তান, তবু বলব, তোমার একটি পৃথক পরিচিতি ও সত্তা রয়েছে, সেটি প্লিজ ভুলে যেয়ো না। তুমি যে ন্যায়ের পক্ষে রয়েছ, সে জন্য নিজেকে অনেক শ্রদ্ধা করবে, কেমন?
ভবিষ্যতে তুমিও অভিভাবক হবে এবং নিজের কাছে প্রতিজ্ঞা করতে পারো যে তুমি তোমার সন্তানদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত তুলে ধরবে। এই ঘটনাটি জীবনের একটি দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পর্যায় হিসেবে দেখে সামনে এগিয়ে যাও। মনে করার চেষ্টা করো, মা–বাবা হলেও দিন শেষে তাঁরাও তো মানুষ, কাজেই তাঁরা ভুল করতেই পারেন। মন ভালো রাখার জন্য আলাদা করে সময় রেখে এমন কিছু কাজ করো, যাতে করে এই চিন্তাগুলো তোমাকে সব সময় বিভ্রান্ত করতে না পারে। আশা করছি, এই ঘটনাটি তোমার মতো আদর্শ চিন্তার মানুষকে জীবনের লক্ষ্যে পৌঁছানো থেকে বিরত করবে না।