‘উইকিপিডিয়ার জন্য কাজ করতে হবে সবাইকে’
‘বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এই অনলাইন বিশ্বকোষের মাধ্যমে বাংলায় জ্ঞান-বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিতে হবে। এখানে অনেকের জন্য তথ্য তুলে ধরতে হবে আমাদের। এতে হয়তো আমাদের ব্যক্তিগত কোনো লাভ হবে না। কিন্তু এতে উপকৃত হবেন বৃহৎ জনগোষ্ঠী।’ গতকাল শনিবার সকালে ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে ক্যাম্পাসে বাংলা উইকিপিডিয়া ‘অসম্মেলনে’ আয়োজিত সেমিনারে মুহম্মদ জাফর ইকবাল এ কথা বলেন। দুই দিনব্যাপী ‘অসম্মেলনে’র দ্বিতীয় দিনের কর্মসূচিতে সেমিনারের বিষয় ছিল, উইকিপিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া। এতে মূল বক্তা ছিলেন বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির প্রসারে নিয়োজিত সংস্থা টিইডিএক্সের কিউরেটর সুমন জাহান। সভাপতিত্ব করেন মুহম্মদ জাফর ইকবাল।মুহম্মদ জাফর ইকবাল আরও বলেন, ‘ভাষার জন্য সবাইকে কাজ করতে হবে। আমাদের তিনটি মা রয়েছে। একজন হচ্ছেন নিজের মা। অপর দুটি মা হচ্ছে মাতৃভাষা ও মাতৃভূমি। এ তিনটি মায়ের জন্যই আমাদের কাজ করতে হবে।’ ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো বাংলা উইকিপিডিয়া অসম্মেলনের আয়োজন করে আইইউবি-চট্টগ্রাম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং উইকিমিডিয়া বাংলাদেশ। দুই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা প্রভৃতি।গত শুক্রবার প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উইকিপিডিয়া অসম্মেলনের আহ্বায়ক মুনির হাসান ‘অসম্মেলনের’ অর্থ তুলে ধরে বলেন, ‘সাধারণ মানুষের অংশগ্রহণে আমরা এ অনুষ্ঠান করব বলে এর নাম দিয়েছি অসম্মেলন। এখানে গতানুগতিকতা মানা হয়নি, সম্মেলনের ধারাবাহিকতাও মেনে চলা হয়নি। আলোচনা, আড্ডা, চিত্র প্রদর্শনী চলেছে একই সঙ্গে। তিনি আরও জানান, বাংলা উইকিপিডিয়া যাত্রা শুরু হয় ২০০৪ সালে। বর্তমানে এতে নিবন্ধের সংখ্যা ২৩ হাজারেরও বেশি। এর নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা প্রায় ২৯ হাজার। এতে প্রতিমাসে সক্রিয়ভাবে কাজ করছেন ২৪৩ জন।উদ্বোধনী দিনে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক যুক্তরাষ্ট্র প্রবাসী রাগীব হাসানের বক্তব্যও পাঠ করে শোনানো হয়। লিখিত বক্তব্যে রাগীব বলেন, ‘বাংলা উইকিপিডিয়ায় জ্ঞান-বিজ্ঞানের নানা বিষয় ছাড়াও আমাদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরার কাজ চলছে।’ নিজস্ব প্রতিবেদক