'উঁচু স্থানে টিকে থাকতে মানুষকে সাহায্য করে সৎ চরিত্র'

‘মানুষকে উঁচু স্থানে টিকে থাকতে সাহায্য করে সৎ চরিত্র। ব্যক্তির চরিত্রই যদি ঠিক না থাকে, তবে ডিগ্রির পর ডিগ্রি নিলেও তার কোনো মূল্য নেই।’
‘সিআইইউ-রয়েল সিমেন্ট করপোরেট টক’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলেন শিল্প গ্রুপ পিএইচপির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। ১২ নভেম্বর নগরের জামালখানে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, সমস্ত জাতি তোমাদের দিকে চেয়ে আছে। তোমাদের স্বপ্নকে বেগবান করার জন্যই আমি এখানে এসেছি। আমাদের মহান স্বাধীনতাকে অর্থবহ করতে সবাইকে নিবেদিত হয়ে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মানুষের ভেতর অসীম শক্তি রয়েছে। তাকে জাগিয়ে তুলে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর ক্ষমতা সৃষ্টিকর্তা মানুষকে দান করেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী।
ওয়াসিকা আয়েশা খান বলেন, রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে। এটি সমাজেরই একটি অংশ। যাদের দেশপ্রেম আছে তাদের রাজনীতির ব্যাপারেও সচেতন হতে হবে।
মাহফুজুল হক চৌধুরী বলেন, বাস্তব জীবনের মুখোমুখি হওয়ার জন্য পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন ব্যবহারিক জ্ঞান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিআইইউর ব্যবসায় অনুষদের ডিন নুরুল আবসার। উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন এম নুরুজ্জামান, ব্যবসায় অনুষদের উপদেষ্টা এম আইয়ূব ইসলাম, ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান সৈয়দ মনজুর কাদের, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মাহমুদ হাসান, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান রশিদ এ চৌধুরী, কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান, টেলিকম প্রকৌশল বিভাগের চেয়ারম্যান এমরান হারুন প্রমুখ।