'উচ্চশিক্ষার গতানুগতিক ধারায় পরিবর্তন এসেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষার গতানুগতিক ধারায় পরিবর্তন এসেছে। নতুন বিষয় চালু করার ফলে মেধাবী তরুণ-তরুণীরা আরও দক্ষ হয়ে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখছে। বিষয়টি ইতিবাচক। গুণগত শিক্ষার মান ছড়িয়ে দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানামুখী পদক্ষেপ প্রশংসনীয়।

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) ২০১৬ সালের ফল সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে স্পিকারের বক্তব্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির মানবসম্পদ ও প্রশাসনিক শাখার নির্বাহী পরিচালক আহমেদ সিপারউদ্দীন এ কথা বলেন। ২২ সেপ্টেম্বর সকালে নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি ইডিইউ পরিবারের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আহমেদ সিপারউদ্দীন আরও বলেন, পরিবার থেকে পাঠাগারকেন্দ্রিক পড়ালেখার জন্য মনমানসিকতা গড়ে তুলতে হবে।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের নেতৃত্বে এই প্রতিষ্ঠান উচ্চশিক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা বিশ্বাস করি, এখানকার প্রতিটি শিক্ষার্থী একদিন পাস করে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে।’

অনুষ্ঠানে আগত ছাত্রছাত্রীদের কাছে মোজাফরনগর এলাকায় নির্মাণাধীন ইডিইউর স্থায়ী ক্যাম্পাসের শেষ পর্যায়ের কাজের চিত্র তুলে ধরেন ডিরেক্টর অ্যান্ড প্ল্যানিং শাফায়েত চৌধুরী। অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর শামস-উদ-দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া প্রমুখ। পরে আহমেদ সিপারউদ্দীনের হাতে ক্রেস্ট তুলে দেন উপাচার্য। বিজ্ঞপ্তি।