নির্যাতন, সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড ও ভিন্নমত দমনে মধ্যরাতের ধরপাকড়ের মতো কার্যকলাপের জন্য আন্তর্জাতিক বিশ্বে, বিশেষ করে পাশ্চাত্যে নিয়মিত সমালোচিত হয় ইরান। দেশটির কথিত মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে নিউজউইক সাময়িকী সম্প্রতি নিউইয়র্কে ইরানি বিচার বিভাগের মানবাধিকার কাউন্সিলের প্রধান, দেশের আধ্যাত্মিক নেতার সবচেয়ে ঘনিষ্ঠমহলের একজন মোহাম্মদ জাবেদ লারিজানির একটি সাক্ষাৎকার নেয়। তাঁর নির্বাচিত অংশ:জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটি ইরানের মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের নিন্দা করে যে প্রস্তাব পাস করেছে, আপনি তাকে আখ্যায়িত করছেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে। অথচ এখানে ৪২টি দেশের স্বাক্ষর রয়েছে।ওই দেশগুলো মূলত ইউরোপীয় সম্প্রদায়ের এবং ক্যারিবীয় দ্বীপদেশ। রাশিয়া, চীন ও ভারতের মতো বৃহৎ দেশগুলো কমিটির এ ধরনের ভূমিকার বিপক্ষে। বিশ্বের অধিকাংশ দেশ মানবাধিকার বিষয়টির রাজনীতিকীকরণের বিরুদ্ধে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ে একটি কাউন্সিল গঠন করেছে। তাই উপযুক্ত ফোরামেই এ সংক্রান্ত আলোচনা চালানো উচিত।জাতিসংঘের এবারের সফরে আপনি একটি বিতর্কিত দাবি তুলেছেন যে সুপরিচিত প্রতিবাদী নেতা নেদা আগা সুলতানকে হত্যার পেছনে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের হাত রয়েছে।আমরা জোরালো ইঙ্গিত পেয়েছি যে তেহরানে নির্বাচন-পরবর্তী সহিংসতার সঙ্গে ব্রিটেন জড়িত ছিল। এ জন্য তারা শুধু প্রচারমাধ্যমকেই ব্যবহার করেনি, বরং সুস্পষ্ট ও সুনির্দিষ্ট কাজ করেছে। হতভাগ্য নেদা আগা সুলতানকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আমাদের কাছে জোরদার ইঙ্গিত আছে যে নেদার হত্যাকারী এমআইসিক্সের একজন এজেন্ট। তিনি হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই কয়েকটি ছবি তুলে সরাসরি লন্ডনে ফিরে গিয়েছিলেন। তথ্য-প্রমাণের ভিত্তিতেই এ দাবি করা হচ্ছে। আমরা ওই ব্যক্তিকে ইরানে প্রত্যর্পণ করে তদন্তের সম্মুখীন করার সুযোগ দিতে বলছি। কিন্তু যুক্তরাজ্য তা প্রত্যাখ্যান করেছে।আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন বা ওই লোকটির নাম বলতে পারবেন?তাঁর নাম প্রকাশ করাটা হয়তো যথার্থ কাজ হবে না। তবে আমি আমাদের সুবিধামতো সময়ে সবকিছু প্রকাশ করতে পারি। ওই ব্যক্তি জাতিতে ইরানি। তাঁকে ইরানে ফিরিয়ে নেওয়া হলে কি নির্যাতন করা হবে?ইরানে সাংবিধানিকভাবে নির্যাতন নিষিদ্ধ। একজন আইন কর্মকর্তা কোনো নাগরিককে নির্যাতন করলে তাঁকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।জাতিসংঘের প্রস্তাবে ইরানে মানবাধিকার লঙ্ঘনমূলক বিভিন্ন বিষয়ের মধ্যে নির্যাতন, চাবুক মারা, অঙ্গচ্ছেদ, শ্বাসরোধে মৃত্যুদণ্ড কার্যকর ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার অভাবসহ নানা বিষয়ের উল্লেখ রয়েছে।এগুলো আসলে ভিত্তিহীন ও অসামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, আমরা শাস্তি দেওয়ার ক্ষেত্রে একটু ভিন্ন পন্থা অবলম্বন করে থাকি। আমাদের দণ্ডবিধিতে চাবুক মেরে শাস্তি দেওয়ার বিষয়টি রয়েছে। কিন্তু আপনি কানাডার মানবাধিকার পরিস্থিতির কথা চিন্তা করুন। কয়েক বছর আগে ভ্যাংকুভারে সাদা পোশাকধারী পুলিশ এক ইরানি ছাত্রকে গুলি করে হত্যা করে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আসলে তাদের বিচারব্যবস্থার অবস্থা শোচনীয়। কানাডা সেই দেশ, যেখানে সংখ্যালঘু ও অভিবাসীরা নজিরবিহীন নৃশংসতার শিকার হয়েছে।আপনাদের বিচারব্যবস্থায় শাস্তি হিসেবে পাথর ছুড়ে মারার বিষয়টি রয়েছে। আপনি কি এ ধরনের শাস্তিতে গর্বিত?আমি আমাদের আইনি-ব্যবস্থায় গর্বিত। তবে তার অর্থ এই নয় যে এর সংস্কারের প্রয়োজন নেই। আমাদের বিচারব্যবস্থায় যথাযথ নিয়ন্ত্রণ ও ভারসাম্যের ব্যবস্থা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কঠোর। আর পাথর মারার শাস্তি কিন্তু খুব কম ক্ষেত্রেই দেওয়া হয়। যখন কেউ ব্যভিচারের পাশাপাশি ফৌজদারি অপরাধে জড়িত হয়, কেবল তখনই এ ধরনের শাস্তি দেওয়া হয়। কোনো কোনো বিচারক মনে করেন, পাথর মারা মৃত্যুদণ্ডের চেয়ে কম কঠোর শাস্তি। পাথর ছুড়ে মারার অর্থ হচ্ছে, অভিযুক্তের প্রতি সীমিত তীব্রতা নিয়ে সীমিতসংখ্যক পাথর নিক্ষেপ। এ শাস্তিতে ৫০ শতাংশেরও বেশি ক্ষেত্রে দণ্ডপ্রাপ্তের বেঁচে থাকার সম্ভাবনা থাকে।ইরানে কি রাজনৈতিক বন্দী রয়েছে?মোটেও না। এখানে রাজনীতি কারও কারাবরণের কারণ নয়। যেমন, ইরানে কোনো আইনজীবীকে মক্কেলের পক্ষে কাজ করার জন্য কারাবরণ করতে হয় না। কিন্তু মক্কেলের পক্ষে কাজ করার পরিবর্তে অনেকেই এক পশ্চিমা দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ান এবং গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। যদি কেউ ইসলামকে আঘাত করেন বা দেশের নিরাপত্তার জন্য হুমকি হন, তাহলে তিনি কি আইনজীবী, না কৃষক, না কাঠমিস্ত্রি তা কোনো ব্যাপার নয়।ভাষান্তর: কাজী এম আনিছুল ইসলাম