'ইডিপাস'-এর শততম মঞ্চায়ন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তির্যকের ইডিপাস নাটকের একটি দৃশ্য
তির্যকের ইডিপাস নাটকের একটি দৃশ্য

সফোক্লিস রচিত গ্রিক ট্র্যাজেডি নাটক ইডিপাস–এর শততম মঞ্চায়ন করতে যাচ্ছে তির্যক নাট্যদল। তির্যকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে।
তির্যকের ৩৮তম প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত ইডিপাস নাটকের প্রথম মঞ্চায়ন হয় ১৯৯৫ সালের ২৫ ডিসেম্বর চট্টগ্রাম মুসলিম হলে। ২০০৩ সালের ২৮ ডিসেম্বর কলকাতায় প্রদর্শনীর মাধ্যমে নাটকটির ৯২তম প্রদর্শনী সম্পন্ন হয় এবং এই নাটকের নিয়মিত মঞ্চায়নের প্রথম পর্যায়ের প্রদর্শনীর সমাপ্তি হয়। গত বছরের ১৮ জুন তির্যক ইডিপাস নাটকটি আবারও নব কলেবরে পুনর্নির্মাণ করে মঞ্চে এনেছে। নাটকের টিকিট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাবে। ইডিপাস নাটকে দেখা যায় নিয়তির কাছে মানুষের পরাজয়। রাজা ইডিপাস একই সঙ্গে ভাগ্যবিড়ম্বিত আবার সত্যসন্ধানীও। সত্য নির্মম জেনেও তার পেছনে ছুটেছেন তিনি। শেষে অনিশ্চয়তার বিপুল তরঙ্গে ভেসেও গেছেন।
ইডিপাস নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন শায়লা শারমিন, রমিজ আহমেদ, সুজিত চক্রবর্তী, মাহববুল ইসলাম, রিপন বড়ুয়া, শ্যামল বড়ুয়া তন্ময়, অমিত চক্রবর্তী, জুয়েল চাকমা, মানিক মিয়া, লাবণী বিশ্বাস, বন্দনা বর্ণা, মফিজুর রহমান ও আহমেদ ইকবাল হায়দার। বিজ্ঞপ্তি।