গতকাল ছিল কবিয়াল রমেশ শীলের ৪৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি
‘উদাসী করিলে রমেশের প্রাণ’
‘উৎসাহ আর ভয়/লজ্জাও কম নয়/কেবা থামাইবে কারে?/পুঁচকে ছোঁড়া সত্য মানি/শিশু ধ্রুব ছিল জ্ঞানী/চেনাজানা হোক না এ আসরে...।’ রমেশ শীলের জীবনে কবিগানের প্রথম পদ এটি।বড় ঠেকায় পড়ে সেদিন কবিগানের মঞ্চে উঠেছিলেন তরুণ রমেশ। তার ওপর প্রারম্ভিক পরিচয়দানের পালাতেই বিপক্ষের কবিয়াল তাঁকে কষে গালি দিয়েছিলেন, গানে গানে। ঘটনাটা তাহলে খুলেই বলা যাক—চট্টগ্রাম শহরের সদরঘাট এলাকায় জগদ্বাত্রী পূজায় জাঁকজমকপূর্ণ কবিগান ও যাত্রাপালার আয়োজন হতো। সম্ভবত ১৮৯৭ সালে রমেশ শীল প্রথম জগদ্বাত্রী পূজায় গান শুনতে আসেন। সেদিন কবিয়াল চিন্তাহরণ ও মোহনবাঁশীর গানের জোটক দারুণ উপভোগ করলেন তিনি। পরের বছরও জগদ্বাত্রী পূজার কবিগান শুনতে এলেন রমেশ। মঞ্চে আবার মুখোমুখি দুই কবিয়াল—চিন্তাহরণ আর মোহনবাঁশী। কিন্তু এবার ঘটল বিপত্তি, শুরুতেই বৃদ্ধ চিন্তাহরণের গলা বসে গেল। পদ শোনা যায় না। তখন কিন্তু এখনকার মতো মাইক বা শব্দযন্ত্র (সাউন্ড সিস্টেম) ছিল না, শিল্পীদের ভরাট কণ্ঠ কাঁপিয়ে দিত চারদিক, মাতিয়ে তুলত দর্শকদের। একজন কবিয়াল দিয়ে তো আর কবিগান হয় না! উদ্যোক্তারা ঘোষণা করলেন—‘আসরে অন্য কোনো কবিয়াল উপস্থিত থাকলে মঞ্চে আসুন।’ রমেশ শীল টুকটাক কবিগান করেন, কিন্তু জগদ্বাত্রী পূজায় গাইবেন তা স্বপ্নেও ভাবেননি। কিন্তু যা ভাবেননি স্বপ্নে, তাই করতে হলো বাস্তবে—বন্ধুরা অনেকটা জোর করে মঞ্চে তুলে দিলেন রমেশকে। সেদিন কবিগানের বিষয় ছিল শূর্পণখা বনাম মধুদৈত্য, রামায়ণ থেকে নেওয়া গল্প। মোহনবাঁশী নিয়েছেন মধুদৈত্যের পক্ষে। প্রারম্ভিক পরিচয়দানের পালাতেই প্রতিষ্ঠিত কবিয়াল মোহনবাঁশী রমেশ শীলকে অশোভনভাবে আক্রমণ করেন ‘পুঁচকে ছোড়া’, ‘নাপিত’ ইত্যাদি বলে।পাল্টা দিলেন রমেশ শীল, ‘...চেনাজানা হোক না এ আসরে।’ সুরে আর কথায় বিতর্ক শুরু হলো। রাত কেটে গেল, পরদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো কেউ কাউকে হারাতে পারছেন না। শেষে হলো আপসমূলক জোটক। রমেশ শীলকে পুরস্কারস্বরূপ নগদ টাকা দেওয়া হলো। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল রমেশ শীলের নাম। কবিগানের ক্ষেত্রে কিংবদন্তির নায়ক, মরমি গানের ধারায় ভান্ডারি গানের সংযোজক, চট্টগ্রামের আঞ্চলিক গানের নতুন জীবনদাতা এক অসামান্য মানুষের নাম রমেশ শীল। দীর্ঘ ৬০ বছর বাংলার হাটে-মাঠে-ঘাটে কবিগান করেন তিনি।সৈয়দ মোহাম্মদ শাহেদ সম্পাদিত বাংলা একাডেমী প্রকাশিত রমেশ শীল রচনাবলীর ভূমিকায় কবিয়ালসম্রাটকে এমনই অভিধা দেওয়া হয়েছে। রমেশ শীলের গানে স্বাধীনতার আকাঙ্ক্ষা মূর্ত হয়ে ওঠে। সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে, কৃষক-মজুর-শ্রমিকের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গান লিখেছেন তিনি। রমেশ শীলের জন্ম বাংলা ১২৮৪ সনের ২৬ বৈশাখ, ইংরেজি ১৮৭৭ সালে বোয়ালখালীর গোমদণ্ডী গ্রামে। বাবা চণ্ডীচরণ শীল, মা রাজকুমারী দেবী। ১৯৬৭ সালের ৬ এপ্রিল তিনি পরলোকগমন করেন। প্রতিবছর রমেশ শীলের মৃত্যুবার্ষিকীতে তিন দিনের ‘রমেশ মেলার’ আয়োজন করা হয় গোমদণ্ডীতে। গণ্ডগ্রাম গোমদণ্ডীর রমেশের কবিয়ালসম্রাট হয়ে ওঠার গল্পটা বেশ চমকপ্রদ। খুব ছোটবেলা থেকেই গান-বাজনার প্রতি অতি আগ্রহ ছিল রমেশের। রমেশ শীল কয়েকজন সমবয়সীকে নিয়ে বাড়ির দেউড়িতে তরজা গানের আসর বসাতেন। প্রতিবেশীরা ছিলেন এ গানের শ্রোতা। বাবার আকস্মিক মৃত্যুতে অল্প বয়সে সংসারের ভার পড়ে তাঁর ওপর। অভাবের কারণে পড়ালেখা বেশিদূর এগোয়নি। রমেশ শীলের ভাষায় ‘এ হলো শিক্ষা আমার/প্রাইমারি পরীক্ষা ভাগ্যে না জুটিল আর।’ কবিগান করতে হলে চাই শাস্ত্রজ্ঞান। রমেশ শীল বিস্তর পড়াশোনা শুরু করলেন। ১৮৯৯ সালের কবিগানের এক চ্যালেঞ্জে পরপর তিনজন কবিয়ালকে পরাজিত করেছিলেন রমেশ শীল। ঘোড়ার গাড়িতে করে তাঁকে আসরে নিয়ে যাওয়া হয়েছিল। সম্মানী হিসেবে দেওয়া হয়েছিল নগদ আট টাকা, পুরস্কার পাঁচ টাকা। ১৯৩৮ সালে বাংলা কবিগানের ইতিহাসে প্রথম ‘রমেশ উদ্বোধন কবি সমিতি’ গঠিত হয়। রমেশ শীলই প্রথম কবিগান থেকে অশ্লীলতা দূর করে এখানে জীবনঘনিষ্ঠ বিষয় যুক্ত করেন। আগে কবিগান ছিল পুরাণ ও মিথভিত্তিক। এতে আদিরসের যথেচ্ছা ব্যবহার হতো। কিন্তু রমেশ শীল কবিগান করলেন ধন-বিজ্ঞান, যুদ্ধ-শান্তি, চাষি-মজুদদার, স্বৈরতন্ত্র-গণতন্ত্র বিষয়ে। রমেশের অমর সৃষ্টি মাইজভান্ডারি গান। ‘ইশকুল খুইলাছে রে মাওলা ইশকুল খুইলাছে’, ‘কত খেলা জান রে মাওলা’ কিংবা ‘আমার ভাবের ঘরে আগুন দিল কে রে’ গানগুলো প্রেমের মহিমায় উজ্জ্বল হয়ে আছে। মাইজভান্ডারের প্রেমে মজে তিনি লিখেছিলেন অমর পঙিক্ত—‘...ভান্ডারে বসি বাজালে বাঁশী/উদাসী করিলে রমেশের প্রাণ।’ রমেশ শীলের লেখা আঞ্চলিক গান গেয়ে দেশ মাত করেছেন শেফালী ঘোষসহ অনেকে।রমেশ শীল কবিগানের দল নিয়ে চট্টগ্রামের বাইরে প্রথম বর্ধমানের হাটগোবিন্দপুরে যান ১৯৪৫ সালে। ওই বছর কলকাতায় অনুষ্ঠিত ‘ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘ’-এর তৃতীয় বার্ষিক সম্মেলনে কবিগান করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পুরস্কারধন্য শেখ গোমানীর সঙ্গে। ওই আসরে রমেশ শীলের সহকারী ছিলেন ফণী বড়ুয়া, ঢোলকে বিনয়বাঁশী। সম্মেলনের উদ্যোক্তা ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়সহ অন্যরা। সেই আসরে গান আপসমূলক জোটক দিয়ে শেষ হলেও শ্রোতারা রমেশ শীলকে অভিনন্দিত করেন জয়ীপক্ষ হিসেবে। কলকাতার সংবাদপত্রে লেখা হলো রমেশগাথা। শেখ গোমানীর বিরুদ্ধে বিজয়ী হওয়ায় কলকাতার মানুষের মনে রাতারাতি নায়কের আসনে বসে গেলেন রমেশ শীল। ১৯৪৮ সালে কলকাতায় শ্রদ্ধানন্দ পার্কে কবিগানের আসরে রমেশ শীলকে ‘বঙ্গের শ্রেষ্ঠ কবিয়াল’ উপাধি দেন উদ্যোক্তারা। ১৯৬৩ সালনাগাদ জীবনের শেষ কবিগানে অংশ নেন তিনি। বাবার স্মৃতি এখনো জ্বলজ্বলে রমেশ-তনয় পুলিন বিহারী শীলের। ‘বাবা গান-কবিতা, যা-ই লিখতেন সেগুলো কাপড়ের পুঁটলি বেঁধে সংরক্ষণ করতেন। বাবার মৃত্যুর পর আমরাও গানগুলো সংরক্ষণ করতাম। এ রকম পুঁটলি ছিল ১৮টি। টাকার অভাবে পাণ্ডুলিপিগুলো মুদ্রিত হয়নি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বাড়িতে আগুন দেয়। পালানোর আগে আমি একটিমাত্র পুঁটলি সঙ্গে নিতে পেরেছিলাম। বাকি ১৭টি পুড়ে ছাই হয়ে যায়। রাজাকাররা বাবার হারমোনিয়ামটাও লুট করে।’ বঙ্গের শ্রেষ্ঠ কবিয়াল রমেশ শীলের সমাধিতে সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপনের ঘোষণা দিয়েছিলেন সাবেক মন্ত্রী এম মোরশেদ খান ও আব্দুল্লাহ আল নোমান। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। রমেশ শীল স্মৃতি সংসদের সভাপতি আবুল ফজল তাই বলেন, ‘প্রতিশ্রুতি নয় কবিয়ালের স্মৃতি সংরক্ষণ করা হোক।’