'ঈদের মজা চট্টগ্রামেই'

ক্লোজআপ ওয়ান তারকা অরিন সংসারী হয়ে থিতু হয়েছেন ঢাকায়। বহুজাতিক কোম্পানির চাকরি আর গান নিয়ে এখন মহাব্যস্ত। কিন্তু মন পড়ে থাকে চট্টগ্রামে। ফাঁক পেলেই চট্টগ্রামে একচক্কর ঘুরে যাবেনই। তাহলে এবারের ঈদে কী করবেন? জানিয়েছেন তাঁর ভাবনা।
বিয়ের পর প্রথম ঈদ। কেমন লাগছে?
ব্যাপারটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। আবার খানিকটা চিন্তাও আছে। কারণ, আগে ঈদ কাটিয়েছি নিজের বাসায়। ঈদের দিন ঘুম থেকে উঠতাম দেরিতে। এবার তো আর সেটা হবে না। সকালে উঠেই পরিপাটি হয়ে অতিথি আপ্যায়নে লেগে যেতে হবে। অবশ্য এর মধ্যে একটা মজাও আছে। আরেকটি বড় পাওয়া আমার স্বামী চাকরির কারণে ঢাকায় থাকলেও বাড়ি চট্টগ্রামে। ফলে চট্টগ্রামের ঈদটা আর মিস করতে হচ্ছে না।
ঈদে কেমন মজা চট্টগ্রামে?
ঢাকায় থাকি কাজের জন্য। ঈদের মজা তো চট্টগ্রামেই। নিজের শহর, নিজের সবকিছু। সারা দিন ঘোরাঘুরি। আত্মীয়স্বজনদের বাসায় যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা-বেড়ানো। ইশ! কতই না মজা। এবার ঈদের দিন হয়তো বেরোতে পারব না। তবে পরদিন স্বামীকে নিয়ে বেরিয়ে পড়ব। ইচ্ছেমতো ঘুরব।
চাকরির ব্যস্ততা। গানে কি ভাটা?
শত ব্যস্ততা থাকুক গানের সময় ঠিকই বের করে আনব। আমার জীবনীশক্তি গানেই। ঈদে পাঁচটি মিক্সড অ্যালবামে কাজ করেছি। এগুলো হলো আরেফিন রুমীর ফিচারিংয়ে আদর, জিয়াউদ্দিন আলমের কিছু ভালোবাসা, তারেক আনন্দের প্রেম জোছনা, শাহরিদ বেলালের তোমার চলন ও রেজোয়ান শেখের স্বপ্নঘুড়ি। এ ছাড়া আমার একক অ্যালবামের কাজও এগিয়ে নিচ্ছি। এর মধ্যে পাঁচটি গানের রেকর্ডিং শেষ করেছি। বাকি আরও চারটি। আশা করছি সামনের কোরবানির ঈদে অ্যালবামটি বাজারে আসবে। অবশ্য অ্যালবামের নাম এখনো ঠিক করিনি। সব গান রেকর্ডিং হলে তারপর নাম ঠিক করব।
অ্যালবামের কাজে সময় নিচ্ছেন বেশি?
আমার কাছে সময়ের চেয়ে ভালো গানের গুরুত্ব অনেক বেশি। ভালো কাজ করার জন্য সময় নিয়ে গানগুলো রেকর্ডিং করছি। যাতে শ্রোতারা মনে রাখেন।
সাক্ষাৎকার গ্রহণ: আশরাফ উল্লাহ