
হালে একটা নতুন জ্বর দেখা দিয়েছে। নাম ‘আয়নাবাজি’। জ্বরটি ভাইরাসের মতো ছড়াচ্ছে। দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। রোগ সারাতে আমরা ‘ফোর ইডিয়টস’ (সিনেমাখোর চার বন্ধুর গ্রুপ) বলাকায় হাজির। সে এক শুক্রবারের (১৪ অক্টোবর) কথা। টার্গেট তিনটার শো। গিয়ে ‘চক্ষু চড়কগাছ’। সিনেমা হল নয়, এ যেন পয়লা বৈশাখের রমনা বটমূল। ডানে-বাঁয়ে, সামনে-পেছনে শুধু মাথা আর মাথা। শত শত। হাজার হাজার। টিকিট কাটার লাইন ঠেকেছে নীলক্ষেত মোড়ে। তাই লাইন বাদ দিয়ে শুরু হলো ‘ডাইরেক্ট অ্যাকশন’।
জনস্রোতে যুদ্ধ শেষে ‘আলেকজান্ডার’ বেশে যখন হল চত্বরে পা রাখলাম, তখন আরেক দৃশ্য। দেখি ব্ল্যাকারদের রমরমা বাজার। দেড় শ-দুই শর টিকিট পাঁচ-ছয় শয়ে বিকোচ্ছে। তারপরও হাহাকার। কাছে ভেড়ারও জো নেই। এদিকে শো শুরু হতে কেবল মিনিট ১০ বাকি। তাহলে উপায়? চলচ্চিত্রশিল্প টিকিয়ে রাখার দায়িত্ব পালনকারী(!) আমাদের ‘ফোর ইডিয়টস’-এর টপ ইডিয়ট হলো কলিম উল্লাহ। বন্ধুটি দেখতে যেমন ‘পাঠান’, তেমনি উপস্থিত বুদ্ধিতে সবারে পটান। অবস্থা বেগতিক দেখে সে বলল, ‘তোরা দাঁড়া। আমি আসছি।’
বলে সে বিশেষ হাবভাব নিয়ে নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ কর্মকর্তার দিকে এগিয়ে গেল। গিয়ে ‘বস স্টাইলে’ ইশারায় তাঁকে কাছে আসার ইঙ্গিত দিল। তারপর যা শুরু করল, তাতে আমাদের আক্কেল গুড়ম—‘আমি আপনাদের লোক। সম্পর্কে আপনার স্যার হব। সিনেমা দেখব বলে সিভিল ড্রেসে এসেছি। পরিচয় দিলে হলের ম্যানেজারই হয়তো এসে আমাকে নিয়ে যাবে। কিন্তু সব জায়গায় সব পরিচয় দেওয়া ঠিক না।’ কলিমের চাহনি, কথা বলার ‘কেউকেটা’ ভঙ্গিতে ওই পুলিশ ততক্ষণে ‘স্যার স্যার’। ‘শুনুন, আপনি কষ্ট করে চারটা টিকিট নিয়ে আসুন’ বলে ৬০০ টাকা হাতে গুঁজে দিল। টাকাটা নিয়ে পুলিশ অনুগত কর্মচারীর মতো ছুট দিলেন। অসংখ্য মানুষ ঠেলে কাউন্টারে হানা দিলেন। কিন্তু ব্যর্থ। ব্ল্যাকারদের হাতেও তিনটার টিকিট প্রায় শেষ। কারও হাতে একসঙ্গে চারটি টিকিট নেই।
পুলিশ কর্মকর্তা হাঁকডাকে সব ব্ল্যাকারকে এক জায়গায় করে ফেললেন। বললেন, ‘কার হাতে কয়টা টিকিট আছে, বের কর। স্যারের জন্য টিকিট লাগবে।’ টাকা কম দেখে ব্ল্যাকাররা খুব হাউকাউ লাগাল। পুলিশ কর্মকর্তা সবাইকে এক ধমকে থামিয়ে দিলেন, ‘বেশি ফটফট করলে, স্যার লালঘরে ঢুকিয়ে দেবেন।’ শেষমেশ চার ব্ল্যাকার থেকে চারটি টিকিট নিয়ে ভদ্রলোক যুদ্ধজয়ের মতো ভঙ্গিতে কলিম ভাইয়ের হাতে তুলে দিলেন। শুধু তা-ই নয়, দুহাতে মাছি তাড়ানোর মতো ভিড় সরিয়ে, রীতিমতো স্কর্ট করে আমাদের হলে ঢুকিয়ে দিলেন। টিকিটের জন্য যে তৃতীয় বিশ্বযুদ্ধ! তাতে আয়নাবাজির ভেলকির লোভ মাথা থেকে পালিয়েছিল। ভাবছিলাম ফিরে যাব। অবশেষে কলিমের আয়নাবাজির ভেলকিতে আয়নাবাজি দেখা হলো। যাকে বলে, ‘ডাবল আয়নাবাজি’।
আফতাব উদ্দিন ছিদ্দিকী
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা।