'আয় বাবা বুকে আয়'

১০ জুন সকাল আটটা। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান ফটকে দাঁড়িয়ে আছেন শারীরিক প্রতিবন্ধী মো. শফি (৪২)। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম ছাগলখাইয়া গ্রাম থেকে এসেছেন ছেলে নুরুল হোসাইনকে (২১) বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। অবশেষে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা বাংলাদেশি ১৫০ অভিবাসীর িজজ্ঞাসাবাদ শেষে বিকেল পাঁচটায় ছেলের দেখা মেলে। ছেলেকে কাছে পেয়ে ভুলে গেলেন এতক্ষণ অপেক্ষার কষ্ট। ‘আয় বাবা বুকে আয়’ বলে জড়িয়ে ধরলেন ছেলেকে।
আড়াই মাস আগে স্থানীয় দালাল ইউনুছ ও নুর মোহাম্মদ মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে নুরুল হোসাইনকে কক্সবাজার নিয়ে যান। এরপর উখিয়া উপকূল দিয়ে তাঁকে ট্রলারে তুলে দেওয়া হয়। গত ২১ মে পর্যন্ত নুরুল হোসাইনসহ অনেকে ট্রলারেই পড়ে ছিলেন। এরই মধ্যে দালালেরা মুক্তিপণের এক লাখ টাকা আদায় করতে নানাভাবে চেষ্টা চালান। কিন্তু গরিব ও প্রতিবন্ধী বাবার পক্ষে মুক্তিপণের সেই টাকা তুলে দেওয়া সম্ভব হয়নি। এ জন্য নুরুল হোসাইনকে দালালেরা অত্যাচার নির্যাতন চালিয়েছেন। দেশে ফিরে আসতে পেরে তিনি আল্লাহর কাছে বারবার শোকরিয়া আদায় করছেন।
১০ জুন ১৫০ অভিবাসীর মধ্যে নাইক্ষ্যংছড়ির এক শিশুসহ পাঁচজনকে শনাক্ত করা হয়। রাত সাড়ে ১০টায় এই পাঁচ অভিবাসীকে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়ে এলে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। পরে স্থানীয় প্রশাসন অভিবাসীর স্বজনদের হাতে তাদের হস্তান্তর করে। অপর চার অভিবাসী হলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মেহেরপুর গ্রামের মনির আহমদের ছেলে আবদুচ্ছবি (১৮), গয়ালমারা গ্রামের আবুল হোসেনের ছেলে আমিন উল্লাহ (২৬), আশরাফ মিয়াপাড়ার বেলায়েত আলীর ছেলে শামশুল আলম (২৫) ও চাকঢালা গ্রামের নুরুল হকের ছেলে রহিম উল্লাহ (১৬)।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, ওই দিন রাতে উদ্ধার অভিবাসী নুরুল হোসাইন বাদী হয়ে আটজন মানব পাচারকারীর (দালাল ইউনুছ, হামিদ, নুর মোহাম্মদ, মো. হামিদ, নুরুল আলম, সিরাজ, বিল্লাল ও আবদুল্লাহ) বিরুদ্ধে একটি মামলা করেছেন। দালালেরা নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সদর, লামাসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাঁদের ধরার চেষ্টা চলছে।