সাইবার ক্যাফেগুলোতে তথ্যপ্রযুক্তির অপব্যবহারের বিষয়ে মতামত দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক দেব। কথা বলেছেন নিজস্ব প্রতিবেদকতথ্যপ্রযুক্তির প্রসারে সাইবার ক্যাফের যে সম্ভাবনা ছিল বর্তমান সময়ে তা কীভাবে মূল্যায়ন করছেন?তথ্যপ্রযুক্তির প্রসারে সাইবার ক্যাফের সম্ভাবনা এখনো আগের মতোই আছে, আগামী দিনেও থাকবে। সবাই জানি, প্রযুক্তির ভালো এবং খারাপ দুটো দিকই আছে। ভালো-খারাপ ফল পাওয়াটা নির্ভর করে প্রযুক্তিকে আমরা কীভাবে ব্যবহার করছি তার ওপর। সাইবার ক্যাফের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এ ক্ষেত্রের তথ্যপ্রযুক্তির ভালো দিকগুলোর প্রসারের দিকে সবাইকে মনোযোগী হতে হবে এবং ব্যবহারকারীদেরও সেভাবে উদ্বুদ্ধ করতে হবে। ইন্টারনেট এখন সহজলভ্য। এরপরও সাইবার ক্যাফের প্রতি ঝুঁকছে শিক্ষার্থীসহ উঠতি বয়সের ছেলেমেয়েরা। এটা কী ধরনের প্রভাব ফেলতে পারে সমাজে?বর্তমানে ইন্টারনেট সহজলভ্য। এরপরও আমরা পত্রপত্রিকায় বিভিন্ন প্রতিবেদনে দেখি, উঠতি বয়সের ছেলেমেয়েরা সাইবার ক্যাফের প্রতি ঝুঁকছে। এর কারণ হতে পারে, বাসায় যেসব আপত্তিকর ওয়েবসাইটে সহজে ঢোকা সম্ভব হয় না অভিভাবকদের জন্য, তাতে অতি সহজে সাইবার ক্যাফেতে ঢুকতে পারে। সে ক্ষেত্রে তাদের যে নৈতিক অবক্ষয় দেখা দেয় তার প্রভাব সমাজেও পড়ার আশঙ্কা থেকে যায়।একদিকে প্রযুক্তির সম্ভাবনা, অন্যদিকে নৈতিক অবক্ষয়, কীভাবে এ দুয়ের সমন্বয় করা যায়?তথ্যপ্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহারের ভালো দিকগুলো সম্পর্কে বিভিন্ন সভা-সমাবেশ ও গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করতে হবে। নেতিবাচক দিকগুলো সম্পর্কেও সচেতন করতে হবে সবাইকে। এ ক্ষেত্রে গণমাধ্যমের পাশাপাশি পরিবারের বয়োজ্যেষ্ঠদের সক্রিয় ভূমিকা থাকতে হবে। এতেই প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন নিশ্চিত হবে তেমনি নৈতিক অবক্ষয় থেকে সমাজকে মুক্ত রাখার সম্ভাবনা বাড়বে। সাইবার ক্যাফেতে ইন্টারনেটের অপব্যবহার রোধের উপায় কী?বিভিন্ন ভাবে তা করা যায়। যেমন: ১. আপত্তিকর ওয়েবসাইটগুলো বিটিআরসির (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলরিটি কমিশন) মাধ্যমে বন্ধ করে দেওয়া অথবা সাইবার ক্যাফেগুলোতে এসব সাইট বন্ধ (ব্লক) করে দেওয়া। ২. সাধারণত সাইবার ক্যাফেগুলোতে ছোট ছোট কক্ষ তৈরি করে অথবা পার্টিশান (বেড়া) দিয়ে আপত্তিকর ওয়েবসাইটগুলো খোঁজার ব্যবস্থা করে দেওয়া হয়। এভাবে ছোট কক্ষ না করে কিংবা পার্টিশান তুলে দেওয়ার ব্যবস্থা করা হলে আপত্তিকর ওয়েবসাইটগুলোর ব্যবহার কমতে পারে। ৩. সাইবার ক্যাফেগুলোতে ব্যবহারের আগে ব্যবহারকারীর প্রয়োজনীয় বৃত্তান্ত লিখে রাখার ব্যবস্থা রাখা।ইন্টারনেটের অপব্যবহারও কি সাইবার অপরাধ বাড়াচ্ছে? ইন্টারনেটের অপব্যবহারেও সাইবার অপরাধ বাড়তে পারে। তবে সাইবার ক্যাফের জন্য কিছু নীতিমালা প্রণয়ন করা হলে ক্যাফেগুলোকে এসব নীতির আওতায় নিয়ে আনা যাবে। এতে এর অপব্যবহার রোধ করা যেতে পারে।