দৃষ্টিনন্দন উপস্থাপনা ও প্রচুর দর্শক সমাগমের মধ্য দিয়ে শেষ হলো ফ্যাশন ডিজাইনার আইভি হাসানের চার দিনের পোশাক প্রদর্শনী ‘ইতি লাবণ্য—তারপর’। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী ও ঈদ উপলক্ষে চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকের ২ নম্বর সড়কের ১৬ নম্বর বাড়ির ডলস হাউস গ্যালারিতে ১২ আগস্ট এ প্রদর্শনী শুরু হয়। ওই দিন বিকেল সাড়ে পাঁচটায় ফুলকুঁড়ি-পাতায় তৈরি মালা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন কবি অরুণ দাশগুপ্ত। শেষ হয় ১৬ আগস্ট। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী ও ডিজাইনার চন্দ্রশেখর সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমাতুল আলম, স্থপতি সোহেল শাকুর, সাংবাদিক ডেইজি মওদুদ।অরুণ দাশগুপ্ত প্রদর্শনী দেখে তাঁর অনুভূতি প্রকাশ করেন। বললেন, ‘শেষের কবিতা রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সাহিত্যকর্মের একটি। এটাকে চারু ও কারুশিল্পের সংমিশ্রণে পোশাকে নিয়ে আসাটা আমার কাছে অভিনব মনে হয়েছে। শুধু বিক্রিই নয়, ব্যবসাকে শিল্পের মধ্য দিয়ে উপস্থাপন করাটা সত্যিই প্রশংসনীয়।’ নাজমাতুল আলমও মুগ্ধ পোশাকের এ শৈল্পিক উপস্থাপনে। বললেন, ‘পোশাক আসলে একটা দৃষ্টিনন্দন ব্যাপার, যার মধ্য দিয়ে আমরা নিজের ব্যক্তিত্ব উপস্থাপন করি। সেই চিন্তায় চিরায়ত রবীন্দ্রনাথকে গান, কবিতা থেকে ফ্যাশনে নিয়ে আসার ভাবনা আমার ভালো লেগেছে।’ ‘ইতি লাবণ্য—তারপর...’ শিরোনামের তাৎপর্য কী?—এমন প্রশ্নের উত্তরে ডলস হাউসের অন্যতম কর্ণধার আইভি হাসান বললেন, ‘ইতি লাবণ্য—তারপর...’। অর্থাৎ তারপরও কিছু আছে। রবীন্দ্রনাথ তো সারা বছরই বাঙালির ধ্যান-জ্ঞানে আছেন, সঙ্গে ঈদ আয়োজনে অন্যান্য ভিন্নধর্মী ও ফ্যাশনেবল ডিজাইন থাকছে বলেই এই শিরোনাম।’ আদিবাসী ও জ্যামিতিক নকশা, চিত্রকলা ও রবীন্দ্র কবিতার সমন্বয়ে তৈরি শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, ফতুয়া এ প্রদর্শনীতে স্থান পায়। হ্যান্ডলুম, অ্যান্ডি, মসলিন, কাতান, সিল্ক, সুতিসহ দেশীয় সব কাপড়ে হালফ্যাশনের নকশা এনেছে অভিনবত্ব।