স্থানীয় সরকার প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়
‘উচ্চবিত্তের পরিবারে গৃহকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা বেশি’
চট্টগ্রামে স্থানীয় সরকার ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন বাসাবাড়িতে কর্মরত কিশোরী গৃহকর্মীদের ওপর উচ্চবিত্ত পরিবারে নির্যাতনের হার বেশি। মধ্যবিত্ত পরিবারে তা অনেকাংশে কম। এই মানসিকতা পরিবর্তনের জন্য বাসাবাড়ির কর্তাদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়। গত শনিবার বেসরকারি সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) তাদের প্রধান কার্যালয়ে ‘কিশোরী গৃহকর্মীদের সুরক্ষা’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে। জাপানভিত্তিক দাতা সংগঠন শাপলা নীড়ের অর্থায়নে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ‘গৃহকর্মীদের অধিকতর নিরাপদ জীবন’ প্রকল্পের ব্যবস্থাপক ইয়াসমিন আকতার সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, জাহানারা বেগম, আনজুমান আরা বেগম, ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, মোরশেদ চৌধুরী, দেশ টিভির চট্টগ্রাম প্রতিনিধি আলমগীর সবুজ, সুপ্রভাত বাংলাদেশের স্টাফ রিপোর্টার আহছানুল কবির রিটন প্রমুখ। সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘আমাদের সমাজে বেশির ভাগ ক্ষেত্রে উচ্চপর্যায়ে কিশোরী গৃহকর্মীরা নির্যাতিত হচ্ছে। গৃহকর্তা পর্যায়ে সচেতনতা কার্যক্রম বাড়ানো গেলে গৃহকর্মীদের নির্যাতনের মাত্রা কমে আসবে।’ তিনি বলেন, গণমাধ্যমে ব্যাপক লেখালেখির ফলে এখন নগরবাসী গৃহকর্মীর ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি সচেতন।