‘আহা কী আনন্দ আকাশে-বাতাসে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ আলো করে এল একঝাঁক শিশুশিল্পী। সমবেত কণ্ঠে গেয়ে উঠল, ‘আহা কী আনন্দ আকাশে-বাতাসে’। দলীয় সংগীতটি দিয়ে শুরু হয় শিশু আনন্দ মেলার প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজন। এরপর শিশুদের পরিবেশনায় নাচ, গান আর আবৃত্তিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন।১ থেকে ৩ মার্চ তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে শিশু একাডেমী। প্রথম দিন শুরুতে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ। জেলা প্রশাসক ফয়েজ আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, একাডেমীর শিশু কর্মকর্তা জি এম আবদুস সালাম প্রমুখ।সাংস্কৃতিক আয়োজনে শিশু একাডেমীর শিক্ষার্থীরা গেয়ে শোনায় ‘রুম ঝুম ঝুম...’, ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’, ‘নোঙ্গর তোল তোল’ প্রভৃতি গান। গানের ফাঁকে ফাঁকে চলে নাচ।শিশু আনন্দ মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্থান পায় ১৩টি স্টল। এতে প্রদর্শিত হয় একাডেমীর নিজস্ব পুস্তক ও শিশুদের আঁকা ছবি।শিশু আনন্দ মেলার দ্বিতীয় দিন উদ্যাপন করা হয় সিসিমপুর দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপিকা রত্না দত্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানে ১০টি শিশু সংগঠনের শিল্পীরা নৃত্য, নাটক, কবিতা ও গান পরিবেশন করেন। শেষ দিনে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসনাত হুমায়ুন কবির। তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।