'আয়নাবাজি' যেভাবে সত্যিকারের সিনেমা হতে পারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(স্পয়লারসহ! যাঁরা সিনেমা দেখেননি, তাঁরা পড়বেন না!)

.
.

১.

আয়নাবাজি সিনেমায় নায়ক আয়নার এন্ট্রি সিন হতে পারত এ রকম—

বাজারে সরগরম অবস্থা, চারদিকে কোলাহল, হঠাৎ সব নীরব। দূরে পায়ের আওয়াজ, ঠকাস ঠকাস শব্দে কেউ আসছে, সবাই সেদিকে কৌতূহল নিয়ে তাকিয়ে। পর্দায় ভেসে উঠত জিনস-কেডস পরা কারও পা। তারপর দেখা যেত ১৫-২০টা ব্রেসলেট পরা হাত, কোমরে বিশাল সাইজের বকলেসওয়ালা বেল্ট, আর তাতে শার্টের কোনা গুঁজে রাখা। কনুইয়ের নিচ থেকে কবজি পর্যন্ত ট্যাটু, সেখানে লেখা, ‘AYNA: the mirror man’। তখনই বোঝা যেত নায়ক এসে গেছে। তার চোখে সানগ্লাস, মাথায় জেল দিয়ে খাড়া করে রাখা চুল। দুই পা প্রসারিত করে কোমরে দুহাত রেখে বাজারে ঢোকার মুখে দাঁড়াল আয়না। সঙ্গে সঙ্গে এক তুমুল বাতাস বাজারটা প্রায় উড়িয়ে নিতে লাগল। তখন সাই-সুই-সাই করে তিন-চার অ্যাঙ্গেল থেকে দেখানো যেত আয়নাকে। এখানে নির্মাতার অনেক গাফিলতি দেখা গেছে।

২.

মাছওয়ালার সঙ্গে আয়নার কথোপকথন হতে পারত এ রকম—

: চাচা, মাছ কত?

: দাম দেওয়া লাগব না, বাবা। সেদিন তুমি আমার মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছ। তোমাকে কী বলে যে ধন্যবাদ দেব! তুমি এইটা এমনিই নিয়ে যাও, বাবা।

এতে সমাজের অসংগতির প্রতি আয়নার বিদ্রোহী চরিত্র প্রকাশ পেত।

৩.

নায়িকার এন্ট্রি সিন হতে পারত এ রকম—

নায়িকার গলা থেকে তার মায়ের শেষ স্মৃতি একটি চেইন নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ছিঁচকে চোরেরা। আয়না সেটা দেখতে পেয়ে তাড়া করে ছিনিয়ে আনে চেইনটি। তখন আয়না বলত, ‘এই নিন আপনার চেইন।’

: এটা আমার মায়ের শেষ চিহ্ন। আপনাকে যে কী বলে ধন্যবাদ দেব! আসুন না, এক কাপ চা খেয়ে যান।

এভাবে হলে নায়ক-নায়িকার পরিচয়–মুহূর্তটা আরও রোমান্টিক হতে পারত। তারপর বাজারে গিয়ে নায়িকাকে বাজারের ব্যাগ নিতে সাহায্য করানোর মাধ্যমে পরস্পরের প্রেমও দেখানো যেত। অতঃপর শুরু হতো ফ্যান্টাসি কিংডমে গিয়ে নাচ। হৃদি মানে নায়িকা কোমর দুলিয়ে নাচত, তার পাশে আয়না মাথাটা ডানে-বাঁয়ে করে নাচত ধুন্ধুমার। ফলে পুরো সিনেমাতেই ঢাকাই সিনেমার মতো মানোত্তীর্ণ কোরিওগ্রাফির অভাব বেশ লক্ষণীয়।

৪.

মোসাদ্দেক চরিত্রটা হতে পারত এ রকম—

মোসাদ্দেক চরিত্রটিকে দর্শকের আনন্দ দানের জন্য রাখা যেত। হিটলারি গোঁফ দিয়ে চোখ-মুখ ভেংচিয়ে তাকে দিয়ে টেনে টেনে কথা বলিয়ে হলভর্তি দর্শকদের হাসিয়ে সিনেমাটি আরও আনন্দময় করা যেত।

৫.

নায়িকার বাবার মৃত্যুটা যেমন হতে পারত—

হৃদির বাবার মৃত্যুটা বড় ‘রসকষহীন’ হয়ে গেছে। এটা হতে পারত এ রকম—আয়নাকে না পেয়ে নেতার লোকজন আসে হৃদিকে ধরতে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ দেন মুরব্বি।

৬.

জেল থেকে পালানোর দৃশ্যটা আরও রিয়েলিস্টিক হতে পারত—

নিজের দাড়ি ছিঁড়ে ছিঁড়ে রশির মতো পাকিয়ে চাবি বানাল আয়না। সেটা দিয়ে এক রাতে তালা খুলে বাইরে বেরিয়ে আসে সে। সে সময় পেছন থেকে দেখে ফেলে জেলার। হুইসেল বাজিয়ে সতর্ক করে দেন সবাইকে। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ৮-১০ জন লাঠিওয়ালা পুলিশ জাপটে ধরে আয়নাকে। কিন্তু হঠাৎ ‘হুওয়াইক’ বলে এক ঝাড়া দিয়ে সবাইকে উড়িয়ে দেয় আয়না। স্লো মোশনে দেখানো যেত সেই উড়ে যাওয়ার দৃশ্য। সে সময় ব্যাকগ্রাউন্ডে বাজত ‘মানুষ আমি আমার কেন পাখির মতো মন’ গানটি। তারপর আরও কয়েকজন আসত আয়নাকে থামাতে। কিন্তু আয়নার এক ‘ভিশুমাইক’ ঘুষি খেয়ে উড়ে একজন গিয়ে পড়ত জেলের বাইরে থাকা এক বাদামওয়ালার গাড়ির ওপর, আরেকজন তরকারির গাড়ির ওপর। একটু পরপর দেখানো হতো জেলারের হতবাক চেহারা। তারপর আয়না হাঁটু দিয়ে একজনের গলা পেঁচিয়ে ধরে হুংকার দিয়ে বলত, ‘পৃথিবীর কোনো জেলখানা আয়নাকে আটকে রাখতে পারবে না!’

৭.

শেষের দৃশ্যপট যেমন হলে ফাটাফাটি হতো—

জেল থেকে পালিয়ে আয়না আসত নিজাম সাঈদ চৌধুরীর বাসায়। ততক্ষণে ঘটনাচক্রে আয়না জেনে যায়, এই নিজাম সাঈদ আসলে তাদের গ্রামের দেলু চোরা। তার বাবার হত্যাকারী। বজ্রকণ্ঠে আয়না বলত, ‘চৌধুরীইইইইই!! বেরিয়ে আয়, বদমাশ!!!’ রামধোলাইয়ের পর ‘বিসিএস সেকেন্ড’ পুলিশ সাজ্জাদ এসে বলত, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না।’ অতঃপর গ্রেপ্তার করে নিয়ে যেত নেতা ও তার সাঙ্গপাঙ্গদের।

পরিশেষে বলা যায়, আয়নাবাজি সিনেমাটিতে অনেক কিছুরই অভাব থেকে গেছে। নাচ, গান, আইটেম সং, মারামারির তো দুর্ভিক্ষ ছিল এই সিনেমায়। সর্বোপরি নায়কের ড্রেসআপ ছিল অতি সাদামাটা। নায়কের ড্রেসআপ হবে নায়কের মতো। সে কেন কোটি কোটি সাধারণ জনতাকে রিপ্রেজেন্ট করবে? নায়ক কেন সাধারণ জনগণের মতো পোশাক পরবে? মাঝে মাঝে তো সিনেমার নায়ককে খুঁজেই পাওয়া যায় না সিনেমাটিতে! আশা করব, পরিচালক পরবর্তী সিনেমায় এসব ভুল এড়িয়ে ভালো কিছু করার চেষ্টা করবেন।

গ্রন্থনা: আবু সাঈদ