'উচ্ছ্বাস' নিয়ে উচ্ছ্বাস
বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন ভাইয়ের নির্দেশনা অনুযায়ী ভৈরবসভার দেয়ালিকা ‘উচ্ছ্বাস’ প্রকাশ করা হয় ১৯ আগস্ট বেঁধে দেওয়া সময়য়ের মধ্যেই। বিকেলে প্রথম আলো ভৈরব কার্যালয়ে হয়ে যায় এর একটি প্রকাশনা উত্সবও। উন্মুক্ত হওয়ার পর থেকে ‘উচ্ছ্বাস’ নিয়ে বন্ধুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কোন কোন বন্ধুর কবিতা, গল্প, কিংবা কৌতুক স্থান পেল। কার লেখাটি কেমন হলো—এ নিয়ে চলে লম্বা আলোচনা।
দেয়ালিকাটিতে স্থান পেয়েছে ৩০ জন বন্ধুর লেখা। এর মধ্যে কবিতাই বেশি। তার আগে দেয়ালিকা প্রকাশের জন্য গঠন করা হয় পাঁচ সদস্যের সম্পাদনা পর্ষদ। লেখা সংগ্রহ, বাছাই, সম্পাদনা এবং চূড়ান্ত রূপ দিতে সম্পাদনা পর্ষদকে টানা সাত দিন কাজ করতে হয়।
এত সুন্দর একটি প্রকাশনা শুধু বন্ধুসভার নির্ধারিত সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রাখাটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছিল না। শেষে সিদ্ধান্ত হয় দেয়ালিকার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে এটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হবে।
সোমবার নিয়ে যাওয়া হয় রফিকুল ইসলাম মহিলা কলেজে। কলেজে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অধ্যক্ষ শরীফ আহমেদ বন্ধুসভার টিমকে স্বাগত জানান। ক্লাসে ক্লাসে ঘোষণা দেওয়ামাত্র অসংখ্য শিক্ষার্থী লেখা পড়তে ভিড় জমায়। অনেকে লিখে নিয়ে যায় কবিতা। আবার অনেকে মন্তব্য খাতায় নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে।
অধ্যক্ষ শরীফ আহমেদ লেখেন, দেয়ালিকা প্রকাশের সঙ্গে যুক্ত না হয়ে সৃজনশীলতার বিকাশ সম্ভব নয়। তিনি লেখেন, একসময় এর চর্চা ছিল। এখন নেই। বন্ধুসভা নতুন করে জাগরণ সৃষ্টি করল। এর মাধ্যমে এখনকার শিক্ষার্থীরা অন্তত দেয়াল পত্রিকা কী এবং ধরন সম্পর্কে ধারণা পাবে।
তানিয়া নামে এক শিক্ষার্থী লিখেছে, ‘লেখা পড়ে প্রেরণা পেলাম।’ মৌসুমি লিখেছে, কবিতাগুলো খুব ভালো। সীমার সহজ সরল মন্তব্য, ‘জীবনে প্রথমবারের মতো দেয়ালিকা দেখলাম। সুযোগটি করে দেওয়ায় বন্ধুসভাকে ধন্যবাদ।’ এ রকম অন্তত ২৫ জন শিক্ষার্থীর মন্তব্য ছিল দেয়াল পত্রিকাটি সম্পর্কে।
দুই দিন পর দেয়ালিকাটি নিয়ে যাওয়া হয় হাজী আসমত আলী কলেজে। কলেজের অধিকাংশ শিক্ষার্থী চোখ রাখে দেয়ালিকাটিতে। শিক্ষকেরাও এক নজর দেখে যান। মন্তব্য বইয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ক মোবারক আলী লেখেন, দেয়ালিকা হলো সাহিত্য চর্চার প্রথম ধাপ।
দেয়ালিকা প্রকাশকে বন্ধুসভার সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন বাংলা বিভাগের প্রভাষক পান্না সুলতানা।
সৈকত নামে এক শিক্ষার্থীর মন্তব্য, দেয়ালিকা কী? দেখলাম এবং লেখা পড়ে আনন্দ পেলাম। এ জন্যই বন্ধুসভা নামটির এত কদর।
উচ্ছ্বাস নিয়ে দুটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখে কর্মীদের মধ্যে বাড়তি অনুপ্রেরণা তৈরি হয়। সিদ্ধান্ত হয় আগামী এক সপ্তাহের মধ্যে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ এবং শহীদুল্লাহ কায়সার কলেজেও উন্মুক্ত করা হবে ‘উচ্ছ্বাস’।